চলছে কার্টুন পিপল কমিকস ফেস্ট, আজ শেষ দিন

অলিয়ঁস ফ্রঁসেজে চলছে তিন দিনের কার্টুন, কমিকস আর সৃজনশীলতার উৎসব। কার্টুন পিপল কমিকস ফেস্ট ২০২৬-এর প্রথম দুই দিনের আয়োজন শেষে আজ শনিবার উৎসবের শেষ দিন। উৎসবে রয়েছে আঁকাআঁকি, কমিকস ডিসপ্লে, কর্মশালা, আলোচনাসহ নানা আয়োজন। ফেস্টিভ্যালে অংশ নিয়েছে কিশোর আলো। রয়েছে কিশোর আলোর স্টলও।

আজ শেষ দিনে দর্শনার্থীদের জন্য থাকছে ক্যারেক্টার ডিজাইন কর্মশালা, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে কমিকস তৈরি নিয়ে আলোচনা, লাইভ মডেল ড্রয়িং এবং গান।

প্রথম দিন উৎসবের উদ্বোধনী আয়োজনের পাশাপাশি অনুষ্ঠিত হয় কার্টুন পিপলের ১০ বছর পূর্তি নিয়ে আলোচনা। এতে অংশ নেন লেখক ও কার্টুনিস্ট আহসান হাবীব, কার্টুনিস্ট সৈয়দ রাশাদ ইমাম তন্ময়, মোরশেদ মিশু এবং লেখক সিদ্দিক আহমেদ। আহসান হাবীব দেখান হাতে কলম, কাগজ, জলরং ও কাঁচি দিয়ে কমিকস তৈরির কৌশল। সন্ধ্যায় ‘৪পাতা কমিকস’ প্রতিযোগিতার সেরা ১০টি কমিকস নিয়ে বক্স সেট প্রকাশ এবং শিল্পীদের সঙ্গে আড্ডা হয়।

দ্বিতীয় দিনে শিশুদের জন্য ছিল রুস্তম পালোয়ানের কমিকস পাঠ ও পাপেট শো। এ ছাড়া অনুষ্ঠিত হয় থ্রিডি মডেল তৈরি ও লাইভ পেইন্টিং, একক কমিকস শিল্পীদের কাজ প্রদর্শন ও বিক্রির আয়োজন, স্কেচবুক আড্ডা, লাইভ চরিত্র নকশা এবং কমিকসের লেটারিং নিয়ে কর্মশালা। দুই দিনই ছিল কার্টুন ও কমিকসের প্রদর্শনী, লাইভ ক্যারিকেচার আঁকা এবং শিল্পীদের সঙ্গে দর্শনার্থীদের সরাসরি যোগাযোগের সুযোগ।

আরও পড়ুন
‘৪পাতা কমিকস’ প্রতিযোগিতার সেরা ১০টি কমিকস নিয়ে বক্স সেট প্রকাশ এবং শিল্পীদের সঙ্গে আড্ডা, কার্টুন পিপল কমিকস ফেস্ট ২০২৬

শেষ দিনে নানা আয়োজন

আজ সকাল ১১টা ১৫ মিনিট থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত লা গ্যালারিতে কার্টুনিস্ট সৈয়দ রাশাদ ইমাম তন্ময়ের পরিচালনায় ‘ড্র উইথ তন্ময়’ শীর্ষক চরিত্র নকশার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত উঠানে ‘মেকিং কমিকস ইন দ্য এজ অব এআই’ শীর্ষক আলোচনা হবে। বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত লা গ্যালারিতে থাকবে লাইভ মডেল ড্রয়িং সেশন।

সন্ধ্যা ৬টা ১৫ মিনিট থেকে ৭টা ১৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘কমিকস অ্যান্ড মেন্টাল হেলথ’ শীর্ষক প্যানেল আলোচনা। এতে কার্টুন পিপলের ‘গার্লস ডু কমিকস’ উদ্যোগের শিল্পীরা অংশ নেবেন। কমিকস আঁকার মাধ্যমে দৈনন্দিন অভিজ্ঞতা, অনুভূতি ও মানসিক চাপ প্রকাশের নানা দিক নিয়ে কথা বলবেন তাঁরা। আলোচনায় ব্যক্তিগত গল্প কীভাবে কমিকসের পাতায় উঠে আসে, আঁকাআঁকি কীভাবে নিজের অনুভূতি বুঝতে এবং অন্যের সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করে, সেসব বিষয়ও উঠে আসবে। এই আলোচনায় অংশ নিতে নিবন্ধনের প্রয়োজন নেই।

উৎসবের শেষ দিনে রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত উঠানে সংগীত পরিবেশন করবে ব্যান্ড আফটারম্যাথ। এর মধ্য দিয়ে শেষ হবে তিন দিনের কার্টুন পিপল কমিক ফেস্টিভ্যাল ২০২৬।

দশ বছরে কার্টুন পিপল

২০১৬ সালে যাত্রা শুরু করে কার্টুন পিপল। বাংলাদেশের কার্টুন, কমিকস, অ্যানিমেশন ও গল্প বলার শিল্পকে এগিয়ে নিতে কাজ করছে সংগঠনটি। কার্টুন পিপলের ১০ বছর পূর্তি উপলক্ষেই আয়োজন করা হয়েছে এবারের উৎসব। উৎসবের মূল ভাবনা ‘সেলিব্রেট দ্য আর্টিস্ট উইদিন’।

আরও পড়ুন