পানি

অলংকরণ: রাকিব রাজ্জাক

বিশুদ্ধ পানির সংকটের কারণে পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন। আর কিছু সময় পরেই শেষ হবে শান্তিচুক্তি। এরপরই নিউক্লিয়ার অস্ত্র নিয়ে এক দেশ ঝাঁপিয়ে পড়বে আরেক দেশের ওপর। এই বিরতি শেষ হওয়ার কিছু সময় আগে নিজের গোপন ল্যাবে বসে ড. কিলিন প্রায় শূন্য থেকে পানি প্রস্তুত করার ফর্মুলা আবিষ্কার করলেন আর বুঝতে পারলেন এই যাত্রায় পৃথিবীকে বাঁচিয়ে দিয়েছেন তিনি। আবিষ্কারের আবেগ দূরে ঠেলে ড. কিলিন দ্রুত নিজের হাতঘড়ির দিকে তাকালেন। দেখলেন হাতে একেবারেই সময় নেই। ল্যাব থেকে বেরিয়ে নিজের টেলিফোনে দেশের সামরিক প্রধানের নম্বর ডায়াল করা শুরু করলেন তিনি। এমন সময় হঠাৎ তীব্র আলোয় তার চোখ ধাঁধিয়ে গেল। সঙ্গে সঙ্গেই প্রচণ্ড বিস্ফোরণে ধুলায় মিশে গেল ড. কিলিনের ল্যাবসহ সম্পূর্ণ অঞ্চল।

........

তরুণ কমান্ডো তার ক্যাপ্টেনের দিকে তাকিয়ে বলল, আমরা মনে হয় সময় হওয়ার একটু আগেই আঘাত হেনেছি। কমান্ডোর কথা শুনে মাঝবয়সী ক্যাপ্টেন হিংস্রভাবে জবাব দিলেন, পৃথিবীতে এখন সময় বলে কিছু নেই ছেলে।