অন্তত ১৩১ বার ব্যবহার না করলে টোট ব্যাগ প্লাস্টিকের চেয়েও ক্ষতিকর হতে পারে
পরিবেশের কথা ভেবে আমরা অনেকেই প্লাস্টিকের ব্যাগ বাদ দিয়ে কাপড়ের বা টোট ব্যাগ ব্যবহার করি। এটি দারুণ একটি অভ্যাস, তবে এর পেছনে একটি হিসাব আছে। একটি সুতির বা কাপড়ের ব্যাগ বানাতে প্রচুর পানি, বিদ্যুৎ ও কাঁচামাল খরচ হয়। তাই খুব কমবার ব্যবহার করেই যদি ব্যাগটি ফেলে দেওয়া হয়, তবে তা পরিবেশের জন্য প্লাস্টিকের ব্যাগের চেয়েও বেশি ক্ষতির কারণ হতে পারে। চলো জেনে নিই, কেন একটি টোট ব্যাগকে সত্যিকার অর্থে পরিবেশবান্ধব করতে হলে অন্তত ১৩১ বার ব্যবহার করতে হয়।
বাজারে যাওয়া, বই নেওয়া কিংবা প্রতিদিনের টুকিটাকি জিনিস বহন করার জন্য এখন অনেকেরই প্রথম পছন্দ কাপড়ের বা সুতির টোট ব্যাগ। আমরা ধরেই নিই, প্লাস্টিকের ব্যাগ বাদ দিয়ে সুতির ব্যাগ নিলেই বুঝি পরিবেশের দারুণ উপকার হচ্ছে। কিন্তু বিষয়টা কি আসলেই এত সরল? পরিবেশবিজ্ঞানীদের হিসাব বলছে, একটি সাধারণ সুতির টোট ব্যাগকে সত্যিকার অর্থে পরিবেশবান্ধব প্রমাণ করতে হলে সেটিকে অন্তত ১৩১ বার ব্যবহার করতে হবে। এর কম ব্যবহার করলে উল্টো প্লাস্টিকের ব্যাগের চেয়েও বেশি পরিবেশগত চাপ তৈরি করতে পারে এই ব্যাগ।
কোনো জিনিস তৈরি করা থেকে শুরু করে ব্যবহার এবং শেষে ফেলে দেওয়া পর্যন্ত পরিবেশের ওপর তার প্রভাব হিসাব করার একটি পদ্ধতি আছে। একে বলে ‘লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট’ বা সংক্ষেপে এলসিএ। এই হিসাব থেকেই দেখা গেছে, প্লাস্টিকের ব্যাগের চেয়ে সুতির ব্যাগকে পরিবেশের জন্য ভালো প্রমাণ করতে হলে সেটিকে অন্তত ১৩১ বার ব্যবহার করতে হবে। শুনতে একটু অবাক লাগলেও এর পেছনে বাস্তব হিসাব রয়েছে। চলো, সেই কারণগুলো সহজভাবে বুঝে নিই।
তৈরি করতে প্রচুর সম্পদ খরচ হয়
একটি সুতির ব্যাগ বাজারে আসার আগে এর পেছনে বেশ বড় একটি কর্মযজ্ঞ চলে। প্রথমে জমিতে তুলা চাষ করতে হয়। তারপর সেই তুলা থেকে সুতা কাটা, কাপড় বোনা, রং করা এবং শেষে ব্যাগ সেলাই করার কাজ হয়। এই পুরো প্রক্রিয়ায় প্রচুর পানি ও শক্তির প্রয়োজন হয়।
কাজগুলো চালাতে গিয়ে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস ছড়ায়, যা বৈশ্বিক উষ্ণায়ন বা জলবায়ু পরিবর্তনে ভূমিকা রাখে। এ ছাড়া তুলা চাষে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হয়। অতিরিক্ত সার ও কীটনাশক মাটির স্বাভাবিক উর্বরতা নষ্ট করতে পারে। বৃষ্টির পানিতে ধুয়ে এসব রাসায়নিক আশপাশের জলাশয়ে গিয়ে পরিবেশের ক্ষতি করতে পারে। তুলনা করলে দেখা যায়, একটি পাতলা প্লাস্টিকের ব্যাগ বানাতে যে পরিমাণ কাঁচামাল ও শক্তি লাগে, একটি সুতির ব্যাগ বানাতে তার চেয়ে অনেক বেশি সম্পদ খরচ হয়।
কার্বন নিঃসরণের হিসাব
কোনো জিনিস তৈরির সময় যে পরিমাণ কার্বন বা গ্রিনহাউস গ্যাস বাতাসে ছাড়ে, তাকে বলা হয় কার্বন ফুটপ্রিন্ট। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যাগের তুলনায় একটি সুতির টোট ব্যাগ তৈরির কার্বন ফুটপ্রিন্ট অনেক বেশি। অর্থাৎ, শুরুতেই সুতির ব্যাগটি পরিবেশে বেশি কার্বন যোগ করে।
তাহলে পার্থক্যটা কোথায় তৈরি হয়? প্লাস্টিকের ব্যাগগুলো সাধারণত একবার বাজার করার পরই ফেলে দেওয়া হয়। ফলে সময়ের সঙ্গে সঙ্গে ব্যাগের সংখ্যা বাড়তে থাকে এবং সেগুলোর পরিবেশগত প্রভাবও বাড়তে থাকে।
অন্যদিকে, একটি সুতির ব্যাগ যদি আমরা অন্তত ১৩১ বার ব্যবহার করি, তবে ব্যাগটি বানানোর সময় যে কার্বন নিঃসরণ হয়েছিল, সেই চাপটা অনেকগুলো ব্যবহারের মধ্যে ভাগ হয়ে যায়। যত বেশিবার ব্যবহার করা হবে, প্রতিবারের ব্যবহারে গড় কার্বন নিঃসরণের চাপ তত কমতে থাকবে।
প্লাস্টিকের বর্জ্য কমানো
সুতির ব্যাগ বারবার ব্যবহার করার আরেকটি বড় সুবিধা হলো, এর ফলে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যাগের চাহিদা কমে যায়। আমরা সবাই জানি, সাধারণ প্লাস্টিকের ব্যাগ সহজে মাটিতে পচে না। এগুলো জৈবভাবে পচনশীল নয়। বছরের পর বছর ধরে এসব প্লাস্টিক মাটি ও পানিতে পড়ে থাকে।
নদী, খাল, বিল আর শেষ পর্যন্ত সমুদ্রে গিয়ে জমা হওয়া প্লাস্টিক বর্জ্য জলজ প্রাণী ও সামগ্রিক বাস্তুতন্ত্রের জন্য বড় হুমকি। তাই যখনই তুমি একটি সুতির ব্যাগ নিয়ে বের হচ্ছ এবং নতুন করে প্লাস্টিকের ব্যাগ নিচ্ছ না, তখন পরোক্ষভাবে পরিবেশে নতুন প্লাস্টিক বর্জ্য জমা হওয়া ঠেকাচ্ছ।
ক্ষতি পুষিয়ে নেওয়ার হিসাব
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, একটি সুতির টোট ব্যাগ ১৩১ বার ব্যবহার করলে কার্বন নিঃসরণ, পানি খরচ এবং অন্যান্য সম্পদ ব্যবহারের দিক থেকে এর সামগ্রিক প্রভাব ১৩১টি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যাগ ব্যবহারের চেয়ে কম হয়। অর্থাৎ, ১৩১তম ব্যবহারের পর থেকে ব্যাগটি তুলনামূলক ভালো বিকল্প হিসেবে দাঁড়ায়।
তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি। সুতির ব্যাগটি যদি আলমারির কোণে পড়ে থাকে বা মাত্র ১০-১৫ বার ব্যবহার করেই নষ্ট হয়ে যায়, তবে তৈরির সময় যে পানি, শক্তি ও কার্বন খরচ হয়েছিল, তার সুফল পুরোপুরি পাওয়া যাবে না। তাই শুধু ব্যাগ কিনলেই পরিবেশ বাঁচবে না। ব্যাগটিকে দীর্ঘদিন টিকিয়ে রেখে নিয়মিত ব্যবহার করতে হবে।
সব মিলিয়ে বলা যায়, একটি সুতির টোট ব্যাগ অন্তত ১৩১ বার ব্যবহার করলে ব্যাগটি বানানোর সময় পরিবেশের ওপর যে বাড়তি চাপ পড়েছিল, তা অনেকটাই পুষিয়ে নেওয়া সম্ভব। তখন একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যাগের বদলে এটি হয়ে ওঠে তুলনামূলক টেকসই ও পরিবেশবান্ধব একটি পছন্দ।