জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ০২ মে ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
১৯২১ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন সত্যজিৎ রায়, বাংলা কথাসাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, চিত্রকর ও চলচ্চিত্র পরিচালক। সত্যজিৎ রায়ের জন্ম কলকাতা শহরে। সাহিত্য ও শিল্প সমাজে খ্যাতি ছিল রায় পরিবারের। তাঁর পূর্বপুরুষ বাস করতেন তৎকালীন ব্রিটিশ ভারতের ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জে মহকুমার (বর্তমানে বাংলাদেশ) কটিয়াদী উপজেলার মসূয়া গ্রামে। কলকাতার প্রেসিডেন্সি কলেজ ও শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।
বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালে ঢাকায় এসেছিলেন সত্যজিৎ রায়। তখন তিনি খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক, গুণী কথাসাহিত্যিক। স্বাধীন দেশে সে বছর প্রথম পালিত হয় শহীদ দিবস। সত্যজিৎ রায়সহ ভারতের বেশ কজন শিল্পী, সাহিত্যিক, পরিচালক ঢাকায় এসেছিলেন। বাংলাদেশ ছাত্রলীগের আমন্ত্রণে পল্টন ময়দানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। বলেছিলেন, ‘২০ বছর ধরে বাংলা ছবি করছি। বহুবার বহু জায়গা থেকে অনুরোধ এসেছে যেন বাংলাদেশ, বাংলা ভাষা পরিত্যাগ করে অন্য দেশে, অন্য ভাষায় চিত্র রচনা করি। কিন্তু আমি সেই অনুরোধ বারবার প্রত্যাখ্যান করেছি। কারণ, আমি জানি, আমার রক্তে যে ভাষা বইছে, সে হলো বাংলা ভাষা। সেই ভাষাকে বাদ দিয়ে অন্য ভাষায় কিছু করতে গেলে আমার পায়ের তলা থেকে মাটি সরে যাবে, আমি কূলকিনারা পাব না, শিল্পী হিসেবে মনের জোর হারাব।’
কথা ছিল সত্যজিৎ রায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সিনেমা বানাবেন। তবে সে সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবার নিহত হওয়ায় মন ভেঙে যায় তাঁর।
অন্যদিকে ১৯৭২ সালের এই দিনে দক্ষিণ আমেরিকার দেশ হিসেবে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে প্রথম স্বীকৃতি দেয় কলম্বিয়া, কোস্টারিকা এবং ভেনেজুয়েলা।
এছাড়া ১৯৭৫ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন ইংরেজ ফুটবলার ডেভিড বেকহ্যাম। ১৫১৯ সালের এই দিনে ইতালীয় রেনেসাঁসের কালজয়ী চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি মৃত্যুবরণ করেন।