এখন রাত দুটো।
এই রাত দুপুরেও তোমায় খুব মনে পড়ছে দিদিভাই। তুমিই তো আমার বোন, তুমিই তো আমার ভাই। এই ছোট বোনটাকে ছেড়ে বহুদূর যেতে পারলে তুমি? কী ঝগড়াটাই না হতো তোমার সঙ্গে! তখন প্রায়ই তুমি বলতে, ‘যখন আমি থাকব না, তখন বুঝবি।’ আম্মুর কাছে পড়া না পারলে লুকিয়ে ইশারায় উত্তর বলে দিতে তুমি। তবু খুব হিংসা হতো তোমাকে। তখন তো বুঝিনি, কিন্তু তুমি যাওয়ার পর ঠিক বুঝেছি কতটা স্বার্থপর ছিলাম আমি! আজকাল খুব মনে পড়ে তোমার কথা। খুব দেখতে ইচ্ছে করে তোমাকে। ‘তোমাকে ভালোবাসি দিদিভাই’ এই কথাটা বলার সুযোগ না দিয়েই হারিয়ে গেলে। যেখানেই আছো, ভালো থেকো। ভালো থেকো দিদিভাই।