বাঁধাকপি ফুলকপিকে বলে, ‘দেখ তো পিচ্চি স্ট্রবেরিটা কাঁদছে কেন?’
‘ওদের মা– বাবাকে জেলি করে বয়ামে রেখে দিয়েছে তো, তাই আরকি।’, ফুলকপি বলে।
‘সারা জীবনে তুমি কয়টা বই পড়েছ?’, মিলনকে জিজ্ঞেস করে তৃণা।
‘জানি না এখনো। আমি এখনো মারা যাইনি, কাজেই।’, মিলন কৈফিয়তের ভঙ্গিতে বলে।
তিন পাগল একসঙ্গে বসে গল্প করছে।
১ম পাগল: পুরো এশিয়া মহাদেশ আমার।
২য় পাগল: পুরো পৃথিবীটাই আমার।
৩য় পাগল: তোরা সবকিছু তোদের বলছিস কেন? আমি কি তোদের কাছে এগুলো বিক্রি করেছি?
ইতিহাস বইয়ে আঁকিবুঁকি করছিল সুমন। এই দেখে মা রাগত স্বরে তাকে জিজ্ঞেস করে, ‘অ্যাই, কী করছিস?’
সুমন গম্ভীর ভঙ্গিতে বলে, ‘ইতিহাসের পাতায় চিহ্ন রেখে যাচ্ছি।’
দুই ভিক্ষুকের কথোপকথন
১ম ফকির: আইজকা মতিঝিলে একখান ১০০ টাকার নোট কুড়ায়ে পাইছিলাম।
২য় ফকির: কস কী? তোর তো দেখি বিরাট ভাগ্য।
১ম ফকির: আরে না, নোটখান জাল আছিল, তাই ফালাইয়া দিছি।
২য় ফকির: জাল আছিল, তুই ক্যামনে বুঝলি?
১ম ফকির: তুই কোনো দিন ১০০ টাকার নোটে এক-এর পরে তিনটা শূন্য দেখছস?
আসিফ ও তার বাবার কথোপকথন
আসিফ: বলো তো বাবা, সবচেয়ে হাসিখুশি প্রাণী কোনটা?
বাবা: কোনটা?
আসিফ: হাতি। হাতি হচ্ছে সবচেয়ে হাসিখুশি প্রাণী।
বাবা: কেন, হাতি কেন সবচেয়ে হাসিখুশি প্রাণী?
আসিফ: দেখো না, হাতি সব সময় দাঁত বের করে থাকে।