ঐতিহাসিক ১১ দফা আন্দোলন

জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৪ জানুয়ারি, ২০২৪। নতুন বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ছয় দফা আন্দোলনের সূচনা হয়। পরবর্তী সময়ে বঙ্গবন্ধুসহ আওয়ামী লীগের আরও কিছু নেতা গ্রেপ্তার হন। ১৯৬৮ সালে আগরতলা ষড়যন্ত্র মামলাসহ রাজনৈতিক অস্থিরতার কারণে ছয় দফা কর্মসূচি অনেকটাই থেমে যায়। ঠিক এ সময়ে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলন গড়ে তোলেন। পরে ১৯৬৯ সালের ৪ জানুয়ারি ‘ডাকসু’র দপ্তরে ‘সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ’–এর নেতারা সংবাদ সম্মেলন করেন। ঘোষণা করা হয় ১১ দফা কর্মসূচি, যেখানে পূর্ব পাকিস্তানের শিক্ষা, শিল্প, স্বায়ত্তশাসন, ভোটাধিকার ইত্যাদির মতো বিষয় তুলে ধরা হয়। ১৯৬৯ সালের এই দিনে পূর্ব বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের সেই ১১ দফা কর্মসূচি গৃহীত হয়।

২০০৮ সালের এই দিনে নাসার পাঠানো ‘মেসেঞ্জার’ নামের মহাকাশযান প্রথম বুধ গ্রহের অদেখা গোলার্ধের ছবি তোলে। একই দিনে মৃত্যুবরণ করেন বাংলাদেশের প্রখ্যাত নাট্যকার সেলিম আল দীন।