পারমাণবিক বর্জ্য কি মহাশূন্যে ফেলা যায় না?

পারমাণবিক চুল্লিতে ব্যবহারের পর অবশিষ্ট তেজস্ক্রিয় পদার্থ, যাকে আমরা বলি পারমাণবিক বর্জ্য, সেগুলো খুব বিপজ্জনক। কারণ, এসব পদার্থ থেকে স্বল্পমাত্রায় হলেও পারমাণবিক বিকিরণ ঘটতে থাকে, যা মানুষের জন্য হুমকি। তাই এগুলো বিশেষ ব্যবস্থায় মাটির গভীরে এমনভাবে পুঁতে রাখা হয়, যেন বাইরে বিকিরণ না ঘটে। সমুদ্রের নিচে পারমাণবিক বর্জ্য সমাহিত করার বিষয়েও চিন্তাভাবনা করা হয়। কিন্তু এসব ব্যবস্থা সম্পূর্ণ নির্ভরযোগ্য কি না, তা নিয়ে সন্দেহ আছে। তাহলে কি মহাশূন্য নিরাপদ? কারণ, আমাদের সূর্যের ভেতরেও তো অনেক তেজস্ক্রিয় বিকিরণ ঘটছে, যা পৃথিবী পর্যন্ত পৌঁছায় না বলে ক্ষতির আশঙ্কা কম। আমরা যদি পারমাণবিক বর্জ্য ওদিকে পাঠিয়ে দিতে পারি, তাহলে পৃথিবী নিরাপদ থাকবে বলে কেউ ভাবতে পারেন। কিন্তু এ ক্ষেত্রেও দুটি বিরাট সমস্যা দেখা দেবে। প্রথমত, এর ব্যয় এত বেশি পড়বে যে তা বহন করা কঠিন। কিন্তু এর চেয়েও বড় সমস্যা হলো নিরাপত্তা। কারণ, কোনো কারণে যদি পারমাণবিক বর্জ্য বহনকারী রকেটে বিভ্রাট দেখা দেয়, তাহলে পারমাণবিক পদার্থ বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়বে। তখন পৃথিবীজুড়ে দেখা দেবে মহাবিপর্যয়। পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টির পুরোপুরি নিষ্পত্তি এখনো হয়নি। গবেষণা চলছে।

(কিশোর আলোর ফেব্রুয়ারি ২০১৪ সংখ্যায় প্রকাশিত)