হাসানুল ফেরদৌসের ভৌতিক গল্প—মড়া

ছপাত ছপাত শব্দে বইঠা পড়ছে পানিতে। এগিয়ে যাচ্ছে আমাদের নৌকা। দূরে যতখানি চোখ যায়, শুধুই অন্ধকার। আধখানা চাঁদ উঠেছে নদীর ওপার ঘেঁষে। আমরা বেরিয়েছি মাছ ধরতে। বর্ষার সময় রাতের বেলা মাছ ধরতে বের হওয়া আমাদের নিত্যদিনের ব্যাপার। কখনো আমি বইঠা বাই, দাদা জাল ফেলে মাছ ধরেন। আবার কখনো উল্টোটা।

সেটা বেশ আগের কথা। আমার তখন চৌদ্দ-পনেরো বছর বয়স। গ্রামে তখনো বিদ্যুৎ আসেনি। সন্ধ্যার পরপর বেশির ভাগ মানুষই খাবার খেয়ে হারিকেন বা কুপিবাতি নিভিয়ে ঘুমিয়ে পড়ত। আর আমরা বের হতাম মাছ ধরতে। একটা ছোট্ট ডিঙি নৌকা আর একটা ঝাঁকি জাল সঙ্গে নিয়ে।

সে রাতে আমরা নৌকা নিয়ে অনেকটা পথ এগিয়ে গেছি। কখনো নৌকা থামিয়ে মাছ ধরি, আবার কখনো আস্তে আস্তে নৌকা বাইতে থাকি। ঘড়ির হিসাবে দেড়-দুই ঘণ্টা হবে, কয়েকটা কুচো চিংড়ি আর অল্প কিছু পোনা মাছ ছাড়া কিছুই পাওয়া যাচ্ছে না। মাছের লোভে আমরা আবার একটু এগোই, আবার জাল ফেলে কিছুক্ষণ বসে থাকি। এভাবে নদীর ধার ঘেঁষে এগোতে এগোতে কখন যে পৌঁছে গেছি পাশের গ্রামে, কেউই খেয়াল করিনি। এদিকটায় তেমন কেউ আসে না।

আমার খেয়াল হতেই বইঠা চালানো থামিয়ে বললাম, ‘দাদা, নৌকা ঘুরাই? মাছ তো মনে হয় আর পাওয়া যাইব না।’

দাদা বললেন, ‘সমস্যা নাই। আরেকটু যাই।’

ইতস্তত করে বললাম, ‘সামনে তো শ্মশানঘাট...’

এদিকটায় কেউ না আসার এটাই কারণ। দিনের বেলায়ও মানুষজন কম আসে। আর এমন রাতে তো কেউই শ্মশানের পথ মাড়াতে চায় না।

দাদা একটা ঝাড়ি মেরে আমাকে বললেন, ‘শ্মশান হইছে তো কী হইছে? এত ডরাইলে চলব?’

আমি জানি, দাদার সাহস বেশি। তা ছাড়া ভয় পেয়েছি বুঝলে যদি পরদিন আর সঙ্গে না আনেন! তাই কোনো কথা বাড়ালাম না। আস্তে আস্তে নৌকা এগোতে লাগলাম।

সেই যে একবার যতীনের জ্যাঠা মারা গেল, বাবার সঙ্গে এই শ্মশানঘাটে এসেছিলাম। তারপর আর না। যতীনের মুখেই শুনেছি, জায়গাটা ভালো নয়। রাতের বেলা নাকি অনেকেই অনেক কিছু দেখেছে।

আবছা আলো-অন্ধকারে সামনে একটা বাঁশঝাড় দেখা যায়। ওটার ওপাশেই ঘাট। এখানেই জাল ফেলে দাদা নৌকা থামানোর ইঙ্গিত করলেন। কারণ, পানিতে কোনো আলোড়ন পেলেই মাছ সরে যায়। কিছুক্ষণ পর আস্তে আস্তে যখন জাল গুটিয়ে ওপরে আনা হলো, প্রায় মাঝারি সাইজের একটা শোল মাছ পাওয়া গেল। খুশিতে দাদা তার ফোকলা দাঁত বের করে বললেন, ‘মাছ যে কখন কোনখানে লুকায় থাকে, কেউ বলতে পারে না! চল, এবার ফিরা যাই।’

আমারও তখন মনের মধ্যে খুশি খুশি ভাব। বইঠা দিয়ে যখন নৌকা ঘুরাচ্ছি, দাদা বললেন, ‘ওই পাশে কিসের আগুন? মড়া পোড়ায় নাকি?’

আমিও খেয়াল করলাম, বাঁশঝাড়ের ফাঁকফোকর দিয়ে শ্মশানের দিকে আগুন দেখা যায়। দাদা বললেন, ‘দেখি, কার মড়া পোড়ায়!’

আরও পড়ুন

তখনকার দিনে পাশাপাশি গ্রাম হলেও সবাই সবার খবর রাখত। কে মারা যাচ্ছে, কার বিয়ে হচ্ছে, কে শহরে যাচ্ছে, জানতে হতো সবই। তাই বেশ অবাক হলাম যে কার মড়া, কোনো খবর পেলাম না! তবু মনে মনে বললাম, ওদিকে না যাওয়াই ভালো।

নৌকা নিয়ে কিছু দূর এগোনোর পর দেখা গেল, দুজনমাত্র মানুষ, তাদের সামনে চিতার আগুন জ্বলছে। নৌকা দূরে রেখে দাদা হাঁক দিয়ে জিজ্ঞেস করলেন, ‘কে মারা গেছে?’

দুবার জিজ্ঞেস করা হলো, কোনো উত্তর নেই। শেষে যখন বলা হলো, ‘কী মিয়ারা, কানে শোনেন না?’

তখন একজন বলল, ‘নিতাই ঘোষ।’

নিতাই ঘোষ আমার বড় চাচার বন্ধু। তাঁর ছেলে শ্রাবণ আমাদের স্কুলের বড় ভাই। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ‘জ্যাঠা কেমনে মারা গেলেন?’

‘রক্তবমি আর কলেরা।’ জবাব এল।

জ্বর সারল তিন-চার দিন পর। এই কটা দিন কেবল দাদার মুখেই বাড়তি চিন্তার ছাপ দেখা যাচ্ছিল। ঘটনাটার কথা আমরা কাউকে বলিনি। তারপর থেকে দাদাও আর মাছ ধরতে যান না।

আমরা আর কথা বাড়ালাম না। শোকের সময়ে এসব নিয়ে কথা বলতে গেলে শেষে সান্ত্বনা দেবার উপায় থাকে না। নৌকা ঘুরিয়ে বাড়ির দিকে ফিরে এলাম। মাছগুলো রান্নাঘরে রেখে পা টিপে টিপে গিয়ে শুয়ে পড়লাম।

পরদিন ঘুম ভাঙার পর বড় চাচার সঙ্গে দেখা হতেই জিজ্ঞেস করলাম, ‘নিতাই জ্যাঠার খবর জানো?’

চাচা বললেন, ‘খবর জানার কী আছে? বাজারে গেলেই দেখা হবে।’

মিনমিন করে বললাম, ‘জ্যাঠা নাকি মারা গেছেন!’

শুনে আমাকে একটা জোর ধমক দিয়ে চাচা বললেন, ‘এসব আজগুবি খবর কোথায় পাস?’

আমি আর কথা বাড়ালাম না। স্কুলে চলে গেলাম। টিফিন পিরিয়ডে মাঠে শ্রাবণদাকে দেখে তাজ্জব হয়ে গেলাম, দিব্যি বন্ধুদের সঙ্গে হেসেখেলে ঘুরে বেড়াচ্ছে। ভ্রু কুঁচকে গত রাতের ঘটনাটা মনে করার চেষ্টা করলাম। কী দেখেছি আসলে! আমি আর দাদা দুজন ছিলাম, দুজনে মিলে তো ভুল শোনার কথা নয়। ক্লাসে ঠিকঠাক মন বসল না। ছুটি হওয়ামাত্রই এদিক–ওদিক কোথাও সময় নষ্ট না করে বাড়িতে চলে এলাম।

এসেই দাদার কাছে গিয়ে বললাম, ‘দাদা, কাল রাতে নিতাই ঘোষ বলল না? স্কুলে তো শ্রাবণদাকে দেখলাম হেসেখেলে বেড়াচ্ছে, একদম স্বাভাবিক।’

দাদা বললেন, ‘হ্যাঁ আমিও বাজারে চায়ের দোকানে দেখলাম, নিতাই আর তোর চাচা বসে চা খাচ্ছে। আমার সঙ্গেও কথা বলল...’

‘তাইলে কী...’

‘ওই আমাদেরই মনে হয় শোনার ভুল, অন্য কারও নাম বলছে, কিন্তু শুনছি নিতাইয়ের নাম...’

আরও পড়ুন

এত সহজে আমার চিন্তা থামল না। উল্টো মনের মধ্যে ভয় ঢুকে গেল। আর মাথার মধ্যে এটা-সেটা নানা রকম দুশ্চিন্তা। এসবের কারণেই বোধ হয় সেদিন রাতে আমার কাঁপুনি দিয়ে জ্বর এল। মা-বাবা কারণ হিসেবে রাতের বেলায় মাছ ধরতে বের হওয়াকে দুষলেন।

জ্বর সারল তিন-চার দিন পর। এই কটা দিন কেবল দাদার মুখেই বাড়তি চিন্তার ছাপ দেখা যাচ্ছিল। ঘটনাটার কথা আমরা কাউকে বলিনি। তারপর থেকে দাদাও আর মাছ ধরতে যান না। আর আমি সন্ধ্যা হওয়ার পর ক্লাসের পড়া শেষ করে ঘুমিয়ে পড়ি।

এ রকমভাবে ভালোই চলছিল। মাসখানেক পর একদিন বিকেলবেলায় বাসায় খবর এল, নিতাই জ্যাঠা মারা গেছেন। আমরা হন্তদন্ত হয়ে ছুটে বের হলাম। দাদা, চাচা আর আমি চলে গেলাম পাশের গ্রামে।

মৃতের বাড়িতে থাকে শোক আর ব্যস্ততা। চারপাশ থেকে মানুষের ছোটাছুটির মধ্যে শ্রাবণদাকে জিজ্ঞেস করি, ‘কী হয়েছিল জ্যাঠার?’

শ্রাবণদা একফাঁকে ছোট্ট করে উত্তর দেয়, রক্তবমি..., আর ফিসফিস করে বলে, কলেরা।

কলেরার কথাটা প্রথমে কেউ জানত না। তবু কীভাবে যেন ওখান থেকে কানাকানি হয়ে সেটা ছড়িয়ে পড়ে পাড়াপড়শিদের মধ্যে। কেউ কেউ রাগ দেখায়, কেউ আবার ভয় পায়, ছোঁয়াচে রোগের ভয়ে আস্তে আস্তে খালি হয়ে যেতে থাকে উঠান। শাস্ত্রীয় ও আচারের নিয়মগুলোও যেন হঠাৎ বন্ধ হয়ে যায়। আমরা মাত্র কয়েকজন থাকি সেখানে। নানা কথা শুনে শেষ পর্যন্ত সব নিয়ম পালনে সাহায্য করলাম। তারপর শবদেহ খাটিয়ায় তুলে, ঘাড়ে নিয়ে এগোলাম শ্মশানের দিকে।

এত সব হাঙ্গামা পার করে শ্মশানে পৌঁছাতে বেশ রাত হয়ে গেল। আমাদের তিনজনের সঙ্গে কেবল শ্রাবণদা আর তার ছোটকা। চিতা আগে থেকেই তৈরি করা ছিল। শবদেহ সেখানে রাখার পর মুখাগ্নি করে শ্রাবণদা। আমরা খানিকটা দূরে দাঁড়িয়ে দেখি।

কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বিদায় নিলাম আমরা। বাড়িতে ফিরতে অনেক দূর যেতে হবে। কয়েক পা মাত্র এগিয়েছি, এমন সময় দূর থেকে একটা হাঁক শোনা গেল, ‘কে মারা গেছে?’

দাঁড়িয়ে পড়লাম আমরা। কিছুক্ষণ পর আবার সেই হাঁক। বড় চাচা কিছুই বুঝতে পারছেন না। আমি মুখ চাইলাম দাদার দিকে আর দাদা চেয়ে আছেন আমার দিকে। তারপর বুক ধক করে উঠল, যখন শোনা গেল, ‘কী মিয়ারা, কানে শোনেন না?’

আমরা শুনতে পেলাম, শ্রাবণদা উত্তর দিল, ‘নিতাই ঘোষ!’

গাছগাছালির ফাঁক দিয়ে দূরে দেখা যাচ্ছে আধখানা চাঁদ, এখনো পুরোপুরি উজ্জ্বল হয়নি।

আরও পড়ুন