বিশ্বের বৃহত্তম ব্যাকটেরিয়া

ক্যারিবিয়ান ম্যানগ্রোভ জলাভূমিতে বিশ্বের বৃহত্তম ব্যাকটেরিয়া আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। সাধারণত ব্যাকটেরিয়া খালি চোখে দেখা যায় না। কিন্তু এই ব্যাকটেরিয়া এত বড় যে খালি চোখেই দেখা যায়। ০.৯ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে এই ব্যাকটেরিয়া। ২০০৯ সালে ফ্রেঞ্জ ওয়েস্ট ইন্ডিজ ও গায়ানা বিশ্ববিদ্যালয়ের সহকারী লেখক ও জীববিজ্ঞানী অলিভিয়াস গ্রোস এই ব্যাকটেরিয়ার নমুনা প্রথম খুঁজে পান। উত্তর আমেরিকার পূর্ব ক্যারিবীয় সাগরে অবস্থিত দ্বীপপুঞ্জ গুয়াদেলুপের ম্যানগ্রোভ বনে একটি পাতার সঙ্গে আটকে থাকা অবস্থায় ব্যাকটেরিয়াটি দেখতে পান অলিভিয়াস। আকার দেখে প্রথমে অবশ্য এটাকে ব্যাকটেরিয়া বলে মনে হয়নি অলিভিয়াসের। পরে জেনেটিক বিশ্লেষণ করে জীবটিকে এককোষী ব্যাকটেরিয়া বলে ঘোষণা করেছেন বিজ্ঞানীরা। এই ব্যাকটেরিয়ার নাম দেওয়া হয়েছে থিওমার্গারিটা ম্যাগনিফিকা।

সূত্র: সায়েন্স নিউজ ডট কম