এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশের ৩ স্বর্ণপদক জয়

এপিওএআইয়ে অংশ নেওয়া বাংলাদেশ দলছবি: বিডিওএসএন

প্রথমবারের মতো আয়োজিত এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে (APOAI) দুর্দান্ত সাফল্য পেয়েছে বাংলাদেশ। ১৮টি দেশের ১২৯ জন প্রতিযোগীর মধ্যে বাংলাদেশের তিন শিক্ষার্থী স্বর্ণপদক জিতেছে। প্রতিযোগিতার মোট ১০টি স্বর্ণপদকের মধ্যে ৩টিই এসেছে বাংলাদেশের ঝুলিতে, যা অংশগ্রহণকারী সব দেশের মধ্যে সর্বোচ্চ।

স্বর্ণপদক জয় করেছে হোমনা আদর্শ উচ্চবিদ্যালয়ের লাবিব শাহরিয়ার, মৌলভীবাজার সরকারি কলেজের মো. সাইদুজ্জামান আরাফ এবং নটর ডেম কলেজের ত্রিদিব রায় আর্য। তারা চূড়ান্ত র‍্যাঙ্কিংয়ে যথাক্রমে ৪র্থ, ৫ম ও ৯ম স্থান অর্জন করেছে। এ ছাড়া বাংলাদেশের আরও চার শিক্ষার্থী সম্মানজনক স্বীকৃতি পেয়েছে।

আরও পড়ুন

বাংলাদেশ দলের আরও চারজন শিক্ষার্থী পেয়েছে সম্মানজনক স্বীকৃতি। যাদের মধ্যে আছে দারুস সালাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী নাওফিল রহমান, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী নাঈরা নাওয়ার আহমেদ, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী অনন্য যারিফ আকন্দ এবং নটর ডেম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মোবতাসিম চৌধুরী প্রিয়ম। দলের আরেক সদস্য ন্যাশনাল আইডিয়াল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মুর্তজা আব্দুল্লাহ।

১৩ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট (আইআইটি) থেকে অনলাইনে অনুষ্ঠিত ছয় ঘণ্টার এই প্রতিযোগিতায় বাংলাদেশের আটজন শিক্ষার্থী অংশ নেয়। এই শিক্ষার্থীরা মেশিন লার্নিংভিত্তিক চারটি সমস্যা সমাধান করে।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) আয়োজিত জাতীয় বাছাই ও প্রশিক্ষণের মাধ্যমে দলটি নির্বাচিত হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সাফল্য দেশের তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্যপ্রযুক্তিতে আরও আগ্রহী করে তুলবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করবে।

আরও পড়ুন