৮০ থেকে ১০০ বছরের বেশি বয়সী মানুষের মতে সুখী হওয়ার রহস্য কী

একটা বয়সে এসে মানুষ বুঝতে পারেন, জীবনের সবচেয়ে দামি জিনিসগুলোর অনেক কিছুই খুব সাধারণ। বিকেলের আড্ডা, বন্ধুর সঙ্গে এক কাপ চা, পরিবারের সবাই মিলে খেতে বসা, কিংবা বহুদিন পর পুরোনো বন্ধুর সঙ্গে দেখা করার মুহূর্তের কথা তখন মনে পড়ে। অথচ ছোটবেলায় বা কৈশোরে আমরা প্রায়ই অন্য কিছুর পেছনে ছুটি। আরও ভালো ফল, আরও দামি ফোন, আরও বড় সাফল্য। মনে হয় এগুলো পেলেই বুঝি জীবনটা সুখের হয়ে উঠবে।

কিন্তু আশি, নব্বই কিংবা এক শ বছর বয়সী মানুষেরা যখন জীবনের দিকে ফিরে তাকান, তখন তাঁদের অনেকের উপলব্ধি হয় অন্য রকম। সুখের জন্য এত আয়োজনের দরকার নেই। বরং যেসব মানুষকে ভালোবাসি, যেসব কাজ করতে ভালো লাগে আর প্রতিদিনের ছোট ছোট যে সুযোগগুলো জীবনকে অর্থপূর্ণ করে তোলে, সেগুলোর দিকেই মন দেওয়া জরুরি।

কিন্তু জীবনের শেষ বয়সে আসা মানুষদের কাছে সুখের হিসাবটা একটু অন্য রকম। তাঁরা জীবনের অনেক চড়াই-উতরাই দেখেছেন। যুদ্ধ, দুর্ভিক্ষ, সামাজিক পরিবর্তন, প্রিয়জনকে হারানো, অসুস্থতা—কত অভিজ্ঞতার মধ্য দিয়েই না তাঁদের যেতে হয়েছে। তবু তাঁদের অনেকেই জীবন নিয়ে ইতিবাচক। তাঁদের কাছে সুখ মানে প্রতিটি মুহূর্তে আনন্দে থাকা নয়। বরং জীবনের সঙ্গে যুক্ত থাকা, মানুষের পাশে থাকা, নতুন কিছু শেখা আর ছোট ছোট কাজের মধ্যে আনন্দ খুঁজে নেওয়া।

যুক্তরাষ্ট্রের দ্য হেলদি সাময়িকীর ১০০ ইয়ার্স স্ট্রং বিভাগে ৮০ থেকে ১০০ বছরের বেশি বয়সী মানুষের জীবন ও দীর্ঘায়ু নিয়ে নিয়মিত কথা বলেন একজন লেখক। ৪৫ জনের বেশি প্রবীণ মানুষের সাক্ষাৎকার নিয়ে তিনি জানতে চেয়েছিলেন, সুখী থাকার রহস্য কী? জীবনের এতটা পথ পেরিয়ে এসে তাঁরা সুখ সম্পর্কে কী শিখেছেন?

উত্তরটা বেশ অদ্ভুত। তাঁদের অনেকেরই মনে হয়েছে, সুখী হওয়ার জন্য সারাক্ষণ সুখ খুঁজে বেড়ানোর দরকার নেই। বরং জীবনকে অর্থপূর্ণ করে তোলে, এমন কাজ আর সম্পর্কের মধ্যে নিজেকে ব্যস্ত রাখাই বেশি জরুরি।

আরও পড়ুন

সুখের পেছনে ছুটতে হয় না

১০০ বছর বয়সী ডুইট রবার্টসের কথাটি বেশ মনে রাখার মতো। সুখ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, জীবনকে তিনি সুখের হিসাব দিয়ে মাপেন না। তাঁর মাথায় এভাবে চিন্তা করার অভ্যাসই নেই।

কথাটা প্রথমে অদ্ভুত মনে হতে পারে। সুখী হতে চাইব না, তা আবার হয় নাকি! কিন্তু একটু ভেবে দেখো। কোনো আনন্দের মুহূর্তে যদি বারবার নিজেকে প্রশ্ন করো, ‘আমি কি এখন যথেষ্ট সুখী?’, তাহলে সেই মুহূর্তের আনন্দটাই হয়তো মাটি হয়ে যাবে। সুখকে পরীক্ষা দিতে বসালে সে আর সহজে ধরা দেয় না।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মানবজীবন ও সুখবিষয়ক গবেষণার সহপরিচালক মনোরোগ বিশেষজ্ঞ রবার্ট ওয়াল্ডিঙ্গারও বিষয়টি ব্যাখ্যা করেছেন এভাবে, ‘সুখ কোনো বোতাম নয় যে চাইলেই টিপে চালু করা যাবে। এমন পরিবেশ ও অভ্যাস তৈরি করতে হয়, যেখানে সুখ আসার সুযোগ থাকে। বন্ধুদের সঙ্গে সময় কাটানো, নতুন কিছু শেখা, কারও উপকার করা কিংবা নিজের পছন্দের কাজে ডুবে থাকার মধ্য দিয়েই সুখের মুহূর্ত তৈরি হয়।’

মানুষের সঙ্গে সম্পর্কই সবচেয়ে বড় সম্পদ

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলে যায়। শরীর আগের মতো সাড়া দেয় না, পরিচিত মানুষেরা একে একে হারিয়ে যান। কিন্তু মানুষের সঙ্গে সম্পর্কের প্রয়োজন ফুরিয়ে যায় না। বরং বয়স যত বাড়ে, কাছের মানুষের গুরুত্ব তত স্পষ্ট হয়ে ওঠে।

হার্ভার্ডের গবেষণাতেও দেখা গেছে, মানুষের সুখ ও সুস্থতার সঙ্গে ভালো সম্পর্কের গভীর যোগ আছে। পরিবার, বন্ধু কিংবা আশপাশের মানুষের সঙ্গে আন্তরিক যোগাযোগ জীবনকে ভালো রাখে। শুধু পরিচিত মানুষের সংখ্যা বেশি হলেই হবে না, সম্পর্কগুলোতে থাকতে হবে যত্ন ও আন্তরিকতা।

এই কথা কিশোর বয়সেও সমান সত্যি। বন্ধুর সঙ্গে কথা বলা, পরিবারের কারও খোঁজ নেওয়া কিংবা অনেক দিন দেখা হয়নি এমন আত্মীয়কে সামান্য একটা ফোন করেও সম্পর্ক বাঁচিয়ে রাখা যায়। সম্পর্ক নিজে নিজে টিকে থাকে না। তার জন্য সময় দিতে হয়, মন দিয়ে কথা শুনতে হয়, কখনো নিজের ব্যস্ততা সরিয়ে অন্যের পাশে দাঁড়াতে হয়।

আর পরিবারের বয়স্ক মানুষদের কথা একবার ভাবো। দাদা-দাদি বা নানা-নানির কাছে হয়তো তোমার মতো নতুন ফোন নেই, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা কাটানোর অভ্যাসও নেই। কিন্তু তাঁদেরও গল্প করার ইচ্ছা আছে, নতুন কিছু জানার আগ্রহ আছে। তাঁরা হয়তো একই গল্প বারবার বলেন। তোমার কাছে গল্পটা পুরোনো, কিন্তু তাঁদের কাছে সেই স্মৃতির ভেতর অনেকটা জীবন জমা আছে।

তাঁদের কথা একটু মন দিয়ে শোনো। শুধু সময় কাটানোর জন্য নয়, তাঁদের জীবনটা জানার জন্য। ছোটবেলায় তাঁরা কীভাবে স্কুলে যেতেন, প্রথম চাকরি কেমন ছিল, তোমার বাবা-মা ছোটবেলায় কেমন ছিলেন—এসব জানতে চাইতে পারো। তোমার কয়েকটি প্রশ্নেই হয়তো তাঁদের চোখমুখ উজ্জ্বল হয়ে উঠবে।

আরও পড়ুন

অন্যের কাজে লাগার আনন্দ

সুখী থাকার আরেকটি বড় উপায় হলো অন্যের কাজে লাগা। সব সময় নিজের জন্য কিছু পাওয়ার অপেক্ষায় না থেকে অন্যের জন্য কিছু করতে পারলে জীবনে আলাদা এক ধরনের তৃপ্তি আসে।

সাক্ষাৎকার দেওয়া প্রবীণদের অনেকেই জীবনের বড় একটা সময় অন্যের সেবায় কাটিয়েছেন। কেউ বছরের পর বছর দরিদ্র মানুষের জন্য খাবারের ব্যবস্থা করেছেন, কেউ অসহায় মানুষের বাড়িতে হুইলচেয়ার ওঠানামার র‍্যাম্প বানিয়েছেন, কেউ আবার নিয়মিত গির্জায় ফুল নিয়ে গিয়ে অন্যদের উপহার দিয়েছেন। তাঁদের কাছে এসব কাজ শুধু দায়িত্ব নয়, জীবনের আনন্দেরও অংশ।

তোমার পক্ষে হয়তো এত বড় কিছু করা সম্ভব নয়। কিন্তু অন্যের পাশে দাঁড়ানোর জন্য বড় আয়োজন লাগে না। বন্ধুর পড়া বুঝতে সাহায্য করা, বাসায় ছোট ভাইবোনের দেখাশোনা করা, অসুস্থ কারও জন্য এক গ্লাস পানি এগিয়ে দেওয়া কিংবা পথের কোনো প্রাণীকে একটু খাবার দেওয়াও অন্যের উপকারে আসে।

বাড়ির বয়স্ক মানুষদের জন্যও এমন কিছু করতে পারো। তাঁদের ওষুধের সময় মনে করিয়ে দেওয়া, বাজারের ব্যাগ এগিয়ে নেওয়া, মোবাইলের কোনো নতুন সুবিধা শিখিয়ে দেওয়া কিংবা তাঁদের পছন্দের গানটি চালিয়ে দেওয়া। এসব কাজের বিনিময়ে পুরস্কার পাওয়ার দরকার নেই। কারও দিনটা একটু ভালো করতে পারার আনন্দই যথেষ্ট।

নতুন কিছু শেখার বয়স নেই

বয়স বাড়লেই শেখার আগ্রহ কমে যেতে হবে, এমন কোনো নিয়ম নেই। সাক্ষাৎকারে পাওয়া প্রবীণদের অনেকেই নতুন মানুষের সঙ্গে মিশেছেন, নতুন শখ তৈরি করেছেন, নতুন প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করেছেন। কেউ নব্বইয়ের কাছাকাছি বয়সেও ব্যায়ামের ক্লাস নিয়েছেন, কেউ আবার আশির কোঠায় নতুন করে সাঁতার শিখেছেন।

এই অভিজ্ঞতাগুলো শুনে মনে হয় না, জীবনকে উপভোগ করার জন্য সবকিছু আগে থেকে জানার প্রয়োজন নেই; নতুন কিছু শেখার আগ্রহ থাকলেই চলে। তুমি হয়তো ছবি আঁকতে ভালোবাসো, কিন্তু কখনো মাটির কাজ শেখোনি। কিংবা গান শোনো, কিন্তু কোনো বাদ্যযন্ত্র বাজানোর চেষ্টা করোনি। সুযোগ পেলে শুরু করে দাও। ভুল হবে, প্রথম দিকে ভালো লাগবে না, হয়তো মাঝপথে ছেড়েও দিতে ইচ্ছে করবে। তবু চেষ্টা করো। নতুন কিছু শেখার আনন্দ অনেক সময় সাফল্যের চেয়েও বড়।

এই জায়গায় দাদা-দাদি বা নানা-নানিরাও তোমার সঙ্গী হতে পারেন। তাঁদের কাছ থেকে পুরোনো দিনের কোনো রান্না শেখো, বাগান করার কৌশল জানো, কিংবা তাঁদের জানা কোনো খেলা শিখে নাও। আবার তোমার কাছ থেকে তাঁরাও শিখতে পারেন স্মার্টফোনে ছবি তোলা, ভিডিও কল করা কিংবা ইন্টারনেটে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করা। শেখার এই আদান-প্রদান দুজনেরই ভালো লাগবে।

আরও পড়ুন

খেলাধুলা করো, হাসো

বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমরা অনেক সময় খেলাধুলাকে ছোটদের কাজ বলে ভাবতে শুরু করি। পড়াশোনা, কাজ আর দায়িত্বের ভিড়ে আনন্দের জন্য আলাদা সময় রাখার কথাও ভুলে যাই। অথচ বয়স্ক মানুষের অভিজ্ঞতা বলছে, জীবনে আনন্দের জায়গাটা কখনো বন্ধ করে দেওয়া উচিত নয়।

কেউ নাচতে ভালোবাসেন, কেউ ব্যায়াম করেন, কেউ ছবি আঁকেন, কেউ আবার বন্ধুদের সঙ্গে আড্ডা দেন। তাঁদের কাছে এসব কাজ সময় নষ্ট নয়। বরং জীবনের সঙ্গে যুক্ত থাকার উপায়। তোমারও এমন কিছু থাকা দরকার, যা করতে গিয়ে ঘড়ির দিকে তাকাতে হয় না। হতে পারে ফুটবল খেলা, বই পড়া, সাইকেল চালানো, গান গাওয়া কিংবা বন্ধুদের সঙ্গে হাসাহাসি। সব আনন্দের পেছনে ফল থাকতে হবে না। শুধু ভালো লাগার জন্যও কিছু কাজ করা যায়।

আর হাসতে ভুলো না। প্রবীণদের অনেকেই হাস্যরসকে জীবনের গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করেন। সব সমস্যার সমাধান হাসিতে হয় না, কিন্তু কঠিন সময়েও একটু হাসতে পারলে মনটা হালকা হয়।

দাদা-দাদি বা নানা-নানিকে কীভাবে সুখী করবে

এই লেখার শুরুতে সুখের রহস্য জানতে চেয়েছিলাম। এতগুলো মানুষের অভিজ্ঞতা থেকে যে কথাটি সবচেয়ে বেশি স্পষ্ট হয়ে ওঠে, তা হলো সুখ একা একা তৈরি করা যায় না। মানুষের সঙ্গে সম্পর্ক, অন্যের জন্য কিছু করা, নতুন কিছু শেখা আর জীবনের ছোট আনন্দগুলোকে জায়গা দেওয়ার মধ্যেই অনেকটা সুখ লুকিয়ে থাকে।

তোমার পরিবারের বয়স্ক মানুষদের জন্যও কথাগুলো সত্যি। তাঁদের দামি উপহার দেওয়ার সামর্থ্য না থাকলেও সমস্যা নেই। প্রতিদিন কিছুটা সময় দাও। পাশে বসে কথা বলো। তাঁদের পুরোনো ছবি দেখতে চাও। গল্প শুনতে শুনতে কোনো প্রশ্ন মনে এলে জিজ্ঞাসা করো। তাঁদের পছন্দের খাবার বানাতে সাহায্য করো। মাঝেমধ্যে নিজের বন্ধুদের কথা, স্কুলের মজার ঘটনা কিংবা নতুন কোনো আবিষ্কারের গল্প শোনাও।

সবচেয়ে বড় কথা, তাঁদের শুধু বয়স্ক মানুষ হিসেবে দেখো না। তাঁদেরও একসময় তোমার মতো বয়স ছিল। তাঁদের স্বপ্ন ছিল, বন্ধু ছিল, দুষ্টুমি ছিল, ভুল ছিল, ভালো লাগা ছিল। সেই মানুষটিকে জানার চেষ্টা করো।

হয়তো একদিন তোমার দাদা বা নানি তোমাকে বলবেন, আজ তোমার সঙ্গে গল্প করে খুব ভালো লাগল। কথাটা শুনতে খুব সাধারণ। কিন্তু কারও দিন ভালো করে দেওয়ার চেয়ে বড় আনন্দ আর কী হতে পারে?

সূত্র: রিডার্স ডাইজেস্ট

আরও পড়ুন