বলবয় থেকে বায়ার্নের গোলরক্ষক

  • শিশুশ্রম আইন এড়িয়ে ১৬ বছর বয়সী প্রেসকটকে খেলাতে নিতে হবে বিশেষ ওয়ার্ক পারমিট।

  • মাঠে নামলে প্রেসকট হবেন চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড়।

রূপকথা, ভাগ্য, নাকি অন্য কিছু? লিওনার্দ প্রেসকটের গল্পটাকে ঠিক কোন বিশেষণে বিশেষায়িত করলে ভালো হবে, সেটা বলা কঠিন। কয়েক মাস আগেও যাঁকে দেখা গেছে গোলবারের পেছন থেকে ম্যানুয়েল নয়্যারকে বল দিতে, সেই বলবয় কিনা বায়ার্নের জার্সিতে অভিষেকের অপেক্ষায়। সেটাও চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের ম্যাচে। ১৬ বছর বয়সী লিওনার্দ প্রেসকট শুধু ইতিহাস নয়, দাঁড়িয়ে আছেন রূপকথার সামনে।

সপ্তাহখানেক আগেও প্রেসকট ছিলেন বায়ার্ন অনূর্ধ্ব-১৯ দলের বেঞ্চে থাকা গোলরক্ষক। বায়ার্নের ঘরের মাঠে বলবয়। কারণ, যুব দলের সেরা খেলোয়াড়দের রাখা হয় বলবয়ের দায়িত্বে, যাতে খেলাটা কাছ থেকে দেখে শিখতে পারে। সেই গোলরক্ষকই কিনা সবাইকে পাশ কাটিয়ে বায়ার্নের গোলপোস্টে জায়গা করে নিচ্ছে? ব্যাপারটাকে অবিশ্বাস্য বললেও কম বলা হয়।

কথায় আছে, ‘কারও পৌষ মাস, কারও সর্বনাশ’। প্রেসকটের পৌষ মাস এসেছে বাকিদের সর্বনাশ নিয়ে। বায়ার্ন মিউনিখে লেগেছে চোটের মড়ক। গুনে গুনে এক সপ্তাহের মধ্যেই চোটে পড়েছেন বায়ার্নের তিন–তিনজন গোলরক্ষক। দলের মূল গোলরক্ষক ৩৯ বছর বয়সী ম্যানুয়েল নয়্যারের পুরোনো কাফ মাসলের চোট আবারও হানা দিয়েছে। অনুশীলন থেকেই সরাসরি চলে গিয়েছেন বিছানায়। নয়্যারের বদলে ভরসা ছিলেন ২২ বছর বয়সী তরুণ ইয়োনাস উরবিগ। কিন্তু চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে মাথায় প্রচণ্ড আঘাত পান তিনি। কনকাশন চোটে তাঁকে তুলে আনা হয় মাঠ থেকে। তখনো দলের পুরোনো সেনানী সভেন উলরিখ ছিলেন সুস্থ।

আরও পড়ুন
ম্যানুয়েল নয়্যারের সঙ্গে প্রেসকট।
ছবি: এক্স

কিন্তু ভাগ্য তাঁকেও ছোবল মেরেছে। লেভারকুসেনের বিপক্ষে ঊরুর চোটে পড়েন তিনি। আগামী এক মাস তাঁকে পাওয়া যাচ্ছে না। সেই ম্যাচে বায়ার্নের বেঞ্চে গোলরক্ষক হিসেবে ছিলেন লিওনার্দ প্রেসকট। তবু চোট নিয়েই ম্যাচ শেষ করেছিলেন উলরিখ। কারণ, দুই লাল কার্ড দেখাতে দলের অবস্থা এমনিতেই শোচনীয় ছিল। তরুণ গোলরক্ষককে এই অবস্থার মুখোমুখি হতে দেননি তিনি।

কিন্তু আতালান্তার বিপক্ষে আর কোনো সুযোগই নেই বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানির কাছে। যুব দলের মূল গোলরক্ষক লিওন ক্লানাক হ্যামস্ট্রিংয়ের চোটে তিন মাস ধরে মাঠের বাইরে। ফলে যুব দলের দ্বিতীয় গোলরক্ষক লিওনার্দ প্রেসকটের ওপরেই এখন সব ভরসা।

যুব দল থেকে সরাসরি মূল দলে প্রমোট হওয়ার গল্প নতুন কিছু নয়। বিশ্বকাপজয়ী গোলরক্ষক ইকার ক্যাসিয়াসকে স্কুল থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল চ্যাম্পিয়নস লিগের ম্যাচে। অভিষেক হয়েছিল মূল দলের গোলরক্ষকদের চোটে। সেখান থেকে হয়েছেন বিশ্বজয়ী অধিনায়ক। তবে প্রেসকটের গল্পে টুইস্টটা ঠিক অন্য জায়গায়। ১৬ বছর বয়সী গোলরক্ষককে চাইলেই ঠিক নামিয়ে দিতে পারছে না বায়ার্ন। কারণ, জার্মানির শিশুশ্রম আইন।

আরও পড়ুন
বলবয় প্রেসকট।
ছবি: এক্স

কাগজে–কলমে প্রেসকটের বয়স ১৬। মূল দলের গোলরক্ষক হয়ে যদি তিনি খেলে, তবে তাঁকে আনুষ্ঠানিক চুক্তিপত্র স্বাক্ষর করতে হবে। নিয়ম অনুযায়ী জার্মানিতে সেটা ‘শিশুশ্রম’। জার্মানির ‘শিশুশ্রম’ নিয়ম অনুযায়ী ১৮ বছরের নিচে যে কাউকে কাজ রাত ৮টার আগে শেষ করতে হবে। কিন্তু জার্মানিতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ শুরুই হবে রাত ৯টায়।

যে কারণে বায়ার্ন আগেভাগেই যোগাযোগ করেছে মিউনিখের প্রশাসনের সঙ্গে। এই ম্যাচ খেলানোর জন্য তাদের নিতে হচ্ছে বিশেষ ‘ওয়ার্ক পারমিট’। সাধারণত অ্যাথলেট বা পারফর্মারদের ক্ষেত্রে রাত ১১টা পর্যন্ত বিশেষ ছাড় দেওয়া হয়, তবে তার জন্য বাবা-মা, স্কুল এবং ডাক্তার—সবার লিখিত অনুমতির প্রয়োজন পড়ে।

শুধু তা–ই নয়, নিয়ম অনুযায়ী বিশেষ অনুমতি নেওয়া হলে এর পরের ১২ ঘণ্টা কোনো কাজ করতে পারবে না সে। অর্থাৎ চ্যাম্পিয়নস লিগের ম্যাচ যদি রাত ১১টায় শেষ হয়, তবে প্রেসকট পরের দিন ট্রেনিং যেমন করতে পারবে না, তেমনই স্কুলেও যেতে পারবে না।

আরও পড়ুন
প্রেসকটের খেলার ধরনও অনেকটা নয়্যারের মতো।
ছবি: এক্স

যদিও গতকাল ইয়োনাস উরবিগ ট্রেনিংয়ে ফিরেছেন। কিন্তু মাথায় আঘাত পাওয়া গোলরক্ষককে এত তাড়াতাড়ি মাঠে দেখা যাবে কি না, সে নিয়েও প্রশ্ন আছে। তাই সবকিছু ঠিক থাকলে সব বাধা পেরিয়ে লিওনার্দ প্রেসকট মাঠে নামবেন আতালান্তার বিপক্ষে। আর সেটা যদি হয়, তাহলে নিউইয়র্কে জন্ম নেওয়া ৬ ফুট ৫ ইঞ্চির জার্মান গোলরক্ষক হয়ে যাবেন চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড়। শুধু চ্যাম্পিয়নস লিগ নয়, বায়ার্নের ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড়ও। আতালান্তার বিপক্ষে ৬-১ গোলে এগিয়ে থাকায় বায়ার্নও নিশ্চিন্তে ভরসা রাখছে প্রেসকটের ওপরে। প্রেসকটের খেলার ধরন একেবারের নয়্যারের মতোই ‘সুইপার-কিপার’ ধাঁচের। অনূর্ধ্ব-১৯ দলের গোলরক্ষক তো তাঁকে মজা করে মাঝমাঠে খেলানোর কথাও বলেছেন। কয়েক মাস আগে ম্যানুয়েল নয়্যারকে বল দেওয়া প্রেসকট এখন নয়্যারের জায়গায় কেমন করেন, সেটা দেখার অপেক্ষাতে পৃথিবী।

আরও পড়ুন