অনুমতি

অলংকরণ: রাকিব রাজ্জাক

তখন আমার শৈশবজীবন কাটছিল। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি ভাইয়া ব্যাগ গুছিয়ে কোথাও যাওয়ার জন্য তৈরি হচ্ছে। ভাইয়া দাদুবাড়ি যাবে শুনে আমিও সঙ্গে যেতে চাইলাম। ভাইয়া বলল, ‘ঠিক আছে, তোমাকে নিয়ে যাব। তার আগে বাবার কাছ থেকে অনুমতি নিয়ে আসো।’ বাবা তখনই বাসা থেকে বের হচ্ছিল। তো আমিও বাবার পিছু পিছু দোকানে চলে গেলাম। আমাকে দেখে বাবা বললেন, ‘তোমাকে কী কিনে দেব?’ তখন আমি স্পষ্ট বললাম, আমাকে অনুমতি কিনে দাও। বাবাও ভাবলেন এটা কোনো চিপস, চকলেট বা খেলনার নাম হবে। বাবা আমাকে বিস্কুট, চকলেট, চিপস এনে দিলেন, কিন্তু এগুলো অনুমতি না। ফলে কিছুতেই আনতে রাজি হলাম না। তখন দোকানের ভেতর ঢুকে খুঁজে খুঁজে আমার প্রত্যাশিত অনুমতি নিয়ে এলাম। আর সেই অনুমতি নামক বস্তুটি হলো কাপড়ে দেওয়ার নীল। বিজয়ীর ভঙ্গিতে সেই অনুমতি নিয়ে এসে দেখি ভাইয়া আমার অনুমতির জন্য অপেক্ষা না করেই চলে গেছে।

লেখক: শিক্ষার্থী, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, ময়মনসিংহ