গুগলে গুগলে গুগলে!

অলংকরণ: সারা তৌফিকা

মোটেও যা নেই বইয়ে কিংবা ভূগোলে
তা-ই আছে জেনো গুগলে গুগলে গুগলে।
কোথায় কী কাজ করছে সরল গাধারা
ভিরমি কেনই খাচ্ছে তাদের দাদারা
সবই পাওয়া যায় ঠিকমতো সার্চ করলে।
বললে কি তুমি—মিছে কথা! বাজি ধরলে?
তুমি না একটা মূর্খ খাসির বাচ্চা
মোটাই হয়েছ, জানো না ব্যাপার সাচ্চা।
গুগলেই সার্চ করলে পাবে যে তথ্য
দেখবে কিসের কারণে কারা যে মত্ত।
হ্যানয়ে কেনই সিংহরা শুধু কাঁদছে
বেড়ালেরা কেন গিটারেই গলা সাধছে!
ভাতের গরম মাড় দিয়ে কোন ভালুকে
গোসল করায় কেন রোজ তার খালুকে।
কেন হ্যানোভারে মত্ত ছাগল ছানারা
গান গায় রোজ তা-না-রা কা-না-রা তা-না-রা।
জানা যায় আরও বেড়াল ছানারা খুশিতে
পাঁঠাদের নাক ফাটাচ্ছে কেন ঘুষিতে!
কেন তড়পায় বেজিদের এক যুগলে
এর সবকিছু জানায় গুগলে গুগলে।

আরও জানা যায়, আর কোথা নয় ব্রাজিলে
ডিগবাজি খায় রাজপথে দশ ফাজিলে
এবং কেনই শুধু শুধু করে হল্লা
বলে কি-না চাই কচুগাছেদের কল্লা!
শুধু কি এসব, জানা যায় বড় জলদি
মোষেরা কেনই গায়ে মাখে রোজ হলদি।
সুন্দরবনে বাঘেরা কেনই হাম্বা—
ডাকে আর নাচে দিন-রাত তারা সাম্বা!
বানরেরা কেন মিছিল করছে জাপানে
তপ্ত মুণ্ডু ঠান্ডা করে যে চা পানে।
জানা যায় আরও কানাডা এবং রাবাতে
ষাট হাঁড়ি ভাত গেলে রোজ পাঁচ হাভাতে।
জেব্রারা কোথা পাউডার মুখে মাখছে
দিল্লিতে কেন ময়নারা ছবি আঁকছে;
গরুরা কোথায় পাঠাগারে বই পড়ছে
গন্ডার যত হালচাষ শুধু করছে।
হরিণেরা কেন ফুটবল খেলে চিলিতে
খেলা শেষ হয় প্রতিবারই কিলাকিলিতে।
প্রতিবারই তারা হারে-জেতে শুধু দু-গোলে
এসব তথ্য জানায় গুগলে গুগলে!