আমার বাবার স্কুটি

আমার বাবার একটা স্কুটি আছে। স্কুটিটা আমাদের পরিবারের একটা অপরিহার্য অংশ। এটা ছাড়া আমার দৈনন্দিন জীবন কল্পনা করাই কঠিন।

আমার স্কুলের সময় সকাল ৮টা থেকে বেলা ১টা ৪৫। তবে বাসের কারণে আমাকে ঘুম থেকে উঠতে হয় ৬টা ৩০–এ। বাস আসে সকাল ৭টায়। আমি ৬টা ৫০-এ বাসা থেকে বের হয়ে একলাফে স্কুটিতে বসে আমার বাবার সঙ্গে যাই। গিয়ে দেখি, বাস রাস্তার এক প্রান্তে, আমি অন্য প্রান্তে। আমার বাবা আমাকে বাসে উঠিয়ে দিয়ে চলে যায়। এরপর আমার বোনকে তার স্কুলে দিয়ে আমার বাবা আবার স্কুটিতে চড়ে অফিসে যায়। সন্ধ্যায় স্কুটিতে চড়ে অফিস থেকে ফিরে আসে।

অলংকরণ: সব্যসাচী চাকমা

একদিন আমার বাবার সঙ্গে আমি আর আমার বোন স্কুটিতে করে যাচ্ছিলাম। উদ্দেশ্য ছিল, আমার বোনকে কারাতে ক্লাসে দিয়ে আমি আর বাবা চোখের ডাক্তারের কাছে যাব। হঠাৎ করে আমাদের সুন্দর যাত্রাকে ছিন্ন করে দিয়ে স্কুটির এসকেলেটরের তার ছিঁড়ে গেল। আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ল। স্কুটি মেরামত করার জন্য অনেক দোকান ছিল। কিন্তু তখন তো ভোর, তাই সব দোকান বন্ধ ছিল। এখন? আমরা স্কুটি ছাড়া কীভাবে যাব?

তারপর আমরা স্কুটি রেখে লক করে একটা সিএনজিতে করে আমার বোনকে কারাতে ক্লাসে দিয়ে চোখের ডাক্তারের কাছে গেলাম। হাসপাতাল থেকে ফেরার পথে আমরা স্কুটি ঠিক করালাম। দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগল। এরপর ক্লান্তি নিয়ে বাসায় ফিরলাম। খুব কাহিল হয়ে গিয়েছিলাম। সেদিনের আগে স্কুটির মূল্য বুঝতে পারিনি। সেদিন বুঝতে পারলাম, স্কুটির গুরুত্ব কতটুকু।

লেখক: ষষ্ঠ শ্রেণি, হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম