যেভাবে দেখবে এমসিইউ
মার্ভেলের এত সব গল্প, রংবেরঙের চরিত্র আর ইতিহাস শুনে তোমারও ইচ্ছা হতে পারে রঙিন দুনিয়ায় ঢুঁ মেরে দেখতে। যাদের ইতিমধ্যে মার্ভেলে হাতেখড়ি হয়েছে, তারা তো জানোই। কিন্তু যারা এখনো মার্ভেলের মুভির সঙ্গে পরিচিত নও, তাদের কী হবে? বিশাল দুনিয়ার গল্প কীভাবে উপভোগ করবে তুমি? ১৩ বছরের জমানো গল্প কি এক বসায় শেষ করা সম্ভব? কোত্থেকেই–বা শুরু করবে, কোথায় গিয়েই–বা থামবে? তাদের জন্যই এ লেখা।
মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স পুরোটাই গড়ে উঠেছে ভিজ্যুয়াল মিডিয়ার ওপর। বড় পর্দা দিয়ে শুরু হলেও মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ডালপালা এখন ছড়িয়ে আছে টিভি স্ক্রিন থেকে ইউটিউবের জগতেও। মার্ভেলের বিশাল কনটেন্টকে মোট তিন ভাগে ভাগ করা সম্ভব। মুভি, টিভি সিরিজ ও স্পেশালস। পৃথিবীজুড়ে একযোগে বড় পর্দায় মুক্তি পায় মার্ভেলের মুভিগুলো। আর মার্ভেলের টিভি সিরিজগুলো মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাসে। বাকি রইল স্পেশালস। মার্ভেলের স্পেশালস-এর মধ্যে রয়েছে ওয়ান–শটস, শর্টস, স্পেশাল প্রেজেন্টেশন ইত্যাদি। কোনো দুটি মুভির মাঝে ঘটে যাওয়া ঘটনাকে তুলে আনা হয়েছে স্পেশালসে, যা মার্ভেলের দুনিয়াকে করে তুলেছে আরও সমৃদ্ধ।
এ ছাড়া এমসিইউর পথচলার শুরু থেকেই প্রকাশিত হয়ে চলেছে টাই-ইন কমিকস। দুই মুভির মাঝে ঘটে যাওয়া ঘটনাপ্রবাহ নিয়েই লেখা হয় টাই-ইন কমিকসগুলো। বেশির ভাগ সময়ই মার্ভেলের এই কমিকসগুলো থেকে যায় সাধারণ দর্শকের অন্তরালে। মুভির প্রমোশনের জন্য মাঝেমধ্যেই তৈরি করা হয় প্রমোশনাল ওয়েবসাইট অথবা বই। স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম মুভির জন্য ‘দ্য ডেইলি বিউগল’ ওয়েবসাইট ও ফ্ল্যাশপয়েন্ট বই। স্কট ল্যাংয়ের আত্মজীবনী লুক আউট ফর দ্য লিটল গাই জনসাধারণের জন্য উন্মুক্ত থাকলেও এমসিইউর টাইমলাইনে এর তেমন প্রভাব নেই বললেই চলে।
মার্ভেল তাদের ইউনিভার্সকে কয়েকটি ফেজে ভাগ করেছে। প্রতিটি ফেজের একটি নির্দিষ্ট থিম ও ভিলেন থাকে। আর কয়েকটি ফেজ নিয়ে বলা হয় একটি সাগার গল্প। প্রথম তিন ফেজ ধরে চলেছে ইনফিনিটি সাগার গল্প। সেই গল্প শেষে এখন চলছে মাল্টিভার্স সাগার গল্প। এখন পর্যন্ত ৫টি ফেজে মার্ভেল মুক্তি দিয়েছে মোট ৩৩টি মুভি, ৮টি টিভি সিরিজ, ৩টি ওয়েব সিরিজ। এক বসায় যদি মার্ভেলের প্রতিটি কনটেন্ট দেখতে চাও, তবে তোমাকে ব্যয় করতে হবে প্রায় ৭ হাজার ৬০০ মিনিট! ঘণ্টার হিসাবে ১২৬ ঘণ্টা, টানা ৫ দিন ৬ ঘণ্টা।
এ তো গেল মুক্তি পাওয়া কনটেন্টের কথা। ৯ জানুয়ারি আসছে মার্ভেলের প্রথম ম্যাচিউর টিভি সিরিজ ইকো। যা দেখতে তোমার বয়স হতে হবে অন্তত ১৭! এ ছাড়া আগামী তিন বছরে মুক্তির অপেক্ষায় থাকা প্রতিটি মুভি ও সিরিজের নাম ও মুক্তির তারিখ ইতিমধ্যে ঘোষণা করে ফেলেছেন কেভিন ফাইগি। তোমার শুরুটা হয়ে যেতে পারে আজই।