আরও প্রশ্ন

অলংকরণ: রাকিব

সন্ধেবেলায় পশ্চিমে যে সূর্যটা যায় ডুবে
সকালবেলায় কেমন করে যায় সে চলে পুবে?

জ্যোৎস্নারাতে যখন হাঁটি বাড়ির পাশের মাঠে
থামলে আমি চাঁদটা থামে, হাঁটলে কেন হাঁটে?

নীল সাগরের একটু যদি জল তুলে নিই হাতে
রং তো সাদা, একটা ফোঁটাও নীল কেন নেই তাতে?

বর্ষাকালে বৃষ্টিজলে শহর ও গ্রাম ঢাকে
এত্ত পানি কেমন করে ওই আকাশে থাকে?

কোথায় থাকে তুষারগুলো? কোথায় থাকে শিলা?
এর পেছনে কারণ কী? স্রেফ ভগবানের লীলা?

প্রশ্নগুলোর জবাব ভেবে যায় যে কেটে বেলা
মুখ খুলি না—বলবে সবাই ‘সুকুমারের চ্যালা’!