বোহেমিয়ান কলেজজীবন

অলংকরণ: রাকিব রাজ্জাক

কলেজ খোলে। বন্ধ হয়। আবার খোলে। আমরা কলেজে যাই। যাই না। আবার যাই। ছবি তুলি। কেউ কেউ থাকে। অনেকেই থাকে না। ১৫৪ জনকে ক্যামেরায় ধারণ করা সম্ভব হয় না। অনেকেই আসে না। করোনা আমাদের ধরেনি। তবে চিড় ধরিয়েছে মনোবলে। আমরা ভাঙা মনোবল জোড়া লাগাইতে যাই। স্যাররা আসেন। মোটিভেশন দেন। আমরা শুনি। ম্যামরা ক্লাসে আসেন। আমরা মনোযোগী হই। পরীক্ষার বাকি থাকে তিন মাস। আমরা তখনো পরিচিত হই। অনেকেই আসে প্রথমবারের মতো। পুরোনোরা চলে যায়। নতুনেরা আসে। আমরা আসতে না আসতেই চলে যাওয়ার প্রহর গুনি। স্যার-ম্যামদের বলতে শুনি, ‘তোমাদের চেনা হলো না। আগের ব্যাচগুলোর প্রত্যেককে চিনতাম।’ আমরা আফসোস করি। করোনাকে অভিশাপ দিই। আমাদের করার কিছু থাকে না। আড্ডা জমে ওঠে না। পরীক্ষা এগিয়ে আসে। ধুলো জমে যাওয়া টেবিলেরা আনন্দ পায়। টেবিলের আনন্দ দেখে আমরা নিরানন্দে ভুগি। আনন্দ-নিরানন্দ কাটাকাটি হয়। শূন্য পড়ে থাকে। নতুন শুরুর পণ করি। কারণ, শূন্যে থেকেই জগতের শুরু।