১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন শুরু

জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জাতীয় পর্বের পরীক্ষার্থীরাআয়োজকদের সৌজন্যে

শুরু হয়েছে ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও ২০২৬)-এর রেজিস্ট্রেশন। বুলগেরিয়ার সোফিয়ায় অনুষ্ঠেয় ২৩তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও ২০২৬)-এর জন্য বাংলাদেশ দল নির্বাচনের লক্ষ্যে এ আয়োজন করা হচ্ছে।

দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসার বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম ও ইংরেজি ভার্সনের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে। রেজিস্ট্রেশন করা যাবে online.bdjso.org ওয়েবসাইটে। ১ জানুয়ারি ২০১১ সালের পর জন্ম নেওয়া শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা প্রাইমারি, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা জুনিয়র এবং নবম-দশম, এসএসসি পরীক্ষার্থী ও একাদশ শ্রেণির শিক্ষার্থীরা সেকেন্ডারি ক্যাটাগরিতে অংশ নেবে।

আরও পড়ুন

বিডিজেএসওর আঞ্চলিক বা অনলাইন পর্ব এবং জাতীয় পর্ব—দুই ধাপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানের ওপর বাংলা ও ইংরেজি দুই ভাষায় প্রশ্ন থাকবে। জাতীয় পর্বের বিজয়ীদের নিয়ে জাতীয় ক্যাম্প, প্রশিক্ষণ ও দল নির্বাচনী পরীক্ষার মাধ্যমে আইজেএসওর বাংলাদেশ দল গঠন করা হবে।

প্রস্তুতির জন্য শিক্ষার্থীদের নিজ নিজ শ্রেণির বিজ্ঞান বই ভালোভাবে বুঝে পড়ার পরামর্শ দিয়েছেন আয়োজকেরা। বিগত বছরের প্রশ্ন পাওয়া যাবে bdjso.org/old-question-এ। প্রস্তুতির বিস্তারিত নির্দেশনা ও বইয়ের তালিকা রয়েছে bdjso.org/whatwhare এবং bdjso.org/booklist-এ।

বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) যৌথভাবে বিডিজেএসও আয়োজন করছে। সহযোগী মাকসুদুল আলম সায়েন্স ল্যাবরেটরি এবং ম্যাগাজিন পার্টনার কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা। বিস্তারিত তথ্য পাওয়া যাবে bdjso.org ওয়েবসাইটে।

আরও পড়ুন