তোমার যখন মাথাব্যথা হবে
তোমার যখন মাথাব্যথা হবে মাথাব্যথা হবে খুব
বিছানায় শুয়ে চুপচাপ দেবে আঁধারের মাঝে ডুব
কিন্তু যখনই মাথাব্যথা হবে
পাবলিক জোরে হেসে কথা কবে
ওপরতলার পাটায় সজোরে আঘাত হানবে পুতা
ফ্লোরের ওপর নারী হেঁটে যাবে, খটাখট হিল জুতা
পাশের বাড়ির কোনো এক পোলা বাড়ি দেবে লোহা গ্রিলে
আরেক পাশেই মশারি খাটাতে দেয়াল খুঁড়বে ড্রিলে
অথচ তোমার খুব মাথাব্যথা, দরকার কড়া ঘুম
ওপরতলায় কেউ নেচে যাবে তাকধুম তাকধুম
কোনো এক বুড়া নানির আঘাতে গুঁড়া পান-সুপারিরা
মাথা ছেড়ে যেন চলে যেতে চায় দুপাশের দুই শিরা
মাথাব্যথা তাই আরও বেড়ে যায়, ব্যথাটা কেবলই বাড়ে
চিল্লাতে থাকা পিচ্চি কী মাল বোঝা যায় হাড়ে হাড়ে
ভাববে যখন এই মরা মাথা রাখার আছে কী মানে
পাশের বাসায় বেজে যাবে গান ঝুমকা দুলছে কানে...