কে হবে চ্যাম্পিয়ন
সম্পাদকীয়| জুন ২০২৬
বিশ্বকাপ ফুটবল দেখবে তো?
বিশ্বকাপ ফুটবল শুরু হয়ে যাচ্ছে। তুমি কি খেলা দেখবে? কোন দলকে সমর্থন করবে তুমি? বাংলাদেশের মানুষ তো প্রধানত আর্জেন্টিনা আর ব্রাজিলের সমর্থক। ফ্রান্স, স্পেন, জার্মানি, পর্তুগাল, ইংল্যান্ড, নেদারল্যান্ডস—এ রকম দেশগুলোর সমর্থকও আজকাল কম নয়। বিশেষ করে ইংলিশ লিগ আর ইউরোপের লিগ আমাদের দেশে জনপ্রিয় হওয়ার পরে অনেকেই সারা বছরই খেলা দেখে থাকেন।
এখন প্রশ্ন হলো, ফুটবল নিয়ে বাড়াবাড়ি করা কি ঠিক?
উত্তর হলো: বাড়াবাড়ি কোনো কিছু নিয়েই ঠিক নয়। পানি না খেলে আমরা মারা যাব, আবার ২০ লিটার পানি একবারে খেলেও মারা যেতে পারি। খেলা নিয়ে মাতামাতি ভালো। তবে তা যেন বাড়াবাড়ির পর্যায়ে না যায়। এবার কোন দেশ চ্যাম্পিয়ন হতে পারে। এআই বলে, স্পেন আর ফ্রান্সের সম্ভাবনা বেশি। তবে খেলা যেহেতু হবে উত্তর আমেরিকায়, সেহেতু ব্রাজিল, আর্জেন্টিনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
এসো, খেলা নিয়ে একটা খেলা খেলি। কে চ্যাম্পিয়ন হবে, কাগজে লিখে রাখি। দেখব, ফাইনালের পরে মেলে কি না।
আমার বাজি ফ্রান্সের পক্ষে। তারপর বলব স্পেনের নাম। ব্রাজিল চ্যাম্পিয়ন হলে খুশি হব, আর্জেন্টিনা হলে হাততালি দেব। দেখি কী হয়!
হ্যাঁ, খেলা দেখা, খেলা ফলো করা ভালো। জীবনটা আনন্দময় হয়।
আমাদের সবার জীবন আনন্দময় হোক।
