আইসিসির চোখে এশিয়া কাপের সেরা ছয় ক্রিকেটার

২০২৩ এশিয়া কাপ আয়োজিত হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কায়। আজ ৩০ আগস্ট শুরু হয়েছে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। সব দলেরই নজর থাকবে শিরোপার দিকে। সবাই চাইবে চ্যাম্পিয়ন হতে। কিন্তু দিন শেষে শিরোপা ঘরে তুলবে একটি দেশ। দলগতভাবে যারা ভালো খেলতে পারবে, তারাই এগিয়ে থাকবে শিরোপার দৌড়ে। প্রত্যেক দলেই আছেন বিশ্বমানের এক বা একাধিক খেলোয়াড়। এর মধ্যে কে সবচেয়ে ভালো খেলবেন, তা আগে থেকে বলা কঠিন। তবে অনুমান করতে তো দোষ নেই। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর মধ্যেই এমন ছয় খেলোয়াড়ের নাম প্রকাশ করেছে, যাঁরা হতে পারেন এশিয়া কাপের সেরা খেলোয়াড়। তবে এ ক্ষেত্রে বেশি ঝুঁকি নেয়নি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ছয় দেশের ছয় খেলোয়াড়কে বাছাই করেছে তারা। চলো দেখা যাক, কোন দেশের সেরা খেলোয়াড় কে হতে পারে! নিচের ক্রমটি আমার নিজের তৈরি। ক্রমিক অনুসারে সেরা খেলোয়াড় বোঝানো হচ্ছে না। নিজেদের দলে ছয়জনেরই গুরুত্ব সমান।

১. তাসকিন আহমেদ - বাংলাদেশ (ওডিআই বোলার র‍্যাঙ্কিং ৪৪)

এই মুহূর্তে বাংলাদেশের পেস ইউনিটের ভরসার নাম তাসকিন আহমেদ। ইতিমধ্যে ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন পেসার এবাদত হোসেন। তাই তাসকিনের দিকেই তাকিয়ে থাকবেন দর্শক। সম্প্রতি তাঁর ফর্মও বেশ ভালো। ফলে আমরা আশা করতেই পারি, তাসকিন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকবেন। পূরণ করবেন আমাদের আশা। চাপের মুহূর্তে তাসকিন যে জ্বলে উঠতে পারেন, তা আগেও প্রমাণ করেছেন তিনি।

তাসকিন আহমেদ

শেষ জাতীয় দলের হয়ে আফগানিস্তান সিরিজে ভালো বল করেছেন এই ফাস্ট বোলার। ৫ ম্যাচে নিয়েছেন ১১ উইকেট। ২ টি-টোয়েন্টিতে ৪ উকেইট, ২টি এক দিনের ম্যাচে ৩ উইকেট আর এক টেস্টে ৪ উইকেট। এ ছাড়া শেষ খেলা জিম্বাবুয়ে আফরো টি-টেন লিগে ৭ ম্যাচে ১৪ ওভার বল করে নিয়েছিলেন ১১ উইকেট। চার ছক্কায় ভরপুর এই লিগে তাসকিনের ইকোনমিটাও চোখে পড়ার মতো। ৭.৮৫।

তাই তাসকিনের সাম্প্রতিক ফর্ম বিবেচনা করে তাঁর নামে বাজি ধরাই যায়। বাংলাদেশের পেস ইউনিটকে সামলানোর দায়িত্বটা থাকবে তাঁর কাঁধেই।

বাবর আজম

২. বাবর আজম - পাকিস্তান (ওডিআই ব্যাটিং র‍্যাঙ্কিং ১)

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বড় টুর্নামেন্টে জ্বলে ওঠেন নিয়মিতই। এশিয়া কাপের প্রথম ম্যাচেই নেপালের বিপক্ষে নিজের ১৯তম শতক তুলে নিয়েছেন ডানহাতি এ ব্যাটসম্যান। ১৩১ বলে খেলেছেন ১৫১ রানের দূর্দান্ত এক ইনিংস। ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে বাবর আছেন সবার ওপরে। তাই এশিয়া কাপে তাঁর উইকেট পেতে চাতক পাখির মতোই তাকিয়ে থাকবেন প্রতিপক্ষের বোলাররা। শেষ আফগানিস্তান সিরিজে ৩ ম্যাচে দুটি হাফ সেঞ্চুরি করেছেন ২৮ বছর বয়সী এই ব্যাটসম্যান। এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টে নিশ্চয়ই নিজের রানের ঝুলিতে আরও কিছু রান ভরতে চাইবেন। সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে তাঁর আত্মবিশ্বাসও আছে তুঙ্গে।

৩. জসপ্রীত বুমরাহ - ভারত (ওয়ানডে বোলার র‍্যাঙ্কিং ৩২)

ইনজুরি থেকে দ্রুত ফিরে আসায় বুমরাকে দেখে হয়তো সবাই খুশি হয়েছেন। প্রতিপক্ষের ব্যাটসম্যানদের জন্য তিনি এক ত্রাসের নাম। ইনজুরি থেকে ফিরে ডাবলিনে অ্যায়ারল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে তিনি টানা দুই ম্যাচে উইকেট পেয়েছেন। ২৯ বছর বয়সী এ পেসারের কাছ থেকে এশিয়া কাপে নিশ্চয়ই আরও বেশি উইকেট আশা করছে ভারত।

জসপ্রীত বুমরাহ

বুমরাহ এ মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা বোলার। বিশেষ করে ডেথ ওভারে তিনিই ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার জন্য সবচেয়ে বড় অস্ত্র। এশিয়া কাপে নিজের প্রভাব কতটুকু বিস্তার করতে পারেন এ পেসার, তাই এখন দেখার পালা।

৪. গুলশান ঝা - নেপাল (ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিং ১০৫)

আইসিসি পুরুষ বিশ্বকাপ বাছাইপর্বে নেপালের এই অলরাউন্ডার ব্যাটে-বলে ছিলেন দুর্দান্ত। এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টে আলাদা করে নজর থাকবে তাঁর দিকে। অত্যন্ত দ্রুত রান তুলতে পারেন গুলশান। খেলেন আক্রমণাত্মক ভঙ্গিতে। বিশ্বকাপ বাছাইপর্বে অ্যায়ারল্যান্ডের বিপক্ষে তাঁর দ্রুততম অর্ধশতক তারই প্রমাণ। লোয়ার মিডল অর্ডারে নেপালের সবচেয়ে বড় ভরসার নাম গুলশান ঝা।

গুলশান ঝা

নিচের দিকে ব্যাট করার পাশাপাশি বলও করেন। মাঝের ওভারগুলোয় দারুণ কার্যকর ভূমিকা পালন করতে পারেন ডানহাতি এ পেসার। এশিয়া কাপে ব্যাটে বলে জ্বলে উঠলে বিপদ হয়ে উঠতে পারেন যেকোনো দলের জন্য।

৫. রশিদ খান - আফগানিস্তান (ওয়ানডে বোলার র‍্যাঙ্কিং ৪)

আফগানিস্তানের এই তারকা বিশ্বের অন্যতম প্রতিভাবান স্পিনার। এশিয়া কাপে তাঁর দল কেমন পারফরম্যান্স করবে, তা অনেকটা নির্ভর করে রশিদ খানের ওপর। যদিও বেশির ভাগ দল রশিদকে সমঝে চলে। তাঁর ওভারগুলোয় ঝুঁকি না নিয়ে অন্য বোলারদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করেন ব্যাটাসম্যানরা। কিন্তু এখন আফগানিস্তানে বেশ কয়েকজন বিশ্বমানের বোলার আছেন।

রশিদ খান

তাই এক দিনের ম্যাচে আফগানিস্তান আগে ব্যাট করে বড় রান তুললে প্রতিপক্ষের জন্য ত্রাস হয়ে উঠতে পারেন রশিদ খান। ২৪ বছর বয়সী এ বোলার ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন যেকোনো সময়। যেকোনো দলের ব্যাটিং লাইন আপ একাই ধ্বসিয়ে দিতে পারেন তিনি।

মহিশ থিকসানা

৬. মহিশ থিকসানা - শ্রীলঙ্কা (ওয়ানডে বোলার র‍্যাঙ্কিং ২০)

তারকা স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার ফিটনেস নিয়ে প্রশ্ন ওঠায় থিকসানার ওপর বাড়তি চাপ থাকবে। বিশ্বকাপ বাছাইপর্বে ২১ উইকেট নিয়ে ডানহাতি এ বোলার দেখিয়েছেন, ভালোই ফর্মে আছেন তিনি। এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়নরা এ রকম নৈপুণ্যই আশা করবেন ২৩ বছর বয়সী থিকসানার কাছ থেকে। সম্প্রতি লঙ্কান প্রিমিয়ার লিগেও ফর্মে ছিলেন তিনি। নিয়েছেন ৭ উইকেট। তাই প্রতিভাবান এই বোলারকে নিয়ে সব সময় সতর্ক থাকতে হবে।

সূত্র: আইসিসি