বিপদে আছি
বিপদে আছি, চরম বিপদে বাবাটা ভীষণ কড়া—
সারা দিন পড়ি তারপরও বলে, পড়া চাই শুধু পড়া।
তড়িঘড়ি করে ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠে পড়ি
বাবার কাছে আমি যেন এক চাবি দেওয়া অটো ঘড়ি।
পড়া শেষ করে ইশকুলে যাই ইশকুলও খুব ভোরে
রিকশায় বসে ঝিমঝিম লাগে থাকি যে ঘুমের ঘোরে!
পড়তে পড়তে ঘুমিয়ে পড়ি ঘুম থেকে উঠে পড়ি...
এত যে পড়া, পড়ার চাপে জানি না কী যে করি!
ইশকুলে পড়া, এত এত পড়া বুঝি না পড়ার মানে
কেলাসে বসেও মনটা আমার পড়ে থাকে দূরপানে!
ছুটি হলে যাই কোচিংয়ের জেলে পড়ারা সেখানে থাকে
মাঝে মাঝে ছাড়ি দমের ঘড়িটা পড়া ও লেখার ফাঁকে।
রাত আটটায় বাসায় এসে পড়ার টেবিলে পড়ি...
যেই পড়াগুলো শিখেছি কেলাসে আবারও সেসব ধরি।
ঘুমানোর আগে পড়া আর পড়া ঘুম থেকে উঠে পড়া
বাবার কাছে আমি যেন এক রোবটের মতো গড়া।
বিপদে আছি, চরম বিপদে বাবাটা ভীষণ রাগী—
তাঁর ভয়ে রোজ খুব সকালে ঘুম থেকে তাই জাগি!