তুমি একটু গণিতের কারসাজি করে তোমার বন্ধুর বয়স জেনে নিতে পারো। অনেকেই নিজের বয়স বলতে দ্বিধা করে। তাদের থেকে এই কৌশলে জেনে নিতে পারো বয়স। আবার এ কৌশল ব্যবহার করে চমকে দিতে পারো তোমার বন্ধুদের। তবে তাদের বয়স হতে হবে অবশ্যই ৯ বছরের বেশি।
ধাপ ১
বন্ধুর বয়সের প্রথম অঙ্কটিকে ৫ দিয়ে গুণ করে যোগ করতে হবে ৩।
এবার যোগফলকে দ্বিগুণ করে বয়সের দ্বিতীয় অঙ্কটি যোগ করতে হবে।
ধাপ ২
এবার তোমার বন্ধুর কাছে যোগফল দেখতে চাও। সে তোমাকে যোগফল দেখালে তুমি অভিনয় শুরু করবে। আঙুল গুনে বা মনে মনে নানা রকম যোগ–বিয়োগ করার চেষ্টা করছ, এটা তোমার বন্ধুকে বোঝাবে। কিন্তু আসলে তুমি ওই যোগফল থেকে মাত্র ৬ বিয়োগ করবে। তাহলেই বন্ধুর বয়স পেয়ে যাবে।