আইসক্রিম নিয়ে ৬ বিশ্ব রেকর্ড

ভাবতে পারো, শুধু আইসক্রিম খেয়েই তুমি ইতিহাসের অংশ হয়ে যেতে পারো! আগের রেকর্ড ভাঙার পাশাপাশি নতুন রেকর্ড গড়ার সুযোগও কিন্তু আছে। যেমন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, আইসক্রিম খেতে খেতে দীর্ঘ সময় সাইকেল চালানোর কোনো রেকর্ড এখনো নেই। মানে, চাইলে তুমিই হতে পারো সেই প্রথম রেকর্ডধারী! তাই পুরোনো রেকর্ড ভাঙো বা নতুন চ্যালেঞ্জ নেওয়া, সবই করার সুযোগ আছে। তার আগে আইসক্রিমের ৬টি বিশ্ব রেকর্ড দেখে নেওয়া যাক, হতেও পারে তুমি বা তোমার কোনো বন্ধু এই রেকর্ড ভেঙে ফেলবে।

মিনিটে সবচেয়ে বেশি আইসক্রিম

প্রথমেই আছে ১ মিনিটে সবচেয়ে বেশি আইসক্রিম খাওয়ার রেকর্ড। খুব দ্রুত আইসক্রিম খেলে অনেক সময় ‘ব্রেন ফ্রিজ’ হয়ে যায়। মানে মাথার ভেতরটা যেন হঠাৎ জমে যায়, আর কোনো স্বাদই ঠিকমতো বোঝা যায় না। এমন ঝুঁকি নিয়েই ২০১৭ সালের ১৬ জুলাই আইজ্যাক হার্ডিং ডেভিস মাত্র ১ মিনিটে ৮০৬ গ্রাম আইসক্রিম খেয়েছিলেন। তিনি খেয়েছিলেন বেন অ্যান্ড জেরিসের স্ট্রবেরি চিজকেক ফ্লেভার। ব্রেন ফ্রিজ হয়েছিল কি না সেটাও ভাবতে পারো!

সবচেয়ে বড় আইস্ক্রিম স্কুপ

সবচেয়ে বড় আইসক্রিম স্কুপের রেকর্ডটা বেশ কঠিন। একটি সুন্দর গোল স্কুপ বানানোই যেখানে কঠিন, সেখানে সবচেয়ে বড় স্কুপ বানানো তো আরও বড় চ্যালেঞ্জ হবেই। ২০১৪ সালের ২৮ জুন দুগ্ধজাত খাবারের প্রতিষ্ঠান কেমপস যুক্তরাষ্ট্রের উইসকনসিনের সিডারবার্গ স্ট্রবেরি উৎসবে বিশাল এক স্কুপ তৈরি করে। এর উচ্চতা ছিল ৫ ফুট ৬ ইঞ্চি আর প্রস্থ ৬ ফুট ২ ইঞ্চি। আর ফ্লেভার? অবশ্যই স্ট্রবেরি!

আরও পড়ুন

সবচেয়ে উঁচু আইসক্রিম

তৃতীয় রেকর্ডটি হলো সবচেয়ে উঁচু আইসক্রিম কোন নিয়ে। একটি বিশাল কোন বানাতে দারুণ পরিকল্পনা করা লাগে। নিখুঁত হিসাবের দরকার হয়। ২০১৫ সালের ২৬ জুলাই নরওয়ের হেনিন-অসলেন ইজ এবং ট্রনড এল. ওয়েইন মিলে ১০ দশমিক ১২৬ ফুট উঁচু একটি আইসক্রিম কোন তৈরি করেন। এতে ছিল ওয়েফার কোন, চকলেট লাইনিং, আইসক্রিম এবং ওপরে জ্যামের টপিং।

একটি কোনে সবচেয়ে বেশি স্কুপ

চতুর্থ রেকর্ডটি বেশ মজার। একটি কোনের ওপরে সবচেয়ে বেশি স্কুপ সাজানোর রেকর্ড এটি। আমরা অনেকেই চেষ্টা করি কোনে বেশি করে স্কুপ নিতে, কিন্তু ইতালির দিমিত্রি প্যানসিয়েরা এই কাজটাকে একেবারে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। ২০১৮ সালের ১৭ নভেম্বর তিনি একটিমাত্র কোনের ওপরে ১২৫টি স্কুপ সাজিয়ে রেকর্ড গড়েন। মজার ব্যাপার হলো, তিনি এই রেকর্ড দুইবার করেছেন!

আরও পড়ুন

মানব আইসক্রিম কোন

পঞ্চম রেকর্ডটি সবচেয়ে বড় মানব আইসক্রিম কোন নিয়ে। একটি পণ্যের উদ্বোধন উপলক্ষে নেসলে (চীন) ২০১৯ সালের ১৮ ডিসেম্বর ৪৭৮ জন মানুষকে নিয়ে রঙিন পোশাকে একটি বিশাল মানব আইসক্রিম কোন তৈরি করে। এই কোনের উচ্চতা ছিল ১৫ মিটার, আর ওপরে থাকা ‘স্কুপ’ অংশটির দৈর্ঘ্য ছিল ৯ মিটার।

সবচেয়ে বেশি আইসক্রিম ট্রাক একসঙ্গে

আইসক্রিম ভ্যানের ডাক শুনলে আমরা যেমন আইসক্রিম কিনতে ছুটে যাই। একসঙ্গে ৮৪টি ভ্যান যদি ডাকাডাকি শুরু করে? সবশেষে রেকর্ডটা সবচেয়ে বড় আইসক্রিম ট্রাক বা ভ্যান প্যারেড নিয়ে। ২০১৮ সালের ১৬ অক্টোবর যুক্তরাজ্যের ক্রু শহরে ৮৪টি আইসক্রিম ট্রাক ও ভ্যান একসঙ্গে রাস্তায় নেমেছিল। এই রেকর্ডটি আয়োজন করেছিল দ্য আইসক্রিম ভ্যান ড্রিম টিম।

এখন বলো, তুমি কোন রেকর্ডটি ভাঙতে চাও? নাকি একেবারে নতুন কোনো আইসক্রিম রেকর্ড গড়ার পরিকল্পনা করছ?

আরও পড়ুন