হতভাগা

অলংকরণ: সাদমান মুন্তাসির

আমি তখন ক্লাস থ্রি কি ফোরে পড়ি। স্কুলের হেড স্যার ছিলেন খুবই কড়া। ক্লাসে দুষ্টুমি করলেই স্যাররা হেড স্যারের রুমে পাঠিয়ে দিতেন শাস্তির জন্য। একদিন আমি আর আমার এক বন্ধু ক্লাসে বসে গল্প করছিলাম। হঠাৎ স্যার আমাদের গল্প করতে দেখে ফেললেন। তারপর বললেন হেড স্যারের রুমে যেতে। সত্যিই আমরা তাঁর রুমে যাচ্ছি কি না, তা দেখার জন্য স্যার ক্লাসের আরেকটা ছেলেকে পাঠালেন আমাদের পেছনে। কিন্তু ছেলেটা আমাদের আগেই হেড স্যারের রুমে ঢুকে গেল। দুষ্টুমি করে ধরা পড়া কোনো ছাত্র ছাড়া অন্য কোনো ছাত্র সাধারণত হেড স্যারের রুমে ঢোকে না। স্যার ভাবলেন ওই ছেলেটাও কিছু একটা করেছে। ওকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই ৩০ বার কান ধরে উঠ-বস এবং ১০ মিনিট নীল ডাউন করিয়ে রাখলেন স্যার। আমাদের দুজনেরও একই শাস্তি হয়েছিল। কিন্তু ছেলেটা বিনা দোষে শাস্তি পেল। সেদিন থেকে আমরা ওকে ‘হতভাগা’ বলে ডাকি। ‘হতভাগা’ এখনো আমাদের সঙ্গে একই ক্লাসে পড়ে।