আমার কাছে বন্ধু মানে

বিদ্যালয় থেকে বাড়ি ফিরছে হাস্যোজ্জ্বল দুই বন্ধু। কদমতলী, সিলেট, ১৬ সেপ্টেম্বরছবি: আনিস মাহমুদ

আমাদের জীবনে মা-বাবা, ভাই-বোন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বন্ধুদের ভূমিকাও কম নয়। বিশেষ করে স্কুলজীবনে যখন পড়াশোনার নানা চাপে হাঁপিয়ে উঠি, তখন বন্ধুদের আড্ডা, গল্প আর খুনসুটিই হয়ে ওঠে প্রাণ জুড়ানোর অবলম্বন।

বন্ধুত্বের আসল সৌন্দর্য লুকিয়ে আছে ছোট ছোট মুহূর্তের ভেতর। কখনো একসঙ্গে ক্লাস চলাকালে পেছনের বেঞ্চে বসে লুকিয়ে খাবার খাওয়া, কখনো টিফিনে বাসায় না গিয়ে ক্লাসে বসে ঝালমুড়ি খাওয়া, আবার কখনো ছাদে বসে বিকেলে বাতাসে গল্পের আসর—এসব মিলিয়েই গড়ে ওঠে স্কুলজীবনের সবচেয়ে আপন বন্ধন।

বন্ধুত্ব কেবল সুখের দিনে নয়, দুঃখের সময়ও পাশে দাঁড়ানোর নাম। একজন প্রকৃত বন্ধু যখন বিপদে এগিয়ে আসে, তখনই বোঝা যায় বন্ধুত্বের মূল্য। আজকের প্রযুক্তির যুগে অনেকেই মোবাইল আর সোশ্যাল মিডিয়ার বন্ধুদের নিয়েই ব্যস্ত। তবে আসল বন্ধুত্বের স্বাদ পেতে হলে দরকার মুখোমুখি দেখা, একসঙ্গে হাসা, অভিমান করা, আবার মান-অভিমান ভেঙে ফেলা। একজন ভালো বন্ধু শুধু সময় কাটানোর সঙ্গী নয়, সে জীবনের পথচলার প্রেরণা। সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, মনের দুঃখের ভাগীদার হয়।

বন্ধুত্ব শুধু একটি শব্দ নয়, এটি এক অনুভব, এক জীবনঘনিষ্ঠ ভালোবাসা। বন্ধুত্বের এই মায়াময় সম্পর্ককে ভালোবাসা এবং যত্ন দিয়ে ধরে রাখতে হবে আজীবন। কারণ, জীবনের সব সম্পর্ক একদিন বদলে গেলেও সত্যিকারের বন্ধুত্ব চিরকাল থেকে যায় স্মৃতির পাতায়, হৃদয়ের গভীরে!

লেখক: শিক্ষার্থী, দশম শ্রেণি, রাউজান আরআরএসি মডেল সরকারি হাইস্কুল, চট্টগ্রাম

আরও পড়ুন