বইমেলায় নতুন বইয়ের খোঁজখবর

প্রতিবছর অমর একুশে বইমেলা আয়োজন করে বাংলা একাডেমি। মেলা কেন্দ্র করে ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয় বহু নতুন বই। প্রতিবছর ফেব্রুয়ারি মাসে মেলা শুরু হয়ে মোটামুটি ফেব্রুয়ারি মাসেই শেষ হয়ে যায়। কিন্তু এবার নানা কারণে মেলা শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসের শেষ দিকে। মেলা চলবে মার্চের ১৫ তারিখ পর্যন্ত। ২০২৬ সালের বইমেলায় প্রকাশিত দারুণ সব বই থেকে বাছাইকৃত কিছু বই নিয়ে এই আয়োজন। থাকছে সায়েন্স ফিকশন, কিশোর অ্যাডভেঞ্চার, থ্রিলার উপন্যাস, কিশোরদের উপযোগী গল্প ও বিজ্ঞানের বই।

অভ্রভেদী

লেখক: ইসমাইল আরমান

প্রকাশক: প্রথমা প্রকাশন

পৃষ্ঠা: ৯৬

দাম: ২৮৫

অ্যাভালন আইল্যান্ডের আকাশে দেখা দিয়েছে আতঙ্ক। পঁচাত্তর বছর আগে মারা যাওয়া এক পাইলট ফিরে এসেছে তার ভুতুড়ে ফাইটার নিয়ে। হামলা করছে একের পর এক বিমানকে। বান্ধবী রিয়ার সঙ্গে নাইট ফ্লাইংয়ে বেরিয়ে অয়ন আর জিমিও পড়ে গেল তার সামনে। কোনোমতে মরতে মরতে বাঁচল। এরপর কি আর হাত-পা গুটিয়ে বসে থাকা যায়? ভূতপ্রেতে বিশ্বাস করে না ওরা, তাই অভ্রভেদীর রহস্য সমাধানে নেমে পড়ল তিন বন্ধু। মুখোমুখি হলো ভয়ংকর বিপদের।

নওয়াব বাড়ির অভিশাপ

লেখক: ডিউক জন

প্রকাশক: প্রথমা প্রকাশন

পৃষ্ঠা: ১০৪

দাম: ২৭০ টাকা

ছুটি মানে উৎসব। আনন্দ। তবে ভ্যাকেশন ট্রিপও প্রাণঘাতী হয়ে উঠতে পারে কখনো কখনো। যেমনটি ঘটেছে ফাহিম, ঈশিতা, প্রমি আর সেরিনার বেলায়। নারায়ণগঞ্জের প্রাচীন বাড়িতে ড্যানিয়েল রোজারিওর ভূত দেখা দিয়ে শুরু, এরপর একের পর এক পৈশাচিক অভিজ্ঞতা। একপর্যায়ে কেঁচো খুঁড়তে...সাপ নয়, বেরিয়ে এল নওয়াব পরিবারের অভিশপ্ত ইতিহাস।

ভিন জগতের গ্রহ এক্সোপ্ল্যানেট

লেখক: মুহম্মদ জাফর ইকবাল

প্রকাশক: অনুপম প্রকাশনী

পৃষ্ঠা: ১০৪

দাম: ৩৫০ টাকা

আমরা এত দিন ভাবতাম, মহাকাশের অন্য কোথাও যদি গ্রহ থাকে, তবে সেগুলো বুঝি আমাদের পৃথিবী বা বৃহস্পতির মতোই হবে। কিন্তু বিজ্ঞানীরা যখন আমাদের সৌরজগতের বাইরে নজর দিলেন, তখন তাঁদের চোখ কপালে উঠল! সেখানে এমন সব গ্রহের দেখা মিলল, যা আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি অদ্ভুত। বিজ্ঞানীরা এই ভিনগ্রহগুলোর নাম দিয়েছেন এক্সোপ্ল্যানেট। চেনা জগতের বাইরের সেই সব রহস্যময় ও রোমাঞ্চকর গ্রহের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেবে এই বই, যাদের অস্তিত্ব বিজ্ঞানের জয়যাত্রাকে আরও বিস্ময়কর করে তুলেছে।

দ্য নাম্বার ডেভিল

হ্যান্স ম্যাগনাস এনজেনসবার্গার

অনুবাদক: কাজী আকাশ

প্রকাশক: জ্ঞানকোষ প্রকাশনী

পৃষ্ঠা: ১৭৬

দাম: ৪০০ টাকা

অঙ্কের কথা শুনলেই রোহানের যেন গায়ে জ্বর আসে! ক্লাসে অঙ্ক স্যারের বকুনি খেয়ে ওর রাতের ঘুমই হারাম। কিন্তু এক রাতে ওর স্বপ্নে হাজির হয় এক সংখ্যার ভূত! এই ভূত কিন্তু মোটেও ভয়ংকর নয়। টানা ১২ রাতের ১২টি জাদুকরি স্বপ্নে সে রোহানকে নিয়ে যায় সংখ্যার এক অদ্ভুত দুনিয়ায়। সেখানে ১ হলো সব সংখ্যার বস, মৌলিক সংখ্যাগুলো ভীষণ একগুঁয়ে, আর শূন্য হলো সবচেয়ে রহস্যময়! যে অঙ্ককে রোহান এত দিন দুই চোখের বিষ মনে করত, সংখ্যার ভূতের পাল্লায় পড়ে সেই অঙ্কই হয়ে গেল তার সবচেয়ে প্রিয় খেলা। এই বইয়ে সংখ্যার ভূতের হাত ডুব দেওয়া যাবে সংখ্যার জাদুকরি দুনিয়ায়!

জিলন ০২৫

লেখক: মুহম্মদ জাফর ইকবাল

প্রকাশক: সময় প্রকাশন

পৃষ্ঠা: ১০৪

দাম: ২৮০ টাকা

জিলন মাটির গভীরে মানুষের একটি বিচিত্র বসতির বাসিন্দা। সেই বসতির কেউ বাইরের পৃথিবীর কোনো তথ্য জানে না। তাদের জানতে দেওয়া হয় না। সহজ–সরল, কিন্তু প্রচণ্ড কৌতূহলী এই তরুণের বাইরের জগৎটি নিয়ে আগ্রহের শেষ নেই। এই কৌতূহল আর আগ্রহের কারণে তার জীবন সম্পূর্ণ ভিন্ন দিকে মোড় নেয়। ‘জিলন ০২৫’ সেই তরুণের অবিশ্বাস্য সাহস, ভালোবাসা এবং টিকে থাকার কাহিনি।

প্রজেক্ট ক্যাসিওপিয়া

লেখক: মুহম্মদ জাফর ইকবাল

প্রকাশক: জ্ঞানকোষ প্রকাশনী

পৃষ্ঠা: ১২০

দাম: ২৮০ টাকা

এটি একটি বিজ্ঞান কল্পকাহিনি। মহাকাশ অভিযান প্রজেক্ট ক্যাসিওপিয়ার জন্য নভোচারী নির্বাচনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটি অত্যন্ত বিপজ্জনক ও অনিশ্চিত অভিযান। তাই পৃথিবীতে যাঁরা সম্পূর্ণ বন্ধনমুক্ত, তাঁদেরই অগ্রাধিকার দেওয়া হবে! পৃথিবীর তিন প্রান্তের তিনজন বন্ধনমুক্ত নারী-পুরুষ এই অভিযানের জন্য নির্বাচিত হন। ধীরে ধীরে তাঁরা আবিষ্কার করেন, কেন এই অভিযান এত বিপজ্জনক ও অনিশ্চিত এবং কেন বিজ্ঞপ্তিতে বন্ধনমুক্ত প্রার্থীদেরই অগ্রাধিকার দেওয়া হয়েছিল।

প্রজেক্ট ক্যাসিওপিয়া ভবিষ্যৎ পৃথিবীর এমন এক প্রতিচ্ছবি, যখন পৃথিবীর মানুষ ভিন্ন ভিন্ন গ্রহে ছড়িয়ে পড়ে নিজেদের বিচিত্র এক সংস্কৃতি গড়ে তুলেছে। সেই বিপজ্জনক অভিযানের মধ্য দিয়ে বন্ধনমুক্ত অভিযাত্রীরা একসময় আবিষ্কার করেন, মহাকাশে টিকে থাকার জন্য তাঁদের নিজেদের ভেতরে নতুন করে একটি বন্ধন গড়ে তুলতে হবে।

ফিলিস্তিন: যে যুদ্ধের শেষ নেই

লেখক: আহমাদ মুদ্দাসসের

প্রকাশনী: জ্ঞানকোষ প্রকাশনী

পৃষ্ঠা: ১৩৬

দাম: ৩০০ টাকা

২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হয় গাজার ইতিহাসের অন্যতম ভয়াল ও রক্তক্ষয়ী অধ্যায়। অবিরাম বোমাবর্ষণ, স্থল অভিযান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খাদ্যের নিষ্ঠুর অবরোধে মৃত্যুপুরীতে পরিণত হয় গাজা উপত্যকা। রেহাই পায়নি হাসপাতাল, স্কুল কিংবা আশ্রয়হীনদের শরণার্থীশিবিরও। যুদ্ধ শেষে হিসাব মেলাতে গিয়ে দেখা যায়, প্রায় ৭০ হাজার নিরীহ প্রাণ ঝরে গেছে। বাস্তুচ্যুত হয়েছে লক্ষাধিক পরিবার। একসময়ের প্রাণচঞ্চল গাজা আজ পরিণত হয়েছে শুধুই ইটপাথরের বিশাল ধ্বংসস্তূপে। অভাব, দুর্দশা ও দুর্ভিক্ষের চরম সীমায় দাঁড়িয়ে থাকা সেই অবরুদ্ধ উপত্যকায় আটকে পড়া মানুষদের কান্না ও মানবিক বিপর্যয়ের গল্প লেখা হয়েছে এ বইয়ে।

মিশন থ্রি সেভেন জিরো

লেখক: বাদল সৈয়দ

প্রকাশক: প্রথমা প্রকাশন

পৃষ্ঠা: ১২০

দাম: ২৫০ টাকা

৮ মার্চ ২০১৪। মালয়েশিয়ান এয়ারলাইনসের ফ্লাইট গঐ-৩৭০ কুয়ালালামপুর বিমানবন্দর থেকে টেক অফ করল। কিন্তু কিছুক্ষণের মধ্যে হারিয়ে গেল রাডার থেকে। ১০ বছর পর ৬ মার্চ ২০২৪। অস্ট্রেলিয়ার দুর্গম আরনহ্যাম ল্যান্ডে এক আদিবাসী কিশোর কবুতরের পায়ে বাঁধা একটি চিঠি পেল। উদ্ধারের আবেদন জানিয়ে সেটি লিখেছে নিখোঁজ উড়োজাহাজটির এক বাংলাদেশি কিশোর যাত্রী! শুরু হলো সেই রহস্য ভেদের অভিযান।

সাক্ষাৎকার: স্টিফেন হকিং

সংকলন ও অনুবাদ: আবুল বাসার

প্রকাশক: জ্ঞানকোষ প্রকাশনী

পৃষ্ঠা: ১৪৪

দাম: ৩০০ টাকা

অদম্য ইচ্ছাশক্তির অধিকারী, প্রখ্যাত তাত্ত্বিক পদার্থবিদ স্টিফেন হকিংয়ের চিন্তা ও দর্শনের এক অনন্য দলিল এই বই। এতে সংকলিত হয়েছে তাঁর জীবনের চারটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার। শারীরিক সীমাবদ্ধতা জয় করে মহাবিশ্বের জটিল সব রহস্য তিনি কীভাবে সাধারণ মানুষের কাছে তুলে ধরেছেন, তা এসব সাক্ষাৎকারে দারুণভাবে ধরা পড়েছে। পাঠকের মনে অজানার প্রতি চিরন্তন কৌতূহল জাগিয়ে তুলবে এ বই।

সুডোকু আর সুডোকু

লেখক: কাজী আকাশ

প্রকাশক: প্রথমা প্রকাশন

পৃষ্ঠা: ১২০

দাম: ২০০ টাকা

সুডোকু কেবল অঙ্কের খেলা নয়; এটি বুদ্ধির ধার বাড়ানো এবং মস্তিষ্কের ব্যায়ামের এক অনন্য মাধ্যম। ধৈর্য বাড়ানো, পর্যবেক্ষণের ক্ষমতা উন্নত করা এবং ধাপে ধাপে জটিল সমস্যার সমাধানের কৌশল শেখার জন্য সুডোকুর বিকল্প মেলা ভার। যারা বিনোদনের পাশাপাশি চিন্তার গভীরতা বাড়াতে চাও, তাদের জন্য এই পাজল। বইটিতে সহজ, মধ্যম, কঠিন এবং বিশ্বমঞ্চ এই চার স্তরে মোট ১০০টি সুডোকু ও সেগুলোর সমাধান দেওয়া হয়েছে। তুমি যদি সুডোকু সমাধান করতে না জানো, তবে দুশ্চিন্তার কিছু নেই। বইটিতে হার্ভে ইন্টেলমের বিখ্যাত পদ্ধতির আদলে সুডোকুর নিয়মগুলো খুব সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে। শুরুতে কীভাবে চিন্তা করতে হয় এবং কোথা থেকে শুরু করতে হয়, তা একটি উদাহরণের মাধ্যমে ধাপে ধাপে বুঝিয়ে দেওয়া হয়েছে। এমনকি পাঠকদের কৌতূহল মেটাতে এতে রয়েছে সুডোকুর ইতিহাসও। বইটির সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো সুডোকুর বিশ্ব আসর। প্রতিবছর অনুষ্ঠিত হওয়া ওয়ার্ল্ড সুডোকু চ্যাম্পিয়নশিপ সম্পর্কে এতে বিস্তারিত তথ্য রয়েছে। প্রতিযোগিতায় অংশ নেওয়ার নিয়ম এবং সেখানে কেমন ধাঁধা থাকে, তা বোঝাতে ১০টি বিশ্বমানের সুডোকু যুক্ত করা হয়েছে। বইটির বাকি ৯০টি সুডোকু সমাধান করে নিজেকে দক্ষ করে তোলার পর এই ১০টি সুডোকুর মাধ্যমে নিজের মেধা যাচাই করে নিতে পারো। বুদ্ধির এই লড়াইয়ে নিজেকে বিশ্বমঞ্চের জন্য প্রস্তুত করতে বইটি একটি আদর্শ গাইড।