তিস্তাপাড়ের ৯৮ বছর বয়সী দৌলতখাঁর স্মৃতিতে বৈরালি মাছ

বৈরালি মাছ

আমার জন্ম ব্রহ্মপুত্র নদের একটি দ্বীপচরে। গ্রামের নাম ঝুনকারচর। ১৯৮৮ সালে আমার পরিবার কুড়িগ্রাম শহরে চলে আসে। এখন আমার বাড়ি থেকে ধরলা নদীর দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার। তাই ছোটবেলা থেকেই ধরলা, তিস্তা ও ব্রহ্মপুত্রের সঙ্গে আমার একধরনের আত্মিক সম্পর্ক ছিল। নদীর পানি, স্রোত, চর, জেলে আর মাছের গল্প আমার বেড়ে ওঠার সঙ্গে মিশে আছে। একসময় এসব নদ–নদীতে ঝাঁকে ঝাঁকে বৈরালি মাছ পাওয়া যেত। সেসব এখন কেবল স্মৃতি।

শহরে আসার পর নদীর মাছের অস্থায়ী হাট দেখতাম মোঘলবাসা ইউনিয়নের জিগামারি ঘাট। জেলেরা সারা রাত নদীতে জাল ফেলে মাছ ধরতেন। ভোরে মাছ নিয়ে হাজির হতেন ঘাটে। শহর থেকে মানুষ তাজা নদীর মাছ কিনতে সেখানে ভিড় জমাতেন। ওই ঘাটের অস্থায়ী হাটে নানা জাতের মাছের সঙ্গে উঠত বৈরালি। অন্য মাছের তুলনায় এর স্বাদ ছিল আলাদা। দামও ছিল বেশি। মধ্যবিত্ত পরিবারের অনেকের কাছে নিয়মিত বাজার থেকে বৈরালি কেনা সহজ ছিল না। তাই অনেকে নদীতে জাল ফেলে নিজেদের খাওয়ার মাছ ধরতেন।

বৈরালির সঙ্গে আমার ব্যক্তিগত স্মৃতিও কম নয়। ছোটবেলায় গ্রামে গেলে বাবার সঙ্গে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে যেতাম। তখন নদীতে জাল ফেললেই বৈরালি মাছ ধরা পড়ত। আমরা বৈরালি মাছকে বলতাম পিয়ালি। যেসব পিয়ালি মাছের পেটে ডিম থাকত সেগুলো দেখতে হলুদ ছিল। আমরা মাছ ধরে বাড়ি ফেরার পর মা দেশি পেঁয়াজ বেশি করে দিয়ে সেগুলো রান্না করতেন। আমরা গ্রামের ভাষায় সেই রান্নাকে বলতাম ‘মাছ কষান’।

বাড়িতে অতিথি এলে খাবারের পাতে থাকত কষান মাছ। পরিবারের অন্য সদস্যদের জন্য একই মাছের সঙ্গে নানা ধরনের সবজি মিশিয়ে রান্না করা হতো মাছের তরকারি। সেই রান্নায় মাছের পরিমাণ কম, সবজি বেশি থাকলেও বৈরালির স্বাদে পুরো তরকারিটাই হয়ে উঠত অসাধারণ। এখনো সেই স্বাদ মনে পড়লে শৈশবের গ্রাম, ব্রহ্মপুত্রের স্রোত আর বাবার সঙ্গে মাছ ধরতে যাওয়ার দিনগুলোর কথা মনে পড়ে।

আরও পড়ুন
পাতিলে টাটকা বৈরালি মাছ

এখন বৈরালি মাছ পাওয়া যাচ্ছে না কেন

সময়ের সঙ্গে নদী বদলেছে, বদলেছে মাছের প্রাপ্যতাও। একসময় যে নদীতে জাল ফেললেই বৈরালি পাওয়া যেত, এখন বৈরালি খুঁজে পেতে জেলেদের অনেক বেশি পরিশ্রম করতে হয়। সম্প্রতি বৈরালি মাছের খোঁজ করতে তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্রের জেলেদের সঙ্গে কথা বলি। তাঁরা জানান, বৈরালি আগের তুলনায় অনেক কমে গেছে। স্থানীয় বাজারে এই মাছের কেজিপ্রতি দাম ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা।

রাজারহাট উপজেলার তিস্তা নদীতীরবর্তী এলাকায় গিয়ে কথা হয় ৯৮ বছর বয়সী দৌলত খাঁর সঙ্গে। কুড়িগ্রামের ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চর গতিয়াসাম এলাকার বাসিন্দা তিনি। জীবনের দীর্ঘ সময় মৌসুমি জেলে হিসেবে নদীতে মাছ ধরে কাটিয়েছেন। তিস্তার পানি, স্রোত, চর ও মাছের বিচরণ খুব কাছ থেকে দেখেছেন। বয়সের ভারে শরীর নুয়ে এলেও নদীর অতীত নিয়ে কথা বলতে গিয়ে তাঁর স্মৃতিতে কোনো ঘাটতি দেখিনি।

দৌলত খাঁ

তিস্তা নদীতে বৈরালির বর্তমান অবস্থা জানতে চাইলে দৌলত খাঁ তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘একসময় তিস্তা নদীতে ঝাঁকে ঝাঁকে বৈরালি ধরা পড়ত। নদীতে জাল ফেললে বৈরালি পাওয়া ছিল স্বাভাবিক ঘটনা। এখন আর সেই দিন নাই। বৈরালি মাছ আর আগের মতো পাওয়া যায় না। নদিত পানি নাই, সউগ মাছ ভাটিত চলি গেইছে।’

শুধু দৌলত খাঁ নন, ব্রহ্মপুত্র ও তিস্তা নদীতে দীর্ঘদিন মাছ ধরেছেন এমন জেলেদের কাছ থেকেও একই ধরনের অভিজ্ঞতার কথা শুনেছি। চিলমারীর রমনা ব্যাপারীপাড়া গ্রামের ৬৫ বছর বয়সী জেলে ক্ষিতীশ দাসের সঙ্গে কথা বলে জানতে পারি, বৈরালি তাঁর কাছে শুধু সুস্বাদু মাছ নয়, বাড়তি আয়েরও একটি উৎস। কিন্তু নদীতে মাছ কমে যাওয়ায় সেই আয়ের সুযোগও সংকুচিত হচ্ছে।

বৈরালি কমে যাওয়ার কারণ জানতে চাইলে ক্ষিতীশ দাস আমাকে বলেন, ‘একে তো নদিত পানি নাই। তার মধ্যে ফির কারেন্ট জাল আর কারেন্ট শক দিয়ে মাছ মারার পদ্ধতি আসার পর বড় মাছের সাথে পোনা সউগ মরে যায়। পোনা বড় হয়ে তো বৈরালি হয়। কারেন্ট জাল আর কারেন্ট শক দিয়ে মাছ মারা বন্ধ না হইলে একসময় নদী থাকি মাছ উধাও হয়া যাইবে।’

জেলেদের সঙ্গে কথা বলে বুঝতে পারি, নদীতে পানির প্রবাহ কমে যাওয়া এবং মাছ ধরার ক্ষতিকর পদ্ধতি তাঁদের বড় উদ্বেগের বিষয়। তাঁদের অভিজ্ঞতায়, পোনা মাছ বড় হওয়ার সুযোগ না পেলে নদীতে স্বাভাবিকভাবেই মাছের প্রাপ্যতা কমে যাবে। এতে শুধু বৈরালি নয়, নদীর অন্যান্য মাছের ভবিষ্যৎ নিয়েও শঙ্কা তৈরি হচ্ছে।

আরও পড়ুন
বৈরালি মাছ

পাহাড়ি স্রোতের মাছ বৈরালি কখন পাওয়া যায়

বৈরালির বৈজ্ঞানিক নাম Barilius barila। সাইপ্রিনিডি পরিবারের স্বাদুপানির মাছ এটি। সাধারণত পাহাড়ি ঝরনা, পাহাড়ের পাদদেশের অগভীর নদী এবং স্বচ্ছ ও স্রোতযুক্ত পানিতে এ মাছের বসবাস। দেহ লম্বাটে ও সরু। তিস্তা ও ধরলার মতো নদীতে মাছটির উপস্থিতি উত্তরাঞ্চলের নদীকেন্দ্রিক জীববৈচিত্র্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

জেলেদের কাছ থেকে মাছটির বিচরণ ও ধরার পদ্ধতি সম্পর্কেও জানতে পারি। তাঁদের অভিজ্ঞতা অনুযায়ী, দিনের বেলায় বৈরালি সাধারণত নদীর গভীর পানিতে থাকে। বিকেল থেকে সন্ধ্যা কিংবা রাতে নদীর কিনারার অপেক্ষাকৃত ওপরের স্তরে চলে আসে। এ সময় ছোট ফাঁসের জাল দিয়ে মাছটি ধরেন তাঁরা। ভোররাতেও বৈরালি বেশি ধরা পড়ে বলে জানান জেলেরা।

আরও পড়ুন
জালের গোড়া বালুর নিচে পা দিয়ে ঠেসে ঢুকিয়ে দিচ্ছেন, যাতে মাছ বের না হয়

আবাসস্থল নিয়ে উদ্বেগ

বৈরালি মাছ বিপন্ন কি না, তা নির্ধারণের মতো পর্যাপ্ত তথ্য এখনো নেই। ফলে মাছটির সংরক্ষণ পরিস্থিতি নিয়েও অনিশ্চয়তা রয়েছে। বৈরালির স্বাভাবিক আবাসস্থল স্বচ্ছ ও স্রোতযুক্ত পানি। নদীর স্বাভাবিক প্রবাহে পরিবর্তন, পানিদূষণ, পলি জমে তলদেশের প্রকৃতি বদলে যাওয়া এবং ক্ষতিকর জালের ব্যবহার মাছটির আবাসস্থল ও প্রজননে প্রভাব ফেলতে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। তবে এসব কারণে তিস্তা ও ধরলা নদীতে বৈরালির সংখ্যা ঠিক কতটা কমেছে, তা নিয়ে সুনির্দিষ্ট গবেষণা নেই।

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য অনুষদের প্রভাষক মো. আহসানুল হকের সঙ্গেও এ বিষয়ে কথা বলেছি। তিনি আমাকে জানান, কুড়িগ্রাম জেলার ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদে আগের তুলনায় বৈরালি মাছের প্রাপ্যতা কমেছে। বৈরালি স্বাদুপানির মাছ। এর স্বাভাবিক প্রজননের জন্য পানির স্বচ্ছতা ও স্রোত জরুরি। কিন্তু নদীর নাব্যতা সংকট, ভরাট ও দূষণের কারণে মাছটি আবাসস্থল পরিবর্তন করছে। পাশাপাশি স্বাভাবিক প্রজনন ব্যাহত হওয়ায় আগের মতো বৈরালি পাওয়া যাচ্ছে না।

মো. আহসানুল হক আরও জানান, সম্প্রতি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য অনুষদ থেকে বৈরালি মাছের পুষ্টিগুণ ঋতুভেদে পরিবর্তিত হয় কি না, তা নিয়ে গবেষণা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস না থাকায় গবেষণায় কিছু সীমাবদ্ধতা রয়েছে। তবে কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার নদ-নদী এবং এখানকার মৎস্য সম্পদ নিয়ে গবেষণার কাজ চলছে।

দৌলত খাঁর সঙ্গে কথা বলে ফেরার সময় আমার বারবার মনে হচ্ছিল, নদীর পরিবর্তন শুধু পানির প্রবাহ কিংবা নদীর গতিপথের পরিবর্তন নয়। এর সঙ্গে বদলে যাচ্ছে মানুষের জীবন, জীবিকা, খাদ্যাভ্যাস ও শৈশবের অসংখ্য স্মৃতি। যে ব্রহ্মপুত্রে বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে অনায়াসে বৈরালি পেতাম, যে ধরলার জিগামারি ঘাটে একসময় মাছের পসরা বসত, সেই নদীগুলোতেই এখন বৈরালি কমে যাওয়ার গল্প শুনতে হচ্ছে। প্রবীণ জেলে দৌলত খাঁর স্মৃতিতে যে বৈরালির ঝাঁক এখনো জীবন্ত, বাস্তবে সেই মাছের দেখা ক্রমেই কমে আসছে।

আরও পড়ুন