আজ কিশোর আলো হাতে পেলাম। পুরো বই উল্টেপাল্টে দেখলাম, কিন্তু কোথাও আমার নাম নেই। তাই হতাশ হয়ে বই নিয়ে রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি, ভাগ্য এত খারাপ? হঠাৎ শক্ত কিছু একটার সঙ্গে হোঁচট খেলাম। পায়ের নিচে দেখি একটা চেরাগ পড়ে আছে। তুলে বাসায় নিয়ে এসেই চেরাগে দিলাম এক ঘষা। হঠাৎ চেরাগ থেকে নীল রঙের এক দৈত্য বেরিয়ে এল। একটু ভয় পেলাম আমি। দৈত্য বলল, ‘বলুন হুজুর, আমি আপনার জন্য কী করতে পারি?’ আমি বললাম, ‘তুমি কি আলাদিনের সেই দৈত্য?’ দৈত্য বলল, ‘হ্যাঁ। আমি আপনার যেকোনো একটা ইচ্ছা পূরণ করব।’
আমি বললাম, ‘কীহ? তুমি না আগে তিনটা ইচ্ছা পূরণ করতে।’ দৈত্য বলল, ‘হুজুর, কী করব! অফার একটু বেশি হয়ে যায়। তাই এখন একটাই করি।’
অনেক চিন্তা করলাম। কী চাইব এই দৈত্যের কাছে? হাতের কাছে কিশোর আলো দেখে একটা ইচ্ছা বললাম দৈত্যকে, ‘আমার ইচ্ছা হলো কিশোর আলোয় আমার কবিতা অথবা গল্প ছাপা হোক।’ দৈত্য বলল, ‘আচ্ছা, সামনের মাসে আপনার কবিতা বা গল্প নিশ্চয়ই ছাপবে।’ এই কথা বলে দৈত্য চেরাগে ঢুকে উধাও হয়ে গেল। এখন দেখছি দৈত্যটা বেশ কাজের।