আদিবা হব

অলংকরণ: মাহাতাব রশীদ

আমার প্রিয় ছোট বোন
আদিবা তার নাম,
এখানে তার একটা মজার
ঘটনা লিখলাম।

আমার তখন বয়স সাত
আদিবার তো কম,
সারা দিনই পাকা কথা
বলত নানান রকম।

একদিন তাকে প্রশ্ন করি,
‘শুনছ, আদিবা,
বলো তো দেখি, বড় হয়ে
তুমি কী হবা?

ডাক্তার বা ইঞ্জিনিয়ার
এমন অনেক আছে।
জলদি বলো, কোন সে পেশা
প্রিয় তোমার কাছে।’

প্রশ্ন শুনে খানিকক্ষণ সে
রইল ভাবুক বেশে,
তারপর সে দিল উত্তর
অনেক ভাবনা শেষে—

‘আপু আমি বড় হয়ে
আদিবা হতে চাই।’
উত্তর শুনে আমার তো আর
হাসির শেষ নাই।