নদী-গাঁয়ের ছবি

অলংকরণ: মাসুক হেলাল

আমি যখন ছোট্ট ছিলাম,
ছিলাম আমি গাঁয়ে।
মহেশ নদীর কোমল ধারা
বইত তাহার বাঁয়ে।
গাঁয়ের মাঠে, ফসল খেতে
শস্যের ছড়াছড়ি।
সেই মাঠেরই ওপর দিয়ে
উড়ত আমার ঘুড়ি।
মাঠের ধারে নদীর পাড়ে
বইত শীতল হাওয়া।
গাঁখানি মোর সবুজ-শ্যামল
তরু-লতায় ছাওয়া।
নদীর তীরে, গাছের ভিড়ে
শ্বেত বলাকার রাশি।
সবাই মিলে শস্য ফলায়
মোদের গাঁয়ের চাষি।
নদীর পাড়ে, বালুর চরে
লাল কাঁকড়ার বাস।
নদীর জলে, মাছের দলে
সাঁতরাত বারো মাস।
সূর্যিমামা উঠত প্রভাতে
মহেশের পুব পাড়ে,
প্রদোষ বেলায় ঘুমিয়ে যেত সে;
বাবলা বনের ধারে।
মহেশ নদীর গল্পগাথায়
মুগ্ধ অনেক কবি।
এই ছিল মোর ছোট্টবেলার
নদী-গাঁয়ের ছবি।