তুতু

প্রাচীন ভারতে জন্ম নেওয়া এই পিশাচ এখনো টিকে আছে মানুষের মধ্যে। জন্ম অন্ধকার থেকে…

মা, ঘুম আসছে না।

পিশাচ নিয়ে লেখা প্রাচীন বইটা থেকে চোখ তুললেন মায়া। তুতু দাঁড়িয়ে আছে নিজের ঘরের দরজার সামনে। দেখতে লাগছে দেবদূতের মতো ফুটফুটে। খুব ছোট্ট তুতুকে তিনি পেয়েছিলেন বান্দরবানে ক্যাম্পিং করার সময়। এরপর থেকে মেয়েটার মা হয়েই দিন পার করছেন। মেয়েটার দিকে তাকালে জীবনের কোনো শূন্যতা স্পর্শ করে না তাঁকে।

বই রেখে তুতুকে গান গেয়ে ঘুম পাড়িয়ে এলেন মায়া। তারপর মনোযোগ দিলেন বইয়ে। মানুষই এদের বড় করে। কুৎসিত এই পিশাচ মানুষের হয়ে ওঠে আপন। আসল রূপ দেখায় আট বছর বয়সে…

‘মা, তুমি কী পড়ো?’

বই থেকে চোখ তুলে তুতুকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখলেন মায়া। আট বছরের বাচ্চার তুলনায় ওর কণ্ঠ অনেক বেশি ক্রূর।