কোক রহস্য
কোনো এক সকালবেলার ঘটনা। আগের রাতে আমাদের বাসায় বলতে গেলে মহাবিশ্বের প্রায় সব অতিথিই এসেছিল। তাঁদের কাউকে কাউকে কোল্ড ড্রিংক অর্থাৎ কোকা-কোলা দেওয়া হয়েছিল। কোকা-কোলা খেতে খেতে অতিথিদের একজন গ্লাসের অর্ধেকটা রেখে দিয়েছিলেন। টেবিলের এক কোণেই রাখা ছিল গ্লাসটা।
সকালে আমার ছোট ভাই টেবিলের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কোকের গ্লাসটি দেখতে পেল। গ্লাসে কোক দেখে চকচক করে উঠল তার চোখ। সে তো আর জানে না, গ্লাসে আগের রাতের বাসি কোক রাখা আছে! কিন্তু ওর চোখ যতই চকচক করুক, আমার মায়ের বাজপাখির মতো তীক্ষ্ণ দৃষ্টি এড়ানো সহজ নয়। ভাইকে কোক খেতে না দেওয়ার জন্য আমার মা মুহূর্তেই ছুটে গেলেন রান্নাঘরে। স্পাইডারম্যান, ফর্মুলা ওয়ানের রেসার কিংবা সুপারহিরোর চেয়েও তীব্র গতিতে রান্নাঘরে গেলেন মা। কোকের বদলে এক গ্লাস রং-চা ঢেলে আনলেন গ্লাসে। তারপর সেটি আমার ছোট ভাইয়ের হাতে দিলেন।
সাত রাজার ধন পেয়েছে ভেবে আমার ছোট ভাই তখন মহাখুশি। মহা আনন্দে এক চুমুক রং চা খেয়েই সব উগরে দিল! এরপর সে আর কখনো কোক খেতে চায়নি।