জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২২ এপ্রিল, ২০২৪। ইতিহাসে এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
আজ, ২২ এপ্রিল ফুটবল জগতের জন্য এক বিশেষ দিন। আজ একই সঙ্গে বিশ্বসেরা বেশ কিছু ফুটবলারের জন্মদিন। ১৯৮২ সালের আজকের এই দিনে ব্রাজিলের গামাতে জন্ম নেন জনপ্রিয় ফুটবলার কাকা। ১৯৮৭ সালের একই দিনে জন্ম নেন আরেক ব্রাজিলিয়ান ফুটবলার ডেভিড লুইজ। একই বছর একই দিনে জন্ম নাইজেরিয়ান ফুটবলার জন অবি মিকেলের। আবার এরপরই ১৯৮৯ সালের ২২ এপ্রিল জন্ম নেন ডাচ ফুটবলার জ্যাসপার কিলেসেন।
আজকের দিনটি ব্রাজিলের জন্যও বিশেষ দিন। নামকরা ফুটবলারদের পাশাপাশি ধারণা করা হয় ১৫০০ সালের আজকের এই দিনে ব্রাজিল আবিষ্কৃত হয়েছিল। পর্তুগিজ অভিযাত্রী পেড্রো ক্যাব্রালের হাত ধরে জন্ম হয় ব্রাজিলের।
এছাড়াও আজকের এই দিনে ১৯১৫ সালে জার্মান বাহিনী প্রথম বিশ্বযুদ্ধের ময়দানে বিষাক্ত গ্যাস ব্যবহার শুরু করে।
১৮৭০ সালের ২২ এপ্রিল জন্মগ্রহণ করেন রুশ বিপ্লবের রূপকার ও প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ভ্লাদিমির ইলিচ লেনিন। একই দিনে ১৯৭৪ সালে জন্ম নেন ভারতের প্রখ্যাত ঔপন্যাসিক ও চিত্রনাট্যকার চেতন ভগত।