অ্যাভাটারকে পেছনে ফেলে আবার শীর্ষে এন্ডগেম

বক্স অফিসে সর্বোচ্চ আয় করা সিনেমার নামটা বদলে গেল আবারও। জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’কে পেছনে ফেলে আবারও শীর্ষে উঠে এল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। এখন পর্যন্ত ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ সিনেমার আয় প্রায় ২৯২ কোটি ৫৫ লাখ ডলার। বাংলাদেশি টাকায় প্রায় ৩৫ হাজার ৯৪১ কোটি ৬৬ লাখ টাকা। আর ‘অ্যাভাটার’ নেমে এসেছে দ্বিতীয় স্থানে, তাদের আয় প্রায় ২৯২ কোটি ৩৭ লাখ ডলার। হলিউডের ইতিহাসে এখন সবচেয়ে বেশি আয় করা সিনেমা সুপারহিরো জগতে তাক লাগিয়ে দেওয়া সিনেমা।

আবার এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে ‘এন্ডগেম: এনকোর’। সিনেমা হলে আবার মুক্তি পেয়েছে সিনেমাটি। ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমাকে কেন্দ্র করে নতুন করে কয়েক মিনিটের ক্লিপসহ মুক্তি দেওয়া হয়েছে সিনেমাটি। সাত বছর আগে মুক্তি পাওয়া সিনেমার গল্প অনেকেই হয়তো ভুলে গিয়েছেন। তাই তো মার্ভেল দর্শকদের আবার মনে করিয়ে দিল সিনেমার গল্পটা। সেই সঙ্গে অ্যাভেঞ্জার্সদের নতুন ভিলেন ডক্টর ডুমের আসার ইঙ্গিতও দিয়ে গিয়েছে সিনেমাটি। ‘এন্ডগেম’ সিনেমার দুই পরিচালক অ্যান্থনি রুশো ও জো রুশোই বানাচ্ছেন ডুমসডে সিনেমাটি।

‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’–এর পোস্টার। আইএমডিবি

অবশ্য এন্ডগেমের শীর্ষে উঠে আসার ঘটনা এবারই প্রথম নয়। ২০১৯ সালে মুক্তির সময়েই অ্যাভাটারের রেকর্ড পড়ায় ভেঙে ফেলেছিল তারা। অ্যাভাটারকে পেছনে ফেলতে দ্বিতীয়বারের মতো সিনেমাহলে মুক্তি পেয়েছিল এন্ডগেম। অ্যাভাটারও পিছু হটেনি, বেশ কয়েকবার পুনরায় প্রেক্ষাগৃহে মুক্তি দিয়ে ফেরত নেয় সেই রেকর্ড। মার্ভেলও সুযোগ বুঝে আবারও এক নম্বর জায়গাটা দখল করে নিল।

আরও পড়ুন

মুক্তির প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহে ‘এন্ডগেম এনকোর’-এর আয় বেশ কমে যায়। প্রথম সপ্তাহে ছবিটি প্রায় ২ কোটি ৬১ লাখ ডলার আয় করেছিল। কিন্তু দ্বিতীয় সপ্তাহে আয় ৮১ শতাংশ কমে দাঁড়ায় মাত্র ৪৪ লাখ ডলারে। তবে আয় কমলেও রেকর্ড বইয়ে আবার শীর্ষে ফেরার জন্য এটুকুই যথেষ্ট ছিল।

উত্তর আমেরিকার বাজারে ‘এন্ডগেম’ মুভির আয় এখন প্রায় ৮৯ কোটি ৪৬ লাখ ডলার। ফলে এটি উত্তর আমেরিকার ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ আয় করা মুভি হয়ে উঠেছে। এই তালিকায় প্রথম দুটি স্থানে আছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। আয় প্রায় ৯৫ কোটি ৪৪ লাখ ডলার। আর ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেনস’ আয় প্রায় ৯৩ কোটি ৬৬ লাখ ডলার।

উত্তর আমেরিকার বাইরে বা আন্তর্জাতিক বাজারে ‘এন্ডগেম’-এর আয় ২০০ কোটি ডলার ছাড়িয়ে ২০৩ কোটি ডলারে পৌঁছেছে। এটি আন্তর্জাতিক বক্স অফিসের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আয়। নতুন করে সিনেমা হলে মুভিটি আবার মুক্তি দেওয়ায় বাইরের দেশের দর্শক বেশ আগ্রহ নিয়ে এটি দেখেছেন।

আবার মুক্তির পর বিশ্বজুড়ে দ্বিতীয় সপ্তাহে মুভিটি আরও ১ কোটি ৮৮ লাখ ডলার আয় করেছে। এর মধ্যে ৫২টি দেশ থেকে এসেছে ১ কোটি ৪৪ লাখ ডলার। সব মিলিয়ে হলে আসার পর বিশ্বজুড়ে মুভিটি ১২ কোটি ৬০ লাখ ডলার আয় করে ফেলেছে। এর মধ্যে উত্তর আমেরিকা থেকে এসেছে ৩ কোটি ৬২ লাখ ডলার এবং অন্যান্য দেশ থেকে এসেছে ৮ কোটি ৯৮ লাখ ডলার।

আরও পড়ুন

লাতিন আমেরিকার দেশ মেক্সিকোতে আয় ৬১ লাখ ডলার, ব্রাজিলে আয় ৩১ লাখ ডলার এবং কলম্বিয়া, পেরু ও প্যারাগুয়েতে এই মুভির আবার মুক্তির পর সবচেয়ে বেশি আয় করা ছবির রেকর্ড গড়েছে। এ ছাড়া এশিয়ায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ভারতেও আয় করেছে ৩৮ লাখ ডলার।

১ মার্চ বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে ‘ডিউন: পার্ট টু’
স্টার সিনেপ্লেক্সের সৌজন্যে

মার্ভেলের এই পুরো আয়োজনকে বলা যায় নতুন মুভি ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র জন্য একধরনের প্রস্তুতি। মার্ভেলের এই নতুন মুভিটি আগামী ১৮ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাবে। একই দিনে মুক্তি পাবে সায়েন্স-ফিকশন ঘরানার আরেক বড় মুভি ‘ডিউন: পার্ট থ্রি’। একই দিনে বিশাল বাজেটের দুটি মুভি মুক্তি পাওয়ায় বক্স অফিসে দারুণ হাড্ডাহাড্ডি লড়াই দেখার সুযোগ পাবেন দর্শকেরা।

তবে এন্ডগেম আর অ্যাভাটারের লড়াইটা এখানেই কিন্তু শেষ নয়। কারণ, অ্যাভাটারের চতুর্থ পর্ব মুক্তি পেলে মুভিটি আবারও সিনেমা হলে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তখন হয়তো তারা আবার এন্ডগেমকে টপকে এক নম্বর জায়গাটি ফেরত পেয়ে যেতে পারে। যত দিন যাবে, হলিউডের ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা দুই সিনেমার লড়াইটা চলতে থাকবেই।

সূত্র: ইয়াহু এন্টারটেইনমেন্ট, ডেডলাইন
আরও পড়ুন