হাসপাতাল আর স্কুলে ‘কিশোর আলো’ দেবে ইউনিভার্সেল মেডিকেল কলেজ

সারা দেশের ৬৪ জেলার সিভিল সার্জন, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং শিশু ও স্ত্রী-রোগ বিভাগের বিভাগীয় প্রধানদের দেওয়া হবে কিশোর আলো। প্রতি মাসে তাঁরা পাবেন কিশোরদের এই পত্রিকা। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া সদর, সরাইল ও আশুগঞ্জ উপজেলার ৪৪টি উচ্চমাধ্যমিক স্কুলেও যাবে কিশোর আলো। এসব স্কুলের লাইব্রেরিতে প্রতি মাসে একটি করে কিশোর আলো দেওয়া হবে। এতে ওই সব স্কুলের সব শিক্ষার্থী লাইব্রেরিতে কিশোর আলো পড়ার সুযোগ পাবে।

কিশোর আলো পৌঁছে দেওয়ার দারুণ এই উদ্যোগ নিয়েছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল। এ বিষয়ে প্রতিষ্ঠানটি কিশোর আলোর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। সমঝোতা স্মারক অনুযায়ী, আগামী ১ বছর প্রতি মাসে ৩০০ কপি কিশোর আলো এসব হাসপাতালের উল্লিখিত ব্যক্তিদের এবং স্কুলগুলোর লাইব্রেরিতে প্রদান করা হবে।

গত ৩০ ডিসেম্বর ২০২৩ কিশোর আলো কার্যালয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান হয়। কিশোর আলোর পক্ষে স্বাক্ষর করেন ম্যাগাজিনটির সম্পাদক আনিসুল হক। ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষে ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী। অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির অন্যান্য প্রতিনিধিও উপস্থিত ছিলেন।