আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিতে অস্ট্রিয়া যাচ্ছে ৮ শিক্ষার্থী
২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে (আইআরও) অংশ নিতে অস্ট্রিয়ার ভিয়েনায় যাচ্ছে বাংলাদেশের আট শিক্ষার্থী। আগামী ১২ থেকে ১৬ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে এবারের আসর।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) আয়োজনে গত ১১ ও ১২ সেপ্টেম্বর ঢাকার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় আইআরও বাংলাদেশ ওপেন ২০২৬-এর জাতীয় পর্ব। এতে পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তিনটি স্বর্ণ, সাতটি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ পদক অর্জন করে। এ ছাড়া তিনজন পায় কারিগরি পদক। জাতীয় পর্বের বিজয়ীদের নিয়ে আয়োজিত দল নির্বাচনী ক্যাম্পের মাধ্যমে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য বাংলাদেশ দল নির্বাচন করা হয়।
দলের সদস্যরা হলো মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের জুবাইদাহ জাফরিন ও নাফিয়া বাসার সুহানী, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের মোহাম্মদ জারিফ বিন সালেক ও মুয়াজ ইবনে বাশার, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের নুসাইবা তাজরিন তানিশা, সানিডেল স্কুলের ওয়াদি বিনতে হাবিব ও ওয়ারিদ বিন হাবিব এবং ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের রাইয়ানা রুফাইদা।
দলের কোচ হিসেবে থাকবেন বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের চিফ রোবটিক্স কোচ মিশাল ইসলাম। দলনেতা হিসেবে থাকবেন বিডিওএসএনের সভাপতি এ এ মুনির হাসান। এ ছাড়া আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. লাফিফা জামাল।
বাংলাদেশ দলের পৃষ্ঠপোষকতায় রয়েছে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তর। ২০১৮ সাল থেকে প্রতি বছর আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশ। গত আট বছরে এ প্রতিযোগিতা থেকে ১৫টি স্বর্ণপদকসহ মোট ৯৪টি পদক অর্জন করেছে বাংলাদেশ দল।