জিতলে খেলবে কে?

অলংকরণ: আরাফাত করিম

তোমরা ‘রক পেপার সিজার’ খেলাটার কথা জানো তো? খেলাটা এমন যে দুজন একই সময়ে তাদের মনমতো হাত দিয়ে পাথর কাগজ বা কাঁচি বানাবে। পাথর কাঁচি ভেঙে দেয়। কাঁচি কাগজকে কাটে আর কাগজ পাথরকে মুড়ে দেয়। এদের ক্ষমতা একটা চক্রের মতো।

মালিহা ম্যাডাম তাঁর ক্লাসে পড়াশোনা সহজ করার জন্য শিক্ষার্থীদের তিন ভাগে ভাগ করলেন। নাম দিলেন রক, পেপার, সিজার। যখন উনি একটা প্রশ্ন উত্থাপন করবেন, যে দলের কেউ সঠিক জবাব দেবে, খেলাটার নিয়ম অনুসারে ওই নামের দলের একজন বাদ যাবে। অর্থাৎ রক দলের কেউ উত্তর দিলে সিজার দলের একজন বাদ যাবে। খেলা শুরু করতে না করতেই অর্ঘ্য নামের এক শিক্ষার্থী বলল, ‘ম্যাম, এই খেলা খেলা সম্ভব নয়। কেউ খেলবে না এটা।’ একটু চিন্তা করলে তুমিও বুঝবে, কেন সম্ভব না। সেটাই এই ধাঁধার উত্তর।

উত্তর

যদি কোনো দল উত্তর পারতে থাকে, তখন দুই দলের এক দলের সদস্য কমতে থাকবে এবং একসময়ে শেষ হয়ে যাবে। যার ফলে অন্য দলের সদস্য কমানো আর সম্ভব হবে না। তখন সেই দলই জিতবে। অর্থাৎ সবচেয়ে ভালো বুদ্ধি হলো, কোনো প্রশ্নের জবাব না দিয়ে চুপ থাকা। এমন করলে খেলাটাই ভেস্তে যাবে।