ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড (এনইও) ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড (এনইও) ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৩ জুন ঢাকায় বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শার্লের বাসভবনে অনুষ্ঠিত হয়েছে। পরিবেশবিজ্ঞান নিয়ে আগ্রহী শিক্ষার্থীদের অর্জন উদ্‌যাপনের এই আয়োজনে বিজয়ী শিক্ষার্থী, নীতিনির্ধারক, শিক্ষাবিদ, গবেষক, কূটনীতিক, পরিবেশবিশেষজ্ঞ এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এবারের জাতীয় বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার আজমাইন হুসাইন আদিয়ান এবং নটর ডেম কলেজের শাহাদ শাহরিয়ার, তাওহিদুর রহমান ও মো. ওমর ফারুক। তারা আগামী বছর ইতালির তুরিনে অনুষ্ঠেয় ইন্টারন্যাশনাল আর্থ সায়েন্স অলিম্পিয়াড (IESO) ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শার্লে

অনুষ্ঠানে রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শার্লে বিজয়ীদের হাতে সনদ ও পদক তুলে দেন। এ সময় তিনি জলবায়ু পরিবর্তন ও অন্যান্য পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক সমাধান এবং আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন।

এবারের অলিম্পিয়াডে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২ হাজার ২৭০ জনের বেশি শিক্ষার্থী অংশগ্রহণের জন্য নিবন্ধন করে। প্রতিযোগিতার বিভিন্ন ধাপের মধ্যে ছিল অনলাইন প্রাথমিক পর্ব, বিভাগীয় পর্যায়ের সরাসরি পরীক্ষা, গ্রিন ডে ট্রেনিং (জিডিটি) কর্মশালা, জাতীয় পর্ব, অনলাইন ক্যাম্প এবং জাতীয় দল নির্বাচন পরীক্ষা।

আরও পড়ুন

অলিম্পিয়াডের একটি উল্লেখযোগ্য উদ্যোগ ছিল ‘ই-স্টেম অ্যাকশন প্রজেক্ট’। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের এলাকার পরিবেশগত সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর স্টেমভিত্তিক সমাধান উদ্ভাবনের সুযোগ পায়। প্রকল্প বাস্তবায়নে তাদের অর্থায়ন ও মেন্টরশিপ সহায়তাও দেওয়া হয়।

এবারের জাতীয় বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার আজমাইন হুসাইন আদিয়ান এবং নটর ডেম কলেজের শাহাদ শাহরিয়ার, তাওহিদুর রহমান ও মো. ওমর ফারুক

অলিম্পিয়াড আয়োজনে সহায়তা করেছে নর্থ আমেরিকান অ্যাসোসিয়েশন ফর এনভায়রনমেন্টাল এডুকেশন (NAAEE)। মিডিয়া পার্টনার হিসেবে ছিল কিশোর আলো। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের পরিবেশবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ কৌশলগত ও জ্ঞানভিত্তিক সহায়তা প্রদান করেছে।

সমাপনী বক্তব্যে বাংলাদেশ ইয়ুথ এনভায়রনমেন্ট ইনিশিয়েটিভের (BYEI) প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি শামির শেহাব তরুণদের পরিবেশ শিক্ষা ও নেতৃত্ব বিকাশে সংগঠনটির চলমান উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি এই আয়োজন সফল করতে সহযোগিতা করা সব অংশীদার ও শুভানুধ্যায়ীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

২০০৯ সালে প্রতিষ্ঠিত বিওয়াইইআই দীর্ঘদিন ধরে তরুণদের মধ্যে পরিবেশ শিক্ষা, সচেতনতা ও নেতৃত্ব বিকাশে কাজ করে আসছে। ন্যাশনাল আর্থ অলিম্পিয়াডসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সংগঠনটি পরিবেশ সচেতন ও দায়িত্বশীল তরুণ নেতৃত্ব গড়ে তুলতে ভূমিকা রাখছে। পরিবেশ শিক্ষা ও তরুণ নেতৃত্ব বিকাশে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিওয়াইইআই ২০২৫ সালে এনএএইইর গ্লোবাল ই-স্টেম এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করে।

আরও পড়ুন