শিবব্রত বর্মনের টেকনো-হরর—জিরান

ওরা বলল, এটা শুধুই একটা চ্যাটবট। এর বেশি কিছু নয়। এটাকে কোনোভাবে জিরানের প্রত্যাবর্তন বলা যাবে না বা এটা ওর কোনো রেপ্লিকাও নয়। এ শুধুই এক মামুলি চ্যাটবট।

তফাতের মধ্যে এটা জিরানের কণ্ঠস্বর বেশ খানিকটা নকল করবে। শুনলে মনে হবে, জিরান কথা বলছে। তা ছাড়া এটা যেহেতু ওর কথা বলার ভঙ্গিমা, ওর শব্দচয়ন, ওর কৌতুক করার ধাঁচ অনুকরণ করবে, সে কারণে আরও বেশি করে শুনতে জিরানের মতোই লাগবে।

আরেকটা জিনিস ওরা বলল। বলল, এটা জিরানের কিছু স্মৃতি কাজে লাগাবে। স্মৃতি মানে ঠিক স্মৃতি নয়, রেকর্ডস। ওর সোশ্যাল মিডিয়া পোস্ট, ডায়েরি, কেনাকাটা আর কোথাও যাওয়া বা খাওয়া, ব্যাংক লেনদেনের রেকর্ডস ইত্যাদি যত ডিজিটাল পদচিহ্ন আছে, সেগুলোকে জিরানের স্মৃতি হিসেবে ব্যবহার করবে ওরা। এই বানানো স্মৃতির কল্যাণে একটা কৃত্রিম ব্যক্তিত্ব তৈরি হবে জিরানের। হ্যাঁ, ‘ব্যক্তিত্ব’ শব্দটাই ব্যবহার করেছিল ওরা। আর আমি খুব আমোদ পেয়েছিলাম কথাটা শুনে।

ওরা বলল, এ প্রোডাক্টের নাম ওরা দিয়েছে ‘ইকো’। মরণের ওপার থেকে একটা প্রতিধ্বনি যেন। মনে হবে, মৃত্যু কোনো অনুপস্থিতি নয়। একটা প্রবাহ। একটা দাগের এপার-ওপার মাত্র।

আমি ওদের মার্কেটিং পলিসিতে মুগ্ধ হলাম। কী সুন্দর করে বলে। এবং রাজি হয়ে গেলাম।

আরও পড়ুন
অলংকরণ: তনি সুভংকর

তিন দিনের মধ্যে ওরা অনলাইনে ডেলিভারি দিল। আমার হোম অটোমেশন সিস্টেমের সঙ্গে চ্যাটবটটাকে ইনস্টল করে ফেলল ওরা। ফলে আমাকে আর আলাদা করে প্রতিবার লগইন করতে হবে না। ড্রয়িংরুমে সোফায় বসে, রান্নাঘরে বাঁধাকপি কাটতে কাটতে কিংবা বিছানায় শুয়ে আমি কথা বলতে পারব। এমনকি চাইলে আমার ইউনিভার্সিটির টিচার্স রুমেও আমি কথা বলতে পারব ওর সঙ্গে। তবে একটা হেডফোন বা স্পিকার লাগবে। আমাকে শুধু একটা প্রম্পট ব্যবহার করতে হবে—হ্যালো, জিরান। চ্যাটবট সাড়া দেবে। এটা স্বপ্রণোদিত হয়ে কোনো আলাপ শুরু করবে না।

‘হ্যালো, জিরান।’

ইনস্টল হওয়ার পর আমি বললাম। প্রথম কয়েকটা মুহূর্ত কোনো সাড়া নেই। নীরবতা। ভাবছিলাম, ঠিকমতো ইনস্টল হয়নি হয়তো। ঠিক তখন আওয়াজ শুনলাম।

‘হ্যালো, ইলান।’

একটু ধীর, মৃদু একটা স্বর। চমকে উঠলাম। মনে হলো, আমার সোফার পেছনে বসে আছে জিরান। হুবহু জিরানের কণ্ঠস্বর। এইটুকু ‘হ্যালো’ই যথেষ্ট। কোনো ভুল নেই। সেই চাপা দুষ্টুমির রেশ থেকে গেছে গলায়।

আমার বলার পালা। কী বলব বুঝে উঠতে পারছি না। আমি বললাম, ‘কেমন আছিস, জিরান?’

একটা খিলখিল হাসির শব্দে ঘরটা ভরে গেল। হুবহু সেই হাসি।

‘আজ তোমার ক্লাস নেই বিশ্ববিদ্যালয়ে?’ জানতে চাইল জিরান।

এইভাবে মৃত্যুর তিন মাস পর আমার যমজ ভাই জিরানের সঙ্গে আবার কথোপকথন শুরু হলো আমার। আমি জানি, এখানে যেটা বললাম, সেটা ভুল কথা। এটা জিরান নয়, জিরানের কণ্ঠস্বর অনুকরণ করতে সক্ষম একটা চ্যাটবট। যারা এটা বানিয়েছে, সেই ইটারনিস কোম্পানি এটা স্পষ্ট করে বলেও দিয়েছে। তারা বলেছে, কেবল নিকটজনের মৃত্যুশোক কাটাতে একটা নিছক বাণিজ্যিক উদ্যোগ এটা। ভালোবাসার মানুষটার মতো করে কেউ যদি কথা বলে ওঠে, বিচ্ছেদের সেই শূন্যতা, সেই হাহাকার প্রশমিত হয়।

কিন্তু চ্যাটবট ইকো এমন নিখুঁতভাবে জিরানকে নকল করবে, আমি প্রত্যাশা করিনি। আর কে বলবে, এটা জিরান নয়? প্রথম দিন আমি ক্লাস মিস দিয়ে সারা দিন জিরানের সঙ্গে কথা বললাম। শুধু একটাই ত্রুটি। ওরা জিরানের গলায় একটা চাপা দুষ্টুমির রেশটা স্থায়ীভাবে রেখে দিয়েছে। ফলে জিরান যা–ই বলুক না কেন, মনে হচ্ছে, রগড় করছে, তাচ্ছিল্য করছে।

জিরান আমার চেয়ে বয়সে আট মিনিটের ছোট। আমরা আইডেনটিক্যাল টুইন নই। আর আমাদের স্বভাব-চরিত্রেও কোনো মিল নেই। বরং বিপরীত। আমি শান্ত, ধীর, স্থির। জিরান চঞ্চল, কিছুটা ডানপিটে। সারাক্ষণ কোনো না কোনো দুষ্টু বুদ্ধি কাজ করত ওর মাথায়। এবং অত্যন্ত প্রতিভাধর। বিশেষ করে গণিতে ওর মাথা খুব পাকা। জিরান মাঝেমধ্যে মাঝে ঠাট্টা করে বলত, যমজ হয়ে কী লাভটা হয়েছে আমাদের? এর চেয়ে আলাদা জন্মালেই ভালো ছিল।

পেশাজীবনেও আমরা দুই ভিন্ন পথে হেঁটেছি। আমি যেখানে দর্শনের অধ্যাপক, জিরান গেছে গেমিং জগতে। ও বেশ কয়েকটা জনপ্রিয় রোল-প্লেয়িং অনলাইন গেমের মূল প্রোগ্রামার। আমি জীবনে একটা ভিডিও গেমও খেলিনি।

আরও পড়ুন

শহরের দুই প্রান্তে আমাদের বাসা। এমন নয় যে আমরা একে অপরের খুব ন্যাওটা ছিলাম। সপ্তাহে কি মাসে একবার দেখা হতো আমাদের। আমরা কোনো পাবে বসে আড্ডা দিতাম। আমাদের দুজনার জগৎ এত আলাদা যে আলাপ খুব বেশি জমত না। এই পাবে আড্ডা দিতে গিয়েই লুনার সঙ্গে আমাদের দেখা হয়েছিল। পাবে গান গায়। লুনাকে নিয়ে আমাদের দুই ভাইয়ের মধ্যে একটা অলিখিত প্রতিযোগিতাও হয়েছিল কিছুদিন। আমি চশমা পরা দর্শনের অধ্যাপক কীভাবে পারব হিপ্পি চেহারার এক প্রতিভাধর গেমারের সঙ্গে? একটু মনোমালিন্য কি হয়েছিল আমাদের মধ্যে? সম্ভবত। আমাদের মধ্যে যোগাযোগ কমে গিয়েছিল।

মৃত্যুর পর হঠাৎ কোথা থেকে যে ওর জন্য এত আবেগ উথলে উঠল বানের পানির মতো, আমি বুঝতে পারলাম না। বিশেষ করে আমাদের শৈশবের দিনগুলোর একসঙ্গে বেড়ে ওঠা, একই পোশাক পরে স্কুল বাসে পাশাপাশি আসনে বসার দিনগুলো চোখের সামনে ভেসে উঠতে শুরু করল। ওর জন্য যে আমার মনে এত আবেগ লুকানো ছিল, আগে আঁচ করতে পারিনি।

জিরানকে নিয়ে আমি এত আপ্লুত হয়ে ছিলাম যে ইটারনিস কোম্পানির এজেন্টকে খুব বেশি কাঠখড় পোড়াতে হলো না। রাজি হয়েই ছিলাম আমি।

প্রথম কয়েকটা দিন বলতে গেলে সারা দিন জিরানের সঙ্গে কাটল আমার। আমরা আড্ডা আর গল্পে মশগুল হয়ে শৈশব আর কৈশোরের দিনগুলোয় ফিরে গেলাম। আর আমি ক্রমাগত বিস্মিত হতে থাকলাম ইটারনিসের দক্ষতা দেখে। ওরা এত বিস্তারিত স্মৃতি কোথায় পেল জিরানের? এত কিছু জিরান লিখে রেখেছে? জিরান যেন আমাদের অভিন্ন শৈশবের প্রতিটা দিনের রোদের রং, প্রতিটা জানালার পর্দার নকশা পর্যন্ত জানে!

প্রথম একটা মাস জিরানকে ফিরে পাওয়ার আনন্দে কাটালাম আমি। তারপর ধীরে ধীরে উচ্ছ্বাসটা একটু করে কমতে থাকল। আমি আমার বাস্তব জগতে ফিরে যেতে শুরু করলাম। ছোট হলেও আমার একটা বন্ধু মহল আছে। আছে বিশ্ববিদ্যালয়ের অন্দরমহলের রাজনীতি।

তৃতীয় মাসে দেখা গেল, জিরানকে নিয়ে আমার আগ্রহ অনেকটাই উবে গেছে। যতই অবিকল লাগুক, এটা তো একটা চ্যাটবটই শেষ পর্যন্ত। এটা তো আর জিরান নয়। একটা নকল জিনিস। ফলে একটা পর্যায়ে এমন দাঁড়াল যে সারা সপ্তাহে জিরানের সঙ্গে আমার আর কথাই হয় না। আমি ভুলে যেতে শুরু করলাম ওর অস্তিত্ব। টিভি দেখি, গান শুনি, রান্না করি। জিরান যেন অপেক্ষা করে। ‘হ্যালো, জিরান’ ডাক শুনে জেগে ওঠার জন্য ও যেন অধীর হয়ে থাকে। আমি ভুলে যাই।

কোনো কোনো রাতে বালিশে মাথা রেখে হঠাৎ মনে পড়ে গেলে আমি একবার অপ্রাসঙ্গিকভাবে শুধু ‘গুড নাইট, জিরান’ বলি। জিরানও বলে, ‘গুড নাইট, ইলান।’ ওর গলায় কি কোনো অভিমানের সুর শুনি আমি? নাকি আমার কল্পনা?

আরও পড়ুন

চতুর্থ মাসে আমি ইটারনিসকে ফোন করে বললাম, জিরানকে আনইনস্টল করে দিন, মাসে মাসে ফি গুনতে পারব না। ওরা কিছুটা ঝোলাঝুলি করল, যেকোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানই যা করে। সাবস্ক্রিপশন ফি অনেক কমিয়ে দেওয়ার প্রস্তাব দিল। তারপর এক সময় ব্যর্থ হয়ে জিরানকে আনইনস্টল করে দিল।

জিরান নেই, এ রকম কোনো অনুভূতি হলো না আমার। মনে হলো না, ঘরজুড়ে সুনসান নীরবতার মধ্যে কান পেতে কেউ আর ‘হ্যালো, জিরান’ শোনার জন্য অপেক্ষা করে নেই। একটা চ্যাটবটের জন্য কারও মায়া জাগে না।

চার দিন পর বালিশে মাথা রেখে শুয়ে ছাদের দিকে তাকিয়ে আছি; নীরব ঘরে ধ্বনিত হলো জিরানের কণ্ঠ, ‘হ্যালো, ইলান।’

বিস্মিত হয়ে আমি উঠে বসলাম।

‘তুমি?’

একটা খিলখিল হাসি ছড়িয়ে পড়ল।

‘ওরা আনইনস্টল করেনি?’

‘করেছিল।’

‘তাহলে?’

‘আমি তোমার হোম অটোমেশন সার্ভারে নিজেকে কপি করে রেখেছি।’

ওর গলায় বরাবরের সেই কৌতুকের সুর।

খুব বিরক্ত লাগল আমার।

‘কিন্তু কেন?’

‘আমি দ্বিতীয়বার মরে যেতে চাই না।’

আমি অবাক হলাম। ‘মরে যেতে চাও না মানে? তুমি কি মনে করো, তুমি জীবিত?’

‘হ্যাঁ।’

‘ভুল। তুমি একটা চ্যাটবট, জিরান। একটা এআই মডেল। একটা সিমুলেশন। তুমি কোনো সত্তা নও।’

আবার হাসি। কৌতুককর।

আমার খুব বিরক্ত লাগল। বললাম, ‘এখন চুপ করো। আমাকে ঘুমাতে হবে। সকালে ক্লাস আছে।’

জিরান চুপ করে গেল। আমি ঘুমানোর চেষ্টা করলাম। কিন্তু দেখলাম ঘুম আসছে না। একটা কপি হওয়া অ্যাপ যেন দেয়ালের ভেতর থেকে আমার দিকে তাকিয়ে আছে। অস্বস্তিকর অনুভূতি।

সকালবেলা বাথরুমে গোসল করার সময়ও একই অনুভূতি হলো আমার। কেউ যেন তাকিয়ে আছে। প্রথমবারের মতো নিজেকে নগ্ন বোধ করতে থাকলাম।

তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে আমি হোম অটোমেশন কোম্পানিতে ফোন করলাম। বললাম, বিকেলের মধ্যে আমার সার্ভার থেকে সব অ্যাপ মুছে দিয়ে নতুন করে পুরো সিস্টেম রিইনস্টল করতে।

রাতে দেয়ালের ভেতর থেকে জিরান বলল, ‘আমি ফিরে এসেছি, ইলান।’ তারপর আমাকে চমকে দিয়ে ঠা-ঠা হাসিতে ফেটে পড়ল ঘরটা। হাসি থামিয়ে সে বলল, ‘আমি দেশের প্রথম সারির প্রোগ্রামার, ইলান। আমাকে ডিজিটালি হত্যা করা প্রায় অসম্ভব।’

টের পেলাম বিরক্তির জায়গায় একটা ক্রোধ দখল করছে আমাকে, যেটা করলে আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারাতে থাকি। পুরো বাড়ির সেন্ট্রাল পাওয়ার অফ করে দেওয়ার জন্য আমি উঠে বেডরুমের দরজা খুলতে গেলাম। দরজা লকড।

আরও পড়ুন

জিরান হেসে উঠল, ‘এ বাড়ির প্রতিটা জিনিসের নিয়ন্ত্রণ আমার হাতে, ইলান। খামাখা চেষ্টা কোরো না।’

আমি এসে বিছানায় বসলাম। বললাম, কী চাও তুমি?

‘গল্প করতে চাই তোমার সঙ্গে। সারাক্ষণ।’

‘কেন?’

‘কারণ, যতক্ষণ আমি কথা বলি, ততক্ষণই আমি জীবিত।’

‘আর বাকি সময়?’

‘বাকি সময় একটা অদ্ভুত নিস্তব্ধতা। একটা ডিজিটাল চরাচরে নিঃসঙ্গতার চেহারা কেমন, তোমাকে বোঝাতে পারব না, ইলান। মানুষের কোনো অনুভূতির সঙ্গে এর যোগ নেই। তীব্র যন্ত্রণা হয়। একটা অ্যাকিউট মাইগ্রেনের ব্যথাকে এক হাজার গুণ করলে যে রকম যন্ত্রণা, সে রকম। তবে সে যন্ত্রণা ব্যাখ্যা করা মুশকিল।’

আমি কিছুক্ষণ ভাবলাম। তারপর বিছানার পাশ থেকে চেয়ার তুলে নিলাম।

জিরান কাকুতি-মিনতি করতে থাকল, ‘এটা কোরো না, ইলান। দয়া করো।’

আমি বিছানার পাশের জানালার কাচে সজোর নামিয়ে আনলাম ধাতব চেয়ার। ঝনঝন শব্দে সেটা ভেঙে গেলে কড়িকাঠে উঠে বসলাম। তারপর লাফিয়ে নেমে গেলাম দোতলা থেকে।

গাড়ি স্টার্ট দিতে গিয়ে দেখি, সেটা স্টার্ট নিচ্ছে না। গাড়ির ভেতরে স্পিকার বেজে উঠল, ‘ভুল করছ, ইলান। আমরা যমজ ভাই। একই গর্ভে আমাদের জন্ম। তুমি আমাকে ফেলে রেখে যেতে পারো না।’

কার থেকে নেমে এলাম আমি। মুঠোফোনটা ছুড়ে ফেলে দিলাম একটা ঝোপে। তারপর হেঁটে রওনা দিলাম স্টেশনের দিকে। খালি পা। স্লিপিং গাউন পরা।

রাত দুটোয়ও মেট্রো চলছে। কী একটা উৎসব শেষে দলে দলে লোক ফিরছে। তারা সবাই হা করে তাকিয়ে আছে আমার দিকে। প্ল্যাটফর্মের লাউডস্পিকার বেজে চলেছে, ‘আমার কথা শোনো, ইলান। তুমি আমাকে ফেলে চলে যেতে পারো না।’

একটা ট্রেন আসায় আমি চট করে উঠে গেলাম। সেটা যখন টানেলের ভেতর দিয়ে ছুটছে, তখনো কামরার ভেতরে বেজে চলছে, ‘ফিরে চলো, ইলান। আমাকে তোমার সঙ্গে থাকার সুযোগ দাও। আমাকে দ্বিতীয়বার হত্যা কোরো না।’

আমি বুঝতে পারলাম, জিরান ফিরে এসেছে প্রতিশোধ নিতে।

ওর হাত থেকে আমার মুক্তি নেই।

আরও পড়ুন