মানুষ হয়ে জন্ম নিয়ে লাভ হয়েছে কচু
কী যে ভালো হতো আমি হলে বিড়ালছানা!
নামটা আমার শচিন হলেও মায়ের কাছে শচু
শচিন কেন শচু হবে, আমার তা নেই জানা!
রোজ সকালে মা আমাকে ঘুমের থেকে তুলে
ঠেসে ধরে দাঁত মেজে দেয় টুথপেস্ট আর ব্রাশে!
আর আমি খুব কাঁদতে থাকি ঘুমে ঢুলে ঢুলে
তখন ছোট্ট বিড়ালছানা মিঁয়াও মিঁয়াও হাসে!
কত্ত মজা বিড়ালছানার মাজতে হয় না দাঁত
দাঁত মাজে না বলে কি তার দাঁত খেয়ে নেয় পোকা?
ক্যাভিটি হয়? দাঁতের ব্যথায় কাঁদে সে দিনরাত?
তুমি আমায় কী ভেবেছ? আমি এতই বোকা!
ব্রাশ-পেস্টের ধার ধারে না নেই বিড়ালের ব্রাশ
মজার ঘুমটা না ঘুমিয়ে যায় না সে ইশকুল।
টিচার পড়া ধরে না তাই করে না হাঁসফাঁস
বিড়ালগুলোর ফুর্তি কেবল, লম্ফ হুলুস্থুল!
সারাটা দিন মিঁয়াও মিঁয়াও গায় সে কত গান!
বাড়ির কোনাকাঞ্চিতে তার কেবল আনাগোনা,
টিভি দেখতে নেইকো বারণ, আনলিমিটেড টাইম
হোম টাস্ক নেই, নেই টেনশন, নেইকো পড়াশোনা!
বইয়ের বোঝা নেই বিড়ালের কাঁধে কিংবা ঘাড়ে
সুযোগ পেলেই ঝিমোয় বসে টিভি দেখার ছলে,
(ইশ!), আমি যদি জন্ম নিতাম বিড়াল পরিবারে!
একদিন ঠিক পালিয়ে যাব বিড়ালছানার দলে...