আঙ্কেল ও কাঙ্কেলের মিশ্রণ

অলংকরণ: রাকিব রাজ্জাক

তখন সবে নার্সারিতে পড়ি। একটি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হয়েছি। থাকতাম চাঁদপুরে। স্কুলে ছিল ভালো ও খারাপ ছাত্রের মিশ্রণ। একই ক্লাসে কারও ফলাফল খুবই ভালো ছিল। আবার কেউ ইংরেজি অক্ষরগুলোও ভালোমতো জানত না। একদিন ক্লাসের একটি ঘটনা। শিক্ষক বিভিন্ন বাংলা শব্দের ইংরেজি অর্থ পড়াচ্ছিলেন। একপর্যায়ে তিনি পড়ালেন চাচা, মামা, খালু, ফুফা এর ইংরেজি হচ্ছে আঙ্কেল। আর কঙ্কালের ইংরেজি স্কেলিটন। ক্লাসে একটি ছাত্র ছিল। যাকে পড়া জিজ্ঞেস করলে সে খুব কম সময়ই পড়া পারত। হঠাৎ করে শিক্ষক তাকে জিজ্ঞেস করলেন, ‘চাচা, মামা, খালু, ফুফা ইংরেজি কী?’ ছাত্রটি ইংরেজি ও বাংলার সার্থক মিশ্রণ করে বলল, ‘কাঙ্কেল’। তবে তার সেই সার্থক মিশ্রণ করা উত্তরে সেদিন ক্লাসের সবাই হো হো করে হেসে দিয়েছিল।