ভুলো মন
দাদুটার ভুলো মন, এক্ষুনি যা বলে,
মুহূর্তে ভুলে গিয়ে সেটাতেই ‘না’ বলে।
সকালে উঠেই বলে, ‘হেঁটে আসি, ছড়ি দে।’
দিলে বলে, ‘চাইনি তো! পেপারটা পড়ি, দে।’
কখনোবা বলবে সে, ‘তেল এনে চুলে দে।’
দিতে গেলে বলে, ‘না না, জানালাটা খুলে দে।’
এই বলে, ‘বালতিতে গোসলের পানি দে।’
দিলে বলে, ‘পানি কেন? সুরমার দানি দে।’
এই বলে, ‘পেটে খিদে; তাড়াতাড়ি ভাত দে।’
দিলে বলে, ‘পেট ভরা। খাবার? না, বাদ দে।’
এই বলে, ‘পানি আর প্রেশারের বড়ি দে।’
দিলে বলে, ‘খেয়েছি তো! চশমা ও ঘড়ি দে।’
সন্ধ্যায় ডেকে বলে, ‘কার কার ইচ্ছা,
চলে আয় শুনবি তো পরিদের কিচ্ছা।’
যেই বলি, ‘এসে গেছি। বলো দাদু, এইবার।’
দাদু বলে, ‘কী বলব!’ কিছু মনে নেই তার।
এই বলে, ‘খবরটা শুনি, টিভি অন কর ।’
ফের বলে, ‘ঘ্যান ঘ্যান করে, ওটা বন কর।’
এই বলে, ‘শুয়ে পড়ি, মশারি টানিয়ে দে।’
ফের বলে, ‘ঘুমাব কী! পানটা বানিয়ে দে।’
যখন যা বলে দাদু, সাথে সাথে তা করি
কারও নাই ইচ্ছা বা সাধ্য যে ‘না’ করি।
খুব ভালো লাগে তার এই সব জ্বালাতন
ভুলো মন দাদুটা যে আমাদের কী আপন!