গত রাত থেকে শরীরটা খারাপ করছিল খুব। শরীর খারাপ নিয়েই ঘুমোতে গেলাম। সকালে বাজারেও গেলাম বাবার সঙ্গে। বাজার থেকে ফেরার পথে দেখলাম, পাশের বিল্ডিং থেকে একজন ভদ্রমহিলা সাদা অ্যাপ্রোন পরে বের হচ্ছেন। শিগগিরই বাসায় গিয়ে মাকে বললাম, ‘ডাক্তারের খোঁজ পেয়েছি।’ দৌড়ে মাকে নিয়ে বাইরে এসে অ্যাপ্রোন পরা সেই ভদ্রমহিলাকে চেপে ধরলাম। মা ওনাকে দেখে বলে উঠল, ‘কাল রাত থেকে বাবুর শরীরটা ভালো নেই, দেখুন তো কী হয়েছে?’ ভদ্রমহিলা এতটাই অবাক হলেন যে মুখ দিয়ে একটি কথাও বেরোল না। একটা ছোট ফুটফুটে বাচ্চা স্কুলব্যাগ কাঁধে পেছন থেকে হাসতে হাসতে এসে বলল, ‘আপু, আমার মা তো টিচার।’ মা আর আমি খুবই অপ্রস্তুত হয়ে গেলাম। পরের বছর উনিই আমার ক্লাস টিচার হলেন। প্রথম ক্লাসে ওনাকে দেখেই আমি চিৎকার করে বললাম, ‘আরে ডাক্তার আপা, আপনি?’