যে ৫০টি নতুন শপথ আমার জীবন পাল্টে দিতে পারে

তুমি যদি কিশোর বয়সী হও, তবে এই ৫০টি শপথ তুমি গ্রহণ করতে পারো।

কিংবা আপনার সন্তান কিংবা আত্মীয় যারা কিশোর আছে তাদেরকে এই ৫০টি শপথের কথা জানাতে পারেন। এগুলো তাদের জীবন সুন্দর, আলোকিত কিংবা সফল করতে সাহায্য করবে বলেই আমাদের বিশ্বাস।

১. মুঠোফোন সঙ্গে নিয়ে ঘুমাব না। ঘুমানোর সময় মুঠোফোন থাকবে হয় সাইলেন্ট, বন্ধ অথবা থাকবে অন্য ঘরে।
২. সপ্তাহে এক দিন অন্তত সামাজিক যোগাযোগমাধ্যম, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকে ঢুকব না বা দিনে এক ঘণ্টা মাত্র ফেসবুক অন থাকবে, এরপর সারা দিন আমি আর ফেসবুকে ঢুকবই না। তোমাদের যাদের ফেসবুক করার বয়সই হয়নি, তারাও নিশ্চয়ই ইউটিউব দেখো, গেমস খেলো। তোমরাও শপথ করো, সপ্তাহে এক দিন মুঠোফোন বা কম্পিউটার ধরবই না। রোজ আধঘণ্টার বেশি অনলাইনে থাকবই না (অনলাইন ক্লাস থাকলে অন্য কথা)। অফলাইন থেকে দেখো, জীবন কত সুন্দর। দিনে কত অবসর সময়। অনলাইনে কম থাকব, এটা হতে পারে নতুন বছরের একটা দারুণ শপথ।
৩. বেশি করে বই পড়ব। আর বই মানে ই-বুক নয়, কাগজের বই, হাতে নিয়ে। বই পড়ো। বই পড়লে তোমার কল্পনাশক্তি বাড়বে, চিন্তা করার ক্ষমতা বাড়বে এবং স্মৃতিশক্তি বাড়বে। তুমি একটু ভালো মানুষ হবে। একটু উন্নত মানুষ। বছরে ১২টা নতুন বই পড়ব, এটা হতে পারে একটা শপথ।
৪. অন্যের নিন্দা করব না। অন্যের প্রশংসা করব।
৫. সামাজিক যোগাযোগমাধ্যমে ভালো জিনিস প্রচার করব। অন্যের নিন্দা করব না। কাউকে অহেতুক ট্রল করব না। কারও পোস্টের নিচে গিয়ে বাজে কমেন্ট করব না। ভালো ছড়াব, আলো ছড়াব। একটা সুন্দর ছবি, একটা সুন্দর কথা, একটা সুন্দর গান, একটা সুন্দর কবিতা নিয়ে পোস্ট দেব।
৬. বাইরে খাবার কম খাব। হোটেল-রেস্তোরাঁর খাবার, রাস্তার খাবার খাওয়া কমিয়ে দেব।
৭. রোজ বেশি করে পানি খাব।
৮. খেলাধুলা করব।
৯. বাগান করব। গাছের যত্ন নেব।
১০. নিজের টেবিল, নিজের ঘর, নিজের আলমারি, ড্রয়ার এলোমেলো হয়ে আছে। পরিষ্কার করব। গুছিয়ে রাখব।
১১. যা দরকার নেই, তা কিনব না।
১২. রাতে ঘুমাব, দিনে জেগে থাকব। ভোরে উঠব। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ—কথাটা মেনে চলব।
১৩. মাকে বলব, ‘আমি তোমাকে ভালোবাসি।’ মা খুশি হন, এমন একটা কাজ রোজ করার চেষ্টা করব।
১৪. বাবাকে বলব, ‘আমি তোমাকে ভালোবাসি।’ বাবা খুশি হন, এমন কথা বা কাজ রোজ একটা বলব বা করব।
১৫. অল্প দূরত্বে রিকশায় না উঠে হেঁটে যাব। দোতলা-তিনতলা লিফটে না উঠে সিঁড়ি ব্যবহার করব।
১৬. রান্না করব।
১৭. সবজি খাব। ফল খাব। সোডা ড্রিংকস খাওয়া কমাব।
১৮. রোজ একটা ভালো কাজ করব। কী করলাম, রাতের বেলা তা লিখে রাখব।
১৯. বড় মানুষদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলার চেষ্টা করব। তাঁদের সঙ্গে দেখা করা, ই-মেইল করা, তাঁদের জন্মদিনে শুভেচ্ছা জানানোর মাধ্যমে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করব।
২০. মাঝেমধ্যে ই-মেইল না করে হাতে চিঠি লিখব।
২১. নিজেকে ধন্যবাদ জানাব।
২২. আমাদের কাজে যাঁরা সহযোগিতা করেন—গৃহপরিচারক, ড্রাইভার, নিরাপত্তা প্রহরী—তাঁদের সঙ্গে ভালো ব্যবহার করব। তাঁদের খোঁজখবর নেব নিয়মিত।
২৩. মানুষের উপকার হয়, এমন কাজ করব। ভালো কাজ সামাজিকভাবে করতে পারি, ব্যক্তিগতভাবে করতে পারি। যেমন সবাই মিলে এলাকার পার্কে ঢুকে সব ময়লা, প্লাস্টিক কুড়িয়ে এনে পার্কটা পরিষ্কার করতে পারি। এলাকার বস্তির স্কুলের ছেলেমেয়েদের জন্য বইখাতা-ইউনিফর্ম কেনার জন্য তহবিল গড়ে তুলতে পারি।
২৪. বেড়াতে যাব। তবে বেড়াতে গিয়ে অযথা বেশি টাকাপয়সা খরচ করব না। আর পলিথিন-প্লাস্টিক ফেলে পরিবেশ নষ্ট করব না।
২৫. সাইকেল চালাব।
২৬. আমার পরীক্ষার ফল গত বছরের তুলনায় ভালো করব।
২৭. গণিতের সূত্রগুলো মুখস্থ করে ফেলব।
২৮. রোজ এক পাতা করে হাতে লিখব। এতে আমাদের হাতে লেখার অভ্যাসটা বজায় থাকবে। সে জন্য রোজ ডায়েরি লিখতে পারি।
২৯. আমাদের ব্যবহার সব সময় ভালো থাকবে। আমরা মধুর ব্যবহার করব। সব সময় যেন মানুষ আমার সম্পর্কে বলে, ও খুব ভালো মানুষ। ও খুব নরম মানুষ।
৩০. রাগ কমানোর চেষ্টা করব। রেগে গিয়ে কোনো সিদ্ধান্ত নেব না।
৩১. যে কাপড় আমি গত এক বছরে পরিনি, সেটা দান করে দেব।
৩২. বারবার হাত ধোয়ার অভ্যাস ছাড়ব না।
৩৩. টাকা জমাব। স্কুল ব্যাংকিংয়ে নিজের অ্যাকাউন্ট খুলব।
৩৪. নতুন একটা গুণ অর্জনের চেষ্টা করব। গিটার বাজানো, ছবি আঁকা, গান শেখা, কোডিং শেখা।
৩৫. বাংলা আর ইংরেজি—দুটি ভাষাই ভালোভাবে শিখব। দুটি ভাষাতেই ভালোভাবে লিখতে, পড়তে আর কথা বলতে পারব, এমনভাবে নিজেকে প্রস্তুত করব।
৩৬. বছরে অন্তত ১২টি ভালো চলচ্চিত্র দেখব।
৩৭. দরজা বন্ধ করে নিজের ঘরে একা থাকব না। দরজা খুলে রেখে পরিবারের সবার সঙ্গে মিশব। বাড়িতে মেহমান এলে নিজে এগিয়ে গিয়ে হেসে কথা বলব। তাদের সময় দেব। অন্যের সামনে নিজের মুঠোফোনের দিকে তাকিয়ে থাকব না।
৩৮. ধন্যবাদ দেব। কেউ কিছু দিলে সেটার সমালোচনা করব না। প্রশংসা করব। সবার সঙ্গে সব সময় হাসিমুখে কথা বলব।
৩৯. স্কুলে অনুষ্ঠান বা ক্লাবে অংশ নেব। নেতৃত্বের গুণ গড়ে তুলব।
৪০. এটা আমি খাই না, এ কথা বলব না। নতুন খাবার খেয়ে দেখব।
৪১. অনলাইনে নিরাপদ রাখব। পাসওয়ার্ড কারও সঙ্গে শেয়ার করব না। অনলাইনে এমন কিছু করব না, যা মা–বাবাকে দেখাতে পারব না।
৪২. স্কুলে কাউকে বুলি করব না।
৪৩. কোথাও বুলির শিকার হলে মা–বাবাকে জানিয়ে দেব।
৪৪. কোনো কঠিন সিদ্ধান্ত নিতে হলে মা–বাবার সঙ্গে পরামর্শ করে নেব। কোনো বিপদে পড়লে সবার আগে মা–বাবাকে জানাব।
৪৫. কখনো কোনো মাদক নেব না। মাদককে সব সময় ‌‘না’ বলব।
৪৬. কখনোই ধূমপান করব না।
৪৭. কখনোই পরীক্ষায় অসততা করব না। প্রতারণা করব না। অসদুপায় অবলম্বন করব না।
৪৮. হোমওয়ার্ক বা বাড়ির কাজ বা পরীক্ষার পড়া শেষ মুহূর্ত পর্যন্ত ফেলে রাখব না।
৪৯. আমি ২০টা ভালো কবিতা মুখস্থ করে ফেলব।
৫০. কিশোর আলো পড়ব। কিশোর আলোয় লেখা পাঠাব। কিআ বুক ক্লাব গড়ে তুলব। বন্ধুদের কিশোর আলো পড়তে বলব।

এই শপথের অনেকগুলো সংগ্রহ করা হয়েছে বিভিন্ন ওয়েবসাইট থেকে। যেমন প্যারেড, লিন্ডা ক্যাম্প নামের এক স্কুলশিক্ষকের ওয়েবসাইট, নেটমামস।