আমরা সেদিন হাঁটতে বেরোই
কুয়াশামোড়া শীতলপুরে,
চারিদিকে ধোঁয়ার মতো,
যায় না দেখা কাছে-দূরে।
গাছ-গাছালি দালানকোঠা
পথের ধারে আছে যত,
ঝিম ধরে সব দাঁড়িয়ে আছে
ধূসর কালো ভূতের মতো।
কয়েকটা লোক পড়ল চোখে
কানটুপি আর সোয়েটারে,
কুঁজো হয়ে কাঁপছে তারা
শীতটা বুঝি লাগল হাড়ে!
আবার কতেক আগুন পোহায়
পাতা জ্বেলে বটের তলে,
সবুজ মাঠটা ভিজে আছে
বিন্দু বিন্দু শিশির জলে।
একটু পরে পাতার ফাঁকে
সূর্য যখন উঠল হেসে,
ঘাসের ডগায় শিশির ফোঁটা
মুক্তা হয়ে উঠল ভেসে।