জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৭ জানুয়ারি, ২০২৪। নতুন বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
মায়াচোখের চাহনির অধিকারী কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেন। ১৯৫২ সালে তিনি প্রথম চলচ্চিত্রজগতে পা রাখেন। পরের তিন দশকে দর্শকদের উপহার দিয়েছেন ‘সাড়ে চুয়াত্তর’, ‘দেবদাস’, ‘সাত পাকে বাঁধা’, ‘উত্তর ফাল্গুনী’-এর মতো জনপ্রিয় সব চলচ্চিত্র। নজরকাড়া হাসি, সুবিন্যস্ত চুল, গোছানো চলাফেরা, সব মিলিয়ে অনন্য ব্যক্তিত্বের অধিকারী এই নায়িকা ২০১৪ সালের ১৭ জানুয়ারি মারা যান। ৮২ বছর বয়স হয়েছিল তাঁর।
১৯৫৩ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুনীর চৌধুরীর ‘কবর’ নাটক রচনা শেষ হয়। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের মিছিলে পুলিশের গুলিতে শহীদদের মরদেহ পাকিস্তান সরকার গোপনে কবর দিতে চেয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করেই রচিত হয় এই নাটক।
এ ছাড়া ১৯৬২ সালের ১৭ জানুয়ারি জন্মগ্রহণ করেন ভারতীয় জনপ্রিয় কবি, গীতিকার ও চিত্রনাট্য লেখক জাভেদ আখতার। একই দিনে ১৯৬২ সালে জন্ম নেন জনপ্রিয় চলচ্চিত্র ‘দ্য মাস্ক’–এর অভিনেতা জিম ক্যারি।