স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে হাতের যে ক্ষতি
আমাদের হাতের গঠন বেশ জটিল। এতে আছে টেনডন বা পেশিকে হাড়ের সঙ্গে যুক্ত রাখা শক্ত তন্তু, ছোট ছোট হাড়, পেশি ও স্নায়ু। এসবের অনেক কিছুই কবজির একটি ছোট্ট জায়গার মধ্য দিয়ে চলাচল করে। প্রতিদিন আমরা হাত ও আঙুল দিয়ে হাজার হাজার ছোট ছোট নড়াচড়া করি। এসবের মধ্যে কোনো কোনো কাজ বারবার করতে থাকলে হাত ও কবজিতে সমস্যা দেখা দিতে পারে। যেমন স্মার্টফোনে একটানা টাইপ করা, স্ক্রল করা কিংবা আঙুল দিয়ে পর্দায় নানা কাজ করা।
অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের সঙ্গে মূলত তিন ধরনের সমস্যার সম্পর্ক পাওয়া যায়।
প্রথমটি হলো ট্রিগার ফিঙ্গার। আমাদের আঙুল বাঁকাতে সাহায্য করে যে টেনডন, তাতে প্রদাহ হলে এই সমস্যা দেখা দেয়। তখন আঙুল বাঁকানোর পর সহজে সোজা করা যায় না। কখনো আঙুল একটি নির্দিষ্ট অবস্থানে আটকে থাকে।
দ্বিতীয় সমস্যাটির নাম ডি কেরভা টেনোসাইনোভাইটিস। আমাদের বুড়ো আঙুলের পাশে দুটি টেনডন থাকে। সেগুলো ফুলে গেলে বা প্রদাহ হলে এই সমস্যা দেখা দেয়। এতে বুড়ো আঙুলের গোড়ায় কিংবা কবজির পাশে ব্যথা হতে পারে।
তৃতীয়টি কারপাল টানেল সিনড্রোম। কবজির ভেতর দিয়ে হাতের দিকে চলে যাওয়া একটি গুরুত্বপূর্ণ স্নায়ু চাপের মুখে পড়লে এ সমস্যা হয়। এতে হাতে ব্যথা, ঝিনঝিন করা কিংবা অসাড়তা দেখা দিতে পারে।
এ ছাড়া স্মার্টফোন ব্যবহারের কারণে আরেকটি সমস্যার কথা প্রায়ই শোনা যায়, যার নাম ‘স্মার্টফোন পিঙ্কি’। এটি অবশ্য চিকিৎসাবিজ্ঞানে স্বীকৃত কোনো রোগ নয়। ফোন দীর্ঘক্ষণ ধরে রাখার সময় কনিষ্ঠ আঙুলের ওপর চাপ পড়ে। ফলে আঙুলে সাময়িকভাবে একটি দাগ বা খাঁজ তৈরি হতে পারে।
ইয়েল মেডিসিনের হাত ও বাহুর ওপরের অংশের অস্ত্রোপচার বিশেষজ্ঞ চিকিৎসক এরিয়েল উইলিয়ামস বলেন, সম্প্রতি এমন রোগীর সংখ্যা বাড়ছে, যাঁরা মনে করছেন, মোবাইল ফোন ব্যবহারের কারণে তাঁদের হাতের সমস্যা বেড়েছে। কারও কারও ক্ষেত্রে মোবাইল ফোন ব্যবহারের ধরন বদলে যাওয়ার পর থেকেই উপসর্গ দেখা দিয়েছে।
ইয়েল ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের এই সহকারী অধ্যাপকের মতে, এর পেছনে একাধিক কারণ থাকতে পারে। ফোন ব্যবহারের সময় আমরা একই ধরনের আঙুলের নড়াচড়া বারবার করি। আবার অনেকক্ষণ ধরে হাত ও শরীরকে একই অবস্থানে রাখি। এই দুই অভ্যাসই হাড়, জোড়া, লিগামেন্ট ও টেনডনের ওপর বাড়তি চাপ তৈরি করে। দীর্ঘদিন এমন চলতে থাকলে স্নায়ুর ওপরও চাপ বাড়তে পারে।
তবে প্রযুক্তির ব্যবহার হাতের কোন অংশে বেশি প্রভাব ফেলছে, কবজিতে নাকি আঙুলে, তা এখনো নিশ্চিত করে বলা কঠিন।
উইলিয়ামসের মতে, সমস্যাটি শুধু হাত বা কবজিতে সীমাবদ্ধ নয়। কখনো কখনো এর সূত্রপাত হতে পারে কনুই থেকেও। আমাদের হাত ও কবজির গঠন অত্যন্ত জটিল। এখানে অসংখ্য সূক্ষ্ম নড়াচড়া ঘটে। প্রতিবার ফোনের পর্দায় স্ক্রল করা কিংবা কাউকে বার্তা পাঠানোর সময়ও হাতের বিভিন্ন অংশ কাজ করে। এভাবে দিনের পর দিন একই কাজ করতে থাকলে শরীরের ওপর চাপ জমতে থাকে।
শুধু হাত নয়, ঘাড়ও বিপদে
স্মার্টফোনের প্রভাব শুধু হাত ও কবজিতেই সীমাবদ্ধ নয়। শরীরের আরেকটি অংশের ওপরও প্রযুক্তির ব্যবহার বেশ চাপ তৈরি করছে। সেটি হলো ঘাড়। দীর্ঘ সময় ফোন বা কম্পিউটার ব্যবহারের কারণে ঘাড়ে যে ব্যথা ও অস্বস্তি তৈরি হয়, তাকে বলা হয় ‘টেক নেক’।
এর লক্ষণগুলোর মধ্যে রয়েছে ঘাড়ের পেছনে ব্যথা, ঘাড়ের পেছনে ও দুই পাশে টান লাগা, ঘাড় শক্ত হয়ে যাওয়া এবং স্বাভাবিকভাবে ঘাড় নাড়াচাড়া করতে অসুবিধা। কারও কারও মাথাব্যথাও হতে পারে।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কর্মরত চিকিৎসক ও অঙ্গবিন্যাস বিশেষজ্ঞ কেলি রবিনসনের মতে, এখন অনেকেরই এ বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে দৈনন্দিন অনেক কাজই আমরা স্মার্টফোনে বা ল্যাপটপে করছি। ব্যক্তিগত জীবন হোক কিংবা কাজের জায়গা, প্রযুক্তির এসব যন্ত্র এখন প্রায় সবার জীবনের অংশ।
ঘাড়ের ওপর এর প্রভাবও কম নয়। ঘাড়ের ভেতর দিয়ে অনেক গুরুত্বপূর্ণ স্নায়ু চলাচল করে। তাই দীর্ঘদিন ঘাড়ে চাপ পড়লে মাথাব্যথা ও ক্লান্তির মতো সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে ঘাড় সামনের দিকে ঝুঁকিয়ে ফোনের পর্দার দিকে তাকিয়ে থাকলে ঘাড়ের পেছনের অংশে বাড়তি চাপ পড়ে।
রবিনসন জানান, এ বিষয়ে বেশ কিছু গবেষণা হয়েছে। গবেষণায় দেখা গেছে, ফোনের দিকে তাকানোর সময় ঘাড় মাত্র ১০ থেকে ২০ ডিগ্রি বেশি সামনের দিকে ঝুঁকলেও ঘাড়ের নিচের অংশের হাড় ও জোড়ার ওপর চাপ বেড়ে যায়।
ধরা যাক, তোমার মাথা ৩০ ডিগ্রি সামনের দিকে ঝুঁকে আছে। তখন ঘাড়ের বিভিন্ন অংশের ওপর স্বাভাবিকের তুলনায় প্রায় তিন গুণ বেশি চাপ পড়তে পারে। এর পরিমাণ প্রায় ১৫ থেকে ২০ কেজি পর্যন্ত হতে পারে।
যেভাবে প্রযুক্তির ক্ষতি কমানো যায়
প্রযুক্তির ব্যবহার পুরোপুরি বন্ধ করা আমাদের পক্ষে সম্ভব নয়। পড়াশোনা, কাজ, যোগাযোগ—সবকিছুতেই এখন স্মার্টফোন ও কম্পিউটারের প্রয়োজন হয়। তবে কয়েকটি ছোট অভ্যাস বদলে ফেললে হাত, কবজি ও ঘাড়ের ওপর চাপ অনেকটাই কমানো সম্ভব।
দুই হাত ব্যবহার করো: ফোন সব সময় এক হাতে ধরে রাখলে সেই হাতের ওপরই বেশি চাপ পড়ে। দীর্ঘদিন এমন চলতে থাকলে একই ধরনের নড়াচড়ার কারণে হাতে সমস্যা দেখা দিতে পারে। তাই চেষ্টা করো, দুই হাত পালা করে ফোন ব্যবহার করতে। এতে এক হাতের ওপর একটানা চাপ পড়বে না।
চেয়ারের কাছাকাছি বসো: কম্পিউটারে কাজ করার সময় চেয়ার থেকে অনেকটা দূরে বসে থাকলে শরীর সামনের দিকে ঝুঁকে যায়। ফলে ঘাড় ও পিঠ বাঁকা হয়ে থাকে। তাই চেয়ারের দিকে একটু এগিয়ে বসো। এতে শরীর সোজা রাখা সহজ হবে।
ল্যাপটপ স্ট্যান্ড ব্যবহার করো: ল্যাপটপের পর্দা চোখের সমান উচ্চতায় রাখার চেষ্টা করো। তাহলে নিচের দিকে তাকিয়ে কাজ করতে হবে না। এ জন্য ল্যাপটপ স্ট্যান্ড ব্যবহার করতে পারো। পাশাপাশি আলাদা তারবিহীন কিবোর্ড ও মাউস ব্যবহার করলে হাত ও চোখকে অস্বাভাবিক অবস্থানে রেখে কাজ করতে হবে না।
পিঠের পেশি সক্রিয় রাখো: দীর্ঘ সময় চেয়ারে বসে কাজ করার আগে পিঠের পেশির কিছু ব্যায়াম করা ভালো। যেমন রেজিস্ট্যান্স ব্যান্ড দিয়ে রো ব্যায়াম করা যায়। এতে পিঠের পেশি সক্রিয় হয়। ফলে কাজের সময় শরীর সামনের দিকে ঝুঁকে পড়ার প্রবণতা কমে।
হাত পেছনে নিয়ে শরীর প্রসারিত করো: দুই হাত পিঠের পেছনে নিয়ে আঙুলগুলো একসঙ্গে জড়িয়ে ধরো। এরপর ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকো। এতে পিঠের ওপরের অংশের পেশিতে টান পড়বে। একই সঙ্গে মাথা ও ঘাড় পেছনের দিকে সোজা রাখতে সাহায্য করবে।